logo

দ্য ইকোনমিস্ট/বাংলাদেশ আর উন্নয়নের ঈর্ষণীয় সাফল্যের দেশ নয়

বাংলাদেশ আর উন্নয়নের ঈর্ষণীয় সাফল্যের দেশ নয়
পোশাকশ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে আন্দোলন করছেন। ছবি: রয়টার্স

বাংলাদেশের ব্যাংকিং খাতের সংকট এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক আমানতকারী নিজেদের জমানো টাকাও তুলতে পারছেন না। খেলাপি ঋণের পরিমাণ বেড়ে যাওয়ায় বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার একটি বড় অংশ দেউলিয়া হওয়ার দ্বারপ্রান্তে রয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে অর্থনৈতিক প্রবৃদ্ধির ধীরগতি, মূল্যস্ফীতির চাপ ও রাজনৈতিক অস্থিরতা। এমন পরিস্থিতিতে একসময় উন্নয়নের বিস্ময়কর উদাহরণ হিসেবে পরিচিত বাংলাদেশের অর্থনৈতিক অর্জন হুমকির মুখে পড়েছে।

ব্রিটিশ সাময়িকী দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে এসব বিষয় তুলে ধরা হয়েছে। গত সোমবার (১৬ নভেম্বর) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংকিং খাতের দুরবস্থা বাংলাদেশের অর্থনীতির পাশাপাশি রাজনৈতিক পরিস্থিতির ওপরও চাপ তৈরি করছে।

Advertisement

প্রতিবেদনে ঢাকার একটি ক্যাফের মালিকের (ছদ্মনাম) অভিজ্ঞতা তুলে ধরা হয়েছে। একান্ত নামের ওই ব্যক্তি এক বছর ধরে ব্যাংকে জমা রাখা টাকা তুলতে পারছেন না। প্রতিবার ব্যাংকের শাখায় গিয়ে কোনো সন্তোষজনক উত্তর পাননি তিনি। শুধু জানানো হয়েছে, ব্যাংকে তারল্যসংকট চলছে। তার মতো অন্তত ছয়টি ব্যাংকের আমানতকারীরা অভিযোগ করেছেন, সন্তানদের বিয়ে কিংবা মা-বাবার দাফন কাফনের সময়ও নিজেদের জমানো টাকা তুলতে পারছেন না।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের ব্যাংকিং ব্যবস্থার বড় একটি অংশ এখন দেউলিয়া হওয়ার ঝুঁকিতে। এর পেছনে শেখ হাসিনার ১৫ বছরের শাসনামলে ব্যাংক থেকে অর্থ লুটপাটের ভূমিকা রয়েছে। ২০২৪ সালে শিক্ষার্থীদের নেতৃত্বে গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হওয়ার আগে টানা ১৫ বছর দেশ শাসন করে তার সরকার। দুর্নীতির কারণে ব্যাংকগুলোতে বিপুল পরিমাণ খেলাপি ঋণ জমেছে, যার বড় অংশ আর আদায় হওয়ার সম্ভাবনা নেই। ব্যাংকের মালিকানা ও পরিচালনার সঙ্গে যুক্ত প্রভাবশালী ব্যবসায়ীদের কেউ কারাগারে, আবার কেউ দেশ ছেড়ে পালিয়েছেন।

প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশের ব্যাংক খাতের মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশ এখন খেলাপি। ভারতে এ হার ১ দশমিক ৭ শতাংশ এবং পাকিস্তানে ৫ শতাংশ। ব্যাংকিং খাতের ঝুঁকিভিত্তিক সম্পদের বিপরীতে মূলধনের অনুপাতও ঋণাত্মক ৩ দশমিক ৮ শতাংশে নেমেছে। অর্থাৎ সামগ্রিকভাবে ব্যাংক খাতের মূলধন এখন ঋণাত্মক অবস্থায় রয়েছে।

বিশ্বের অষ্টম জনবহুল দেশ বাংলাদেশে প্রায় ১৮ কোটি মানুষের বসবাস। স্বাধীনতার পর দারিদ্র্য, বন্যা ও সীমিত রপ্তানি সক্ষমতার কারণে দেশটিকে একসময় চরম দুর্দশাগ্রস্ত হিসেবে বিবেচনা করা হতো। ১৯৭১ সালে স্বাধীনতার সময় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের কর্মকর্তারা বাংলাদেশকে ‘তলাবিহীন ঝুড়ি’ বলে বর্ণনা করেছিলেন।

কিন্তু পরবর্তী কয়েক দশকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, দারিদ্র্য হ্রাস, স্বাস্থ্যসেবা ও শিক্ষার উন্নয়নে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করে বাংলাদেশ। দুর্বল শাসনব্যবস্থা ও প্রাতিষ্ঠানিক সীমাবদ্ধতা সত্ত্বেও দেশটি উন্নয়নের একটি বিস্ময়কর উদাহরণ হয়ে ওঠে। তবে রাজনৈতিক অস্থিরতা ও সামরিক অভ্যুত্থানের মধ্য দিয়ে বারবার ক্ষমতার পালাবদল ঘটেছে।

নতুন নির্বাচিত সরকারও এখন নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠায় চ্যালেঞ্জের মুখে রয়েছে। ফেব্রুয়ারির নির্বাচনে জয়ী হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) অন্তর্বর্তী সরকারের স্থলাভিষিক্ত হয়েছে। ক্ষমতায় আসার পর থেকেই দলটিকে ব্যাংকিং খাতের সংকট, তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের চ্যালেঞ্জ মোকাবিলা করতে হচ্ছে।

প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফেরার পরিকল্পনার কথা জানানোর পর রাজধানীতে ৫০টির বেশি ককটেল বা হাতবোমার বিস্ফোরণ ঘটেছে। এসব ঘটনার পেছনে আওয়ামী লীগ রয়েছে বলে অভিযোগ করেছে সরকার। রক্তক্ষয়ী দমন-পীড়নে ভূমিকার জন্য মৃত্যুদণ্ড পাওয়া শেখ হাসিনা দেশে ফিরলে নতুন সরকারের বিরুদ্ধে প্রতিবাদের কেন্দ্রবিন্দু হয়ে উঠতে পারেন।

বাংলাদেশের ব্যাংকিং খাত দেশটির অর্থনীতি ও রাজনীতির সংযোগস্থল। অর্থনীতিবিদ দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, শেখ হাসিনার শাসনামলে ব্যাংক লুটপাটের যে ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে গড়ে উঠেছিল, এখন সেটির মোকাবিলা করতে হচ্ছে।

খেলাপি ঋণের বড় অংশ জমেছে দুই ধরনের ব্যাংকে। এর একটি হলো ইসলামি ব্যাংকিং ব্যবস্থায় পরিচালিত ব্যাংক, অন্যটি রাষ্ট্রায়ত্ত ব্যাংক। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন। আওয়ামী লীগের ঘনিষ্ঠ ব্যক্তিদের এসব ব্যাংকের শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। তবে দেশের সাধারণ বাণিজ্যিক ব্যাংকগুলোর পরিস্থিতি তুলনামূলক ভালো।

এর অন্যতম উদাহরণ ইসলামী ব্যাংক। বাংলাদেশের অন্যতম বৃহৎ এই ব্যাংকের সঙ্গে একসময় জামায়াতে ইসলামীর সম্পর্ক ছিল। আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাংকটির বিরুদ্ধে সন্ত্রাসে অর্থায়নের অভিযোগ আনা হয়েছিল, যা জামায়াত অস্বীকার করে। পরে এস আলম গ্রুপ জোরপূর্বক ব্যাংকটির নিয়ন্ত্রণ নেয়।

এস আলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলম মাসুদ শেখ হাসিনার ঘনিষ্ঠ মিত্র ছিলেন। পরবর্তী সময়ে ব্যাংকটির মোট ঋণের প্রায় অর্ধেক এস আলম গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের নামে দেওয়া হয়। শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর সিঙ্গাপুরের নাগরিক সাইফুল আলম মাসুদকে আর প্রকাশ্যে দেখা যায়নি। জামায়াতে ইসলামীর দাবি, ব্যাংকটির নিয়ন্ত্রণ আওয়ামী লীগের পছন্দের ব্যক্তিদের হাতে তুলে দিতেই শুরুতে এসব অভিযোগ সাজানো হয়েছিল। তবে সাইফুল আলম মাসুদ কোনো ধরনের অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন।

খেলাপি ঋণের পরিমাণ বৃদ্ধির পেছনে ব্যাংকিং খাতে স্বচ্ছতা বাড়ার বিষয়টিও রয়েছে। ২০১৯ সালে বাংলাদেশ ব্যাংক ঋণগ্রহীতাদের বিশেষ সুবিধা দেয়। ওই সুবিধার আওতায় ঋণগ্রহীতারা বকেয়া ঋণের মূল টাকার মাত্র ২ শতাংশ পরিশোধ করে বাকি অর্থ পরিশোধ এক বছরের জন্য স্থগিত রাখার সুযোগ পান। পাশাপাশি বাকি ঋণ পরিশোধে ১০ বছর সময় দেওয়া হয়। এই ২ শতাংশ অর্থ পরিশোধের পর ঋণগুলো আর খেলাপি হিসেবে গণ্য হতো না।

২০২০ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) সতর্ক করেছিল, বাংলাদেশে প্রকৃত খেলাপি ঋণের পরিমাণ সরকারি হিসাবের প্রায় দ্বিগুণ হতে পারে। তখন সরকারি হিসাবে খেলাপি ঋণের হার ছিল প্রায় ১০ শতাংশ।

২০২৫ সালে অন্তর্বর্তী সরকারের সময় খেলাপি ঋণের সংজ্ঞায় পরিবর্তন আনা হয়। আন্তর্জাতিক মান অনুসরণ করে ৯০ দিন বকেয়া থাকা ঋণকেও খেলাপি হিসেবে গণ্য করা শুরু হয়। এর ফলে বর্তমানে খেলাপি ঋণের হার বেড়ে দাঁড়িয়েছে ৩৩ শতাংশে।

ব্যাংকিং খাতের সংকট দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। ২০২৫ সালে বেসরকারি খাতে ঋণ প্রবৃদ্ধি ছিল প্রায় ১০ শতাংশ। চলতি বছর তা কমে ৪ দশমিক ৫ শতাংশে নেমেছে, যা ৩৩ বছরের মধ্যে সর্বনিম্ন। চলতি বছর বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি হতে পারে মাত্র ৩ দশমিক ৭ শতাংশ। শেখ হাসিনার পতনের আগে প্রবৃদ্ধির হার সাধারণত ৬ দশমিক ৫ শতাংশের কাছাকাছি ছিল। যদিও অন্তর্বর্তী সরকার বলেছিল, আগের প্রবৃদ্ধির হিসাব অতিরঞ্জিত ছিল।

তবে অর্থনীতির ধীরগতির পেছনে শুধু ব্যাংকিং সংকট দায়ী নয়। ইরান যুদ্ধের শুরুর দিকে জ্বালানি সংকটের কারণে অনেক কারখানা বন্ধ রাখতে হয়েছিল। বর্তমানে শ্রমিক অসন্তোষ ও ধর্মঘটের কারণে উৎপাদন ব্যাহত হচ্ছে। বিশ্বব্যাংকের আশঙ্কা, ২০২৬ সালে টানা তৃতীয় বছরের মতো দেশে দারিদ্র্যের হার বাড়তে পারে। কয়েক দশক ধরে দারিদ্র্য কমার যে প্রবণতা ছিল, এটি তার বিপরীত চিত্র।

এ পর্যন্ত ব্যাংকগুলোকে জরুরি সহায়তা হিসেবে ৬২০ কোটি ডলার দিয়েছে বাংলাদেশ ব্যাংক। দেশটির মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ১ দশমিক ২ শতাংশের সমান এই অর্থ। তবে সংকট সামাল দিতে তা যথেষ্ট হবে না বলে মনে করা হচ্ছে। ঋণমান নির্ধারণকারী সংস্থা মুডিসের হিসাবে, আগামী কয়েক বছরে ব্যাংকিং খাতে নতুন করে মূলধন জোগাতে জিডিপির ১০ শতাংশের সমপরিমাণ অর্থ প্রয়োজন।

নতুন সরকারও ব্যাংকিং খাতের সংকট সমাধানে ধীরগতিতে এগোচ্ছে। গত জুনে আর্থিক সংকটে থাকা কিছু ঋণগ্রহীতার জন্য ঋণ পুনঃতপশিলের সুযোগ চালু করা হয়েছে। নতুন একটি নিয়মে ব্যাংকগুলোর ঋণের সুদের হার নির্ধারণের ওপরও সীমা আরোপ করা হয়েছে। ফলে ঋণের ঝুঁকি বিবেচনায় নিয়ে যথাযথ সুদ নির্ধারণের সুযোগ কমেছে।

তবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সরকার সমস্যাকে ভবিষ্যতের জন্য ফেলে রাখছে না। ব্যাংকগুলোর আর্থিক বিবরণী স্বচ্ছ করার চেষ্টা চলছে। কোনো ভালো সম্পদকে সহায়তা দেওয়া প্রয়োজন হলে এবং ঋণ পরিশোধে কিছুটা সময় বাড়ালে তা সম্ভব হলে সরকার সেই সুযোগ দেবে।

দ্য ইকোনমিস্টের প্রতিবেদনে বলা হয়েছে, বিদেশ থেকে বড় ধরনের আর্থিক সহায়তা না এলে সংকটে থাকা ব্যাংকগুলোকে নতুন মূলধন জোগানোর মতো পর্যাপ্ত অর্থ সরকারের হাতে নেই। ব্যাপক কর ফাঁকির কারণে সরকারের রাজস্ব আয়ও কম। বাংলাদেশ জিডিপির মাত্র ৭ শতাংশের সমপরিমাণ রাজস্ব সংগ্রহ করে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে এ হার কম। উদাহরণ হিসেবে পাকিস্তান জিডিপির প্রায় ১০ শতাংশ রাজস্ব সংগ্রহ করে।

এদিকে খাদ্য ও জ্বালানিতে ভর্তুকিসহ বিভিন্ন খরচ মেটাতে সরকার জিডিপির ৩ দশমিক ৩ শতাংশের সমপরিমাণ বাজেট ঘাটতিতে রয়েছে। ফলে ব্যয় নির্বাহে সরকারকে ব্যাংকের ওপর নির্ভর করতে হচ্ছে। মূলত বেসরকারি ও তুলনামূলক শক্তিশালী ব্যাংকগুলো থেকে ঋণ নিচ্ছে সরকার। অন্যদিকে বাংলাদেশ ব্যাংকের জরুরি তারল্য সহায়তাও বাজারে অর্থের সরবরাহ বাড়াচ্ছে, যার প্রভাব পড়ছে মূল্যস্ফীতিতে।

সব মিলিয়ে বাংলাদেশের অর্থনীতিতে প্রবৃদ্ধির গতি কমার পাশাপাশি মূল্যস্ফীতির চাপ বাড়ছে। দেশের অর্থনৈতিক সংকট থেকে উত্তরণের বিষয়টি এখন রাজনৈতিক স্থিতিশীলতার সঙ্গেও জড়িয়ে গেছে।

একজন অর্থনীতিবিদ দ্য ইকোনমিস্টকে বলেন, বিএনপির সঙ্গে সম্পর্কিত প্রভাবশালী ব্যবসায়ীরা গত ১৫ বছর ক্ষমতার বাইরে ছিলেন। এখন তারাও ব্যাংক থেকে অর্থ লুটপাটের সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকতে পারেন। এতে ব্যাংকিং খাত সংস্কারের উদ্যোগ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি নতুন একদল সুবিধাভোগী তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশের সাবেক এক সরকারি কর্মকর্তার বক্তব্য উদ্ধৃত করে প্রতিবেদনটির শেষাংশে বলা হয়েছে, ‘মৌলিকভাবে বাংলাদেশের কিছুই বদলায়নি।’