logo

মামদানির গ্রেপ্তারি হুমকি, যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু

জেরুজালেম পোস্ট
জেরুজালেম পোস্ট
সিএনএন
সিএনএন
মামদানির গ্রেপ্তারি হুমকি, যুক্তরাষ্ট্র সফর সংক্ষিপ্ত করলেন নেতানিয়াহু
নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি (বামে) ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ডানে)। ছবি: ফক্স নিউজ

জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে বরাবরের মতো এই সফর কয়েক দিনের না করে সংক্ষিপ্ত করেছেন তিনি। সফরের সার্বিক কর্মসূচিতে ব্যাপক কাটছাঁট করেছেন। এমনকি নিউইয়র্ক সফরে এবার ইসরায়েলি প্রধানমন্ত্রী রাত্রিযাপনও করবেন না। যদিও পরিকল্পনা অনুযায়ী, তার এই সফরটি কয়েক দিনব্যাপী হওয়ার কথা ছিল।

তবে নিউইয়র্ক শহরজুড়ে সম্ভাব্য তীব্র বিক্ষোভের আশঙ্কাই তার এই আকস্মিক সফর সংক্ষিপ্ত করার প্রধান কারণ হিসেবে দেখা হচ্ছে। এ ছাড়াও গুরুত্বপূর্ণ কারণ হিসেবে বিবেচনা করা হচ্ছে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির দেওয়া গ্রেপ্তারের হুমকির বিষয়টিও।

ইসরায়েলি সংবাদমাধ্যম জেরুজালেম পোস্টের প্রতিবেদন অনুযায়ী, সফরসূচি অনুযায়ী বুধবার (২৩ সেপ্টেম্বর) যুক্তরাষ্ট্রের উদ্দেশে রওনা হবেন প্রধানমন্ত্রী নেতানিয়াহু। পরদিন নিউইয়র্ক সময় দুপুর ২টায় অর্থাৎ ইসরায়েলি সময় রাত নটায় জাতিসংঘে তার বক্তব্য দেওয়ার কথা রয়েছে। সংশ্লিষ্ট কূটনৈতিক কর্মকর্তারা নিশ্চিত করেছেন যে তার এই ভাষণে মূলত ইরান প্রসঙ্গ সর্বাধিক গুরুত্ব পাবে এবং বক্তব্যে কিছু চমকপ্রদ বিষয় উপস্থাপন করা হতে পারে।

তবে ভাষণ শেষ করে যুক্তরাষ্ট্রে দেরি করবেন না নেতানিয়াহু। নিউইয়র্কে কোনো রাতও কাটাবেন না। সেদিন সন্ধ্যার মধ্যেই তিনি ইসরায়েলের উদ্দেশে রওনা হবেন। নিরাপত্তা ও পরিস্থিতির কারণে এবার তার এই সফরে কোনো গণমাধ্যমকর্মী বা সাংবাদিককেও সঙ্গে রাখা হচ্ছে না।

নিরাপত্তাজনিত কারণে নেতানিয়াহুর সরকারি বিমান উইং অব জিওন নিউইয়র্কের জন এফ কেনেডি আন্তর্জাতিক বিমানবন্দরের বদলে নিউ জার্সির একটি সামরিক বিমানঘাঁটি অথবা নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার সিদ্ধান্ত হয়েছে।

মার্কিন কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয়ের জটিলতা ও মেয়র জোহরান মামদানিকে ঘিরে সম্ভাব্য বৈরী পরিস্থিতি এড়াতেই এই বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া সফরে টেক্সাসে যাত্রা বিরতি করে প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের সঙ্গে পূর্বনির্ধারিত একটি বৈঠক করার পরিকল্পনা থাকলেও তা বাতিল করা হয়েছে।

একজন দায়িত্বশীল ইসরায়েলি কর্মকর্তা সংবাদমাধ্যমটিকে জানিয়েছেন, জ্বালানি সংগ্রহের জন্য অতিরিক্ত বিরতির প্রয়োজন এবং শেষ মুহূর্তের এই ব্যবস্থাপনায় মার্কিন পক্ষের অনাগ্রহের কারণেই মাস্কের সঙ্গে বৈঠকটি বাতিল করতে হয়েছে।

চলতি সফরে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গেও নেতানিয়াহুর কোনো আনুষ্ঠানিক দ্বিপক্ষীয় বৈঠক নির্ধারিত নেই। তবে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে তার সংক্ষিপ্ত বৈঠকের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। অন্যদিকে সাধারণ পরিষদে উপস্থিত অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে বৈঠকের কূটনৈতিক তৎপরতা চললেও সময় স্বল্পতার কারণে তা চূড়ান্ত করা অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। নিউইয়র্কের মেয়র সোমবার (২১ সেপ্টেম্বর) ফিসিয়াল বাসভবন ‘গ্রেসি ম্যানশনে’ ট্রাম্পের সঙ্গে একটি রুদ্ধদ্বার বৈঠক করছেন।

বৈঠক শেষে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের জ্যেষ্ঠ সাংবাদিক ক্রিস্টিয়ান আমানপুরকে দেওয়া বিশেষ সাক্ষাৎকারে নেতানিয়াহুকে পুনরায় যুদ্ধাপরাধী ও গণহত্যার স্থপতি হিসেবে আখ্যা দেন মামদানি। গাজায় হাজার হাজার ফিলিস্তিনিকে হত্যার দায়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানি জারি করেছিল আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)। এর আওতায়ও রয়েছেন দেশটির সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টও।

নেতানিয়াহুর বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করলেও বাস্তবতার কথা স্বীকার করে মামদানি বলেন, মেয়র নির্বাচনী প্রচারণার সময় আন্তর্জাতিক আদালতের পরোয়ানা কার্যকর করে নেতানিয়াহুকে নিউইয়র্ক পুলিশের মাধ্যমে সরাসরি গ্রেপ্তার করার যে রাজনৈতিক প্রতিশ্রুতি তিনি দিয়েছিলেন, স্থানীয় মেয়র হিসেবে সেই আইনি বা প্রশাসনিক এখতিয়ার তার নেই। তবে তিনি আইসিসির সিদ্ধান্তকে সম্মান জানিয়ে মার্কিন প্রশাসনসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে এই বিচারপ্রক্রিয়া বাস্তবায়নের আহ্বান জানান।

সাক্ষাৎকারে প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক ও মতপার্থক্য প্রসঙ্গে মামদানি জানান, হোয়াইট হাউস থেকে নির্দিষ্ট কিছু মূলধারার গণমাধ্যমকে (সিএনএন, পলিটিকো, এমএস নাউ) নিষিদ্ধ করার প্রেসিডেন্সিয়াল সিদ্ধান্তের সঙ্গে তিনি স্পষ্ট দ্বিমত পোষণ করেছেন। সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর জোর দিয়ে মামদানি মার্কিন প্রেসিডেন্টকে সরাসরি জানিয়ে দেন যে, নিউইয়র্ক সিটিতে বা মেয়র ভবনের কোনো অনুষ্ঠানে সাংবাদিকদের প্রবেশে এ ধরনের কোনো নিষেধাজ্ঞা থাকবে না।