logo

আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ: আইজেনকোট

আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ: আইজেনকোট
ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকোট। ছবি: রয়টার্স

ইসরায়েলের আরব নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংস প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে বিদায়ী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে। দেশটির প্রধানমন্ত্রী পদপ্রত্যাশী গাদি আইজেনকোট বলেছেন, আরব নাগরিকেরা ইসরায়েলের ইতিহাস ও সমাজের অবিচ্ছেদ্য অংশ। রাজনৈতিক স্বার্থে একটি জনগোষ্ঠীকে প্রান্তিক করে দেওয়ার চেষ্টা রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড।

শুক্রবার (১৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক দীর্ঘ পোস্টে এসব কথা বলেন আইজেনকোট।

তিনি অভিযোগ করেন, নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকেই নেতানিয়াহু ও তার ঘনিষ্ঠ মহল রাজনৈতিক স্বার্থে ইসরায়েলের আরব নাগরিকদের বিরুদ্ধে বর্ণবাদী ও সহিংসভাবে তাদের বৈধতা অস্বীকারের প্রচারণা চালাচ্ছেন।

আইজেনকোট বলেন, ইসরায়েলের মোট জনসংখ্যার ২১ শতাংশ আরব নাগরিক। প্রধানমন্ত্রী শুধু তাকে ভোট দেওয়া মানুষের নন, বরং সব নাগরিকের প্রধানমন্ত্রী। তাই কোনো জনগোষ্ঠীকে সামগ্রিকভাবে কলঙ্কিত করার চেষ্টা গ্রহণযোগ্য নয়।

তিনি আরও বলেন, আরব দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে মতবিরোধ থাকতে পারে, এমনকি তাদের কারও প্রতি গভীর বিরূপ মনোভাবও থাকতে পারে। কিন্তু এ কারণে পুরো একটি জনগোষ্ঠীকে অপবাদ দেওয়া যায় না।

গত ২৭ অক্টোবরের নির্বাচনে আইজেনকোটের নেতৃত্বাধীন চার দলের জোট ৪৮টি আসন পেয়েছে। অন্যদিকে নেতানিয়াহুর ডানপন্থী ও ধর্মীয় দলগুলোর জোট পেয়েছে ৫৩টি আসন। সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন কোনো পক্ষই নিশ্চিত করতে পারেনি। নির্বাচনে আরব নেতৃত্বাধীন দলগুলো রেকর্ড ১৯টি আসন লাভ করে।

নেতানিয়াহু আরব সংখ্যাগরিষ্ঠ দলগুলোর বিরুদ্ধে নির্বাচনী জালিয়াতির অভিযোগ তুললেও ইসরায়েলের নির্বাচন কর্তৃপক্ষ তা প্রত্যাখ্যান করেছে। এ ছাড়া ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলার পর আরব দলগুলোর নেতারা হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করতে অস্বীকৃতি জানিয়েছেন বলে সমালোচনা করে আসছেন তিনি। তবে দলগুলোর নেতারা ওই হামলার নিন্দা জানিয়েছিলেন।

আরব নেতৃত্বাধীন দলগুলো সরকার গঠনের ক্ষেত্রে আইজেনকোটকে সমর্থন দিয়েছে। তাদের সমর্থন পেলে তার জোটের আসনসংখ্যা দাঁড়াবে ৬৭-তে। তবে এসব দলের সঙ্গে সরাসরি জোট সরকার গঠনের সম্ভাবনা নাকচ করেছেন তিনি। অন্যদিকে উগ্র-অর্থডক্স দুই দল ইউনাইটেড তোরাহ জুডায়িজম ও শাসের সমর্থন পেলে তার জোট ৬১টি আসন নিয়ে সরকার গঠন করতে পারবে।

এদিকে জরুরি ঐক্য সরকার গঠনের প্রচেষ্টার কথা পুনর্ব্যক্ত করে আইজেনকোট জানিয়েছেন, যত দ্রুত সম্ভব সরকার গঠনের দায়িত্ব সম্পন্ন করতে চান তিনি। এ ক্ষেত্রে ব্যর্থ হওয়াকে গুরুতর ভুল বলে উল্লেখ করেছেন তিনি।

ইরানে নতুন হামলার বিষয়ে সতর্কবার্তা

রাজনৈতিক চাপের মধ্যে ইরানে নতুন করে সামরিক হামলার বিষয়টি বিবেচনা করছেন নেতানিয়াহু বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ বিষয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েলের সামরিক নেতৃত্ব এবং আইজেনকোটের আগ্রহ কম বলে জানা গেছে।

আইজেনকোট সতর্ক করে বলেছেন, অত্যন্ত জরুরি পরিস্থিতি তৈরি না হলে ইরানকে ঘিরে নতুন কোনো সামরিক উত্তেজনা সৃষ্টি করা উচিত হবে না।

শুক্রবারের পোস্টে তিনি জানান, বৃহস্পতিবার নেতানিয়াহু ও তার সামরিক সচিবের সঙ্গে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বৈঠক করেছেন। তবে বৈঠকে কী আলোচনা হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি।

এর আগে সপ্তাহের শুরুতে আইজেনকোট জানিয়েছিলেন, নেতানিয়াহুকে তার নেতৃত্বাধীন জোট সরকারে অন্তর্ভুক্ত করার বিষয়েও তিনি আগ্রহী। এমনকি নেতানিয়াহুর উগ্র ডানপন্থী অর্থমন্ত্রী বেজালেল স্মোত্রিচকেও জোটে স্বাগত জানানোর ইঙ্গিত দেন তিনি।

উল্লেখ্য, ২০১৫ থেকে ২০১৯ সাল পর্যন্ত ইসরায়েলের সেনাপ্রধানের দায়িত্ব পালন করেন গাদি আইজেনকোট। ২০২৩ সালের অক্টোবরে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর প্রথম আট মাস তিনি নেতানিয়াহুর যুদ্ধকালীন মন্ত্রিসভায় পর্যবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট