logo

ইসরায়েলপন্থি প্রার্থীকে টেক্কা দিয়ে সিনেট প্রাইমারিতে মুসলিম চিকিৎসকের জয়

সুলায়মান আল মাহমুদ
সুলায়মান আল মাহমুদ, মিশিগান (যুক্তরাষ্ট্র)
ইসরায়েলপন্থি প্রার্থীকে টেক্কা দিয়ে সিনেট প্রাইমারিতে মুসলিম চিকিৎসকের জয়
মিশরীয় বংশোদ্ভূত আমেরিকান মুসলিম চিকিৎসক ডা. আবদুল আল সাইয়েদ। ছবি: ভিডিও থেকে নেওয়া

যুক্তরাষ্ট্রের মিশিগান থেকে উঠে এসেছে এমন এক রাজনৈতিক বার্তা, যা এখন জাতীয় রাজনীতির কেন্দ্রবিন্দু। ডেমোক্রেটিক পার্টির সিনেট প্রাইমারিতে জয় পেয়েছেন ডা. আবদুল আল সাইয়েদ।

মিশিগানের ডেমোক্রেটিক সিনেট প্রাইমারিতে জয়ী হয়ে জাতীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছেন মিশরীয় বংশোদ্ভূত আমেরিকান মুসলিম চিকিৎসক ডা. আবদুল আল সাইয়েদ। এই জয় শুধু একজন প্রার্থীর বিজয় নয়; বরং বিপুল অর্থনির্ভর নেতিবাচক প্রচারণার বিরুদ্ধে ভোটারদের স্পষ্ট অবস্থানেরও প্রতিফলন।

বিশ্লেষকদের মতে, তার এই জয়কে শুধু একটি নির্বাচনী সাফল্য নয়, বরং যুক্তরাষ্ট্রের অন্যতম প্রভাবশালী ইসরায়েলপন্থি লবিং গ্রুপ এআইপ্যাক-এর জন্য বড় রাজনৈতিক ধাক্কা।

প্রতিদ্বন্দ্বী প্রার্থী হেইলি স্টিভেন্সের পক্ষে প্রায় ৩ কোটি ডলারেরও বেশি ব্যয় করে ব্যাপক প্রচারণা চালানো হলেও শেষ পর্যন্ত ভোটারদের রায় গেছে আল সাইয়েদের পক্ষেই। আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ও সাবেক কংগ্রেস সদস্য মাইক রজার্সের মুখোমুখি হবেন আল সাইয়েদ।

যুক্তরাষ্ট্রের সিনেটের নিয়ন্ত্রণ নির্ধারণে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কয়েকটি আসন রয়েছে, মিশিগানের এই আসন তাদের অন্যতম। ফলে নভেম্বরের এই লড়াইয়ের দিকে তাকিয়ে থাকবে পুরো আমেরিকা। আর যদি সেই নির্বাচনেও জয়ী হন, তবে যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হওয়ার নতুন ইতিহাস গড়বেন তিনি।

নির্বাচনী প্রচারণাজুড়ে আল সাইয়েদকে ঘিরে চলেছে ব্যাপক নেতিবাচক বিজ্ঞাপন। সমালোচকদের অভিযোগ, সেখানে নীতি, অর্থনীতি কিংবা জনকল্যাণের চেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তার পরিচয় একজন আরব-আমেরিকান মুসলিম হিসেবে তাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করা হয়েছে। কিন্তু শেষ পর্যন্ত ভোটাররা সেই প্রচারণা প্রত্যাখ্যান করে ব্যালটের মাধ্যমে ভিন্ন বার্তাই দিয়েছেন।

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে আল সাইয়েদ প্রকাশ্যে ‘গণহত্যা’ বলে অভিহিত করেছেন। তার মতে, যুদ্ধের পেছনে অর্থ ব্যয় না করে সেই অর্থ যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা, আবাসন ও অবকাঠামো উন্নয়নে বিনিয়োগ করা উচিত।

এদিকে আল সাইয়েদের বিজয়ে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে মিশিগানের বাংলাদেশি কমিউনিটিতেও। সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনন্দন জানানোর পাশাপাশি অনেকেই নভেম্বরের নির্বাচনে তার পক্ষে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।

বিজয় উদযাপনে আয়োজিত এক তাৎক্ষণিক সমাবেশে মিষ্টিমুখের মধ্য দিয়ে ভবিষ্যত নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন বাংলাদেশি কমিউনিটির ক্যাম্পেইন সদস্যরা।

কমিউনিটির দায়িত্বশীলদের অনেকেই বলেন, এটি শুধু একজন প্রার্থীর জয় নয়; বরং অর্থশক্তি, বিভাজনমূলক প্রচারণা ও পরিচয়ভিত্তিক রাজনীতির বিরুদ্ধে ভোটারদের শক্তিশালী জবাব। তাদের অনেকেই আব্দুল আল সাইয়েদকে আখ্যা দিয়েছেন মানবতার কণ্ঠস্বর হিসেবে।

এদিকে আব্দুল আল সাইয়েদকে অভিনন্দন জানিয়েছেন মিশিগানের গভর্নর গ্রেচেন হুইটমার। তিনি নভেম্বরের সাধারণ নির্বাচনে ডেমোক্রেটিক প্রার্থীর পাশে থাকার প্রত্যয়ও ব্যক্ত করেছেন। এখন প্রশ্ন একটাই প্রাইমারির এই জয় কি নভেম্বরে নতুন ইতিহাস রচনার পথ খুলে দেবে? সেই উত্তর মিলবে আর কয়েক মাস পরই।