জমকালো আয়োজনে দুবাইয়ে গ্লোবাল ভিলেজের ৩১তম আসরের উদ্বোধন

বিশ্বের নানা দেশের সংস্কৃতি, ঐতিহ্য, খাবার ও বিনোদনের সমাহার নিয়ে দুবাইয়ের জনপ্রিয় পর্যটনকেন্দ্র গ্লোবাল ভিলেজের ৩১তম আসরের যাত্রা শুরু হয়েছে। বুধবার (১৪ অক্টোবর) জমকালো উদ্বোধনী আয়োজনের মধ্য দিয়ে নতুন মৌসুমের সূচনা হয়। এবারের আসর চলবে ২০২৭ সালের মে মাস পর্যন্ত।
দুবাইয়ের অন্যতম আকর্ষণীয় এই বিনোদন ও পর্যটনকেন্দ্রটি দীর্ঘদিন ধরে স্থানীয় বাসিন্দা, প্রবাসী ও বিশ্বের বিভিন্ন দেশ থেকে আসা পর্যটকদের কাছে বিশেষ জনপ্রিয়। এখানে একই স্থানে বিভিন্ন দেশের সংস্কৃতি, ঐতিহ্যবাহী পণ্য, আন্তর্জাতিক খাবার, কেনাকাটা এবং নানা ধরনের বিনোদন উপভোগের সুযোগ রয়েছে।
গ্লোবাল ভিলেজের ৩১তম আসরে ৯০টিরও বেশি সংস্কৃতির প্রতিনিধিত্বকারী ২৯টি প্যাভিলিয়ন, সাড়ে তিন হাজারের বেশি কেনাকাটার স্টল, ২৫০টিরও বেশি খাবারের আয়োজন এবং বিভিন্ন ধরনের রাইড ও বিনোদনমূলক আকর্ষণ রাখা হয়েছে। পাশাপাশি দর্শনার্থীদের জন্য থাকছে হাজারো লাইভ শো, সাংস্কৃতিক পরিবেশনা ও বিশেষ বিনোদন আয়োজন।
এবারের মৌসুমে নতুন আকর্ষণের পাশাপাশি পরিচিত আয়োজনগুলোও নতুনভাবে উপস্থাপন করা হচ্ছে। পরিবার ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটানো, বিভিন্ন দেশের সংস্কৃতি সম্পর্কে জানা এবং বৈচিত্র্যময় খাবারের স্বাদ নেওয়ার সুযোগ থাকছে দর্শনার্থীদের জন্য।
১৯৯৭ সালে যাত্রা শুরু করা গ্লোবাল ভিলেজ তিন দশকের বেশি সময় ধরে দুবাইয়ের পর্যটন, সংস্কৃতি ও বিনোদন অঙ্গনে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। বিভিন্ন দেশের মানুষের মধ্যে সাংস্কৃতিক বিনিময় ও পারস্পরিক পরিচিতি বৃদ্ধিতেও এ আয়োজন ভূমিকা রাখছে।
নতুন মৌসুমকে ঘিরে দর্শনার্থীদের জন্য প্রবেশ, পার্কিং ও চলাচলের সুবিধা উন্নত করার উদ্যোগও নেওয়া হয়েছে। সব মিলিয়ে ৩১তম আসরের মধ্য দিয়ে আবারও বহুজাতিক সংস্কৃতি ও বিনোদনের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে দুবাইয়ের গ্লোবাল ভিলেজ।
