জাতীয় প্রতিরক্ষায় সাধারণ নাগরিকদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে ইরান

জাতীয় প্রতিরক্ষার প্রস্তুতির অংশ হিসেবে বেসামরিক স্বেচ্ছাসেবকদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়ার নতুন কর্মসূচি শুরু করতে যাচ্ছে ইরান। ওয়েস্ট এশিয়া নিউজ এজেন্সি (WANA) জানিয়েছে, ‘জানফাদা’ নামের এই কর্মসূচির আওতায় স্বেচ্ছাসেবকদের সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে।
ইরানের সেনাবাহিনীর প্রশিক্ষণ ও শিক্ষা বিভাগের উপপ্রধান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ রেজা আলিয়ান-নেজাদ জানিয়েছেন, তেহরানের তিনটি নির্ধারিত প্রশিক্ষণকেন্দ্রে কর্মসূচিটি শুরু হবে।
এই উদ্যোগের আওতায় ইরানের সেনাবাহিনীর চারটি শাখার সদস্যরা নির্ধারিত ফিল্ড-গ্যারিসন এলাকায় বেসামরিক স্বেচ্ছাসেবকদের প্রশিক্ষণ দেবেন। প্রথম পর্যায়ে অংশগ্রহণকারীদের মৌলিক সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে। এরপর তাদের আরও উন্নত পর্যায়ের প্রশিক্ষণে নেওয়া হবে।
ইরানি সেনাবাহিনীর ভাষ্য অনুযায়ী, জাতীয় প্রতিরক্ষার প্রয়োজন দেখা দিলে বেসামরিক অংশগ্রহণকারীরা যাতে মৌলিক সামরিক দক্ষতা কাজে লাগাতে পারেন, সেই প্রস্তুতি তৈরিই এই কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
তবে প্রশিক্ষণের মেয়াদ, কতজন স্বেচ্ছাসেবক এতে অংশ নেবেন এবং পরবর্তীতে তেহরানের বাইরে দেশের অন্যান্য এলাকায় কর্মসূচিটি সম্প্রসারণ করা হবে কি না—এ বিষয়ে এখনো বিস্তারিত জানানো হয়নি।
