নির্ধারিত সময়ের আগেই বন্ধ অমরনাথ যাত্রা

ভারতের জম্মু-কাশ্মীরে অমরনাথ যাত্রা নির্ধারিত সময়ের কয়েক সপ্তাহ আগেই স্থগিত করা হয়েছে। তীর্থযাত্রীর সংখ্যা ব্যাপকভাবে কমে যাওয়া এবং প্রতিকূল আবহাওয়ার পূর্বাভাসের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ বছর এখন পর্যন্ত ৪ লাখ ৭০ হাজারের বেশি তীর্থযাত্রী অমরনাথের পবিত্র গুহায় গেছেন। কর্মকর্তারা জানিয়েছেন, যাত্রার প্রথম তিন সপ্তাহেই অধিকাংশ তীর্থযাত্রী গেছেন। ২৩ জুলাইয়ের পর থেকে তীর্থযাত্রীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে যায়।
কাশ্মীরের বিভাগীয় কমিশনার অংশুল গর্গ জানান, তীর্থযাত্রীর সংখ্যা কমে যাওয়ায় এবং আবহাওয়ার সতর্কতা থাকায় যাত্রা স্থগিত করা হয়েছে। পাশাপাশি যাত্রাপথের সংস্কারকাজও প্রয়োজন। তার মতে, এ বছরের অমরনাথ যাত্রা কার্যত শেষ হয়েছে।
এর আগে ২৩ জুলাই থেকে অনন্তনাগ-পহেলগাম রুট বন্ধ ছিল। এরপর শুধু বালতাল রুট দিয়ে তীর্থযাত্রীদের যাওয়ার অনুমতি দেওয়া হয়। ২২ জুলাই অনন্তনাগ শহরে এক পুলিশ সদস্যকে গুলি করে হত্যার পর নিরাপত্তা পরিস্থিতি নিয়েও উদ্বেগ তৈরি হয়। এক সপ্তাহ পর কুলগাম জেলায় দুই পরিযায়ী শ্রমিক নিহত হন।
এদিকে নিরাপত্তা অভিযানে কাশ্মীরজুড়ে ৩ হাজারের বেশি সন্দেহভাজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।
এবার প্রায় দুই মাসব্যাপী অমরনাথ যাত্রা হওয়ার কথা থাকলেও শুরু হওয়ার মাত্র ১৮ দিনের মাথায় তীর্থযাত্রীর সংখ্যা কমতে শুরু করে। তবে আগামী ২৮ আগস্ট পবিত্র দণ্ড ‘ছড়ি মোবারক’ অমরনাথ গুহায় নিয়ে যাওয়ার মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে যাত্রা শেষ হবে।
এ বছর অমরনাথ যাত্রার নিরাপত্তায় অতিরিক্ত ৬৭০ কোম্পানি বা প্রায় ৬৭ হাজার আধাসামরিক সদস্য মোতায়েন করা হয়েছিল। জম্মু থেকে পহেলগাম ও বালতালের প্রায় ৩৫০-৪০০ কিলোমিটার পথেও সেনাবাহিনী, বিএসএফ, সিআরপিএফ, আইটিবিপি, এসএসবি ও জম্মু-কাশ্মীর পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করছেন।
