logo

কন্ডাক্টর সেজে বাসের টিকিট কাটছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়

টাইমস অব ইন্ডিয়া
টাইমস অব ইন্ডিয়া
কন্ডাক্টর সেজে বাসের টিকিট কাটছেন মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়
পাবলিক বাসে কন্ডাক্টর সেজে টিকিট কাটছেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী থালাপতি বিজয়। ছবি: ভিডিও থেকে নেওয়া

ভারতের চেন্নাইয়ের একটি সরকারি বাসে আর দশটা সাধারণ দিনের মতোই উঠেছিলেন যাত্রীরা। তবে বাসে উঠে টিকিট কাটতে গিয়ে কন্ডাক্টরের আসনে চেনা মুখের বদলে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীকে দেখে তাজ্জব বলে যান সবাই। তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জোসেফ বিজয় ওরফে থালাপতি বিজয় শুক্রবার (২ অক্টোবর) নিজেই শহরের একটি বাসে চড়ে নাড়ী যাত্রীদের হাতে বিনামূল্যে টিকিট তুলে দেন।

রাজ্য সরকারের জনকল্যাণমুখী ‘ভেট্রি পয়ণম’ (বিজয়ের যাত্রা) প্রকল্পের আওতা ও পরিধি সম্প্রসারণের আনুষ্ঠানিক সূচনা করতেই এমন ব্যতিক্রমী কন্ডাক্টরের ভূমিকায় দেখা যায় তাকে।

বাসের ভেতরে ওঠার পর সাধারণ যাত্রীদের সঙ্গে বেশ কিছুক্ষণ খোশগল্পে মেতে ওঠেন মুখ্যমন্ত্রী বিজয়। টিকিট কাটতে গিয়ে হাসিমুখে নারী যাত্রীদের হাতে তুলে দেন বিনামূল্যে ভ্রমণের পাস। বাসে থাকা বেশ কয়েকজন কলেজ শিক্ষার্থী উৎসাহের সঙ্গে মুখ্যমন্ত্রীকে চকোলেট উপহার দেন এবং তা ভাগ করে খান। মুখ্যমন্ত্রীর এমন আন্তরিক ও সাধারণ চলাফেরায় মুহূর্তের মধ্যেই বাসের পরিবেশ আনন্দমুখর হয়ে ওঠে।

তামিলনাড়ু সরকার নারী ও ট্রান্সজেন্ডারদের স্বাবলম্বী করতে এবং যাতায়াত সহজ করতে চালু করা ‘ভেট্রি পয়ণম’ প্রকল্পের আওতা এবার ব্যাপক হারে বাড়িয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে রাজ্যের সাতটি রাষ্ট্রীয় পরিবহন সংস্থার অধীনে থাকা মোট ১২ হাজার ৬৯৫টি বাসে ফ্রি যাতায়াত করতে পারবেন সুবিধাভোগীরা।

এর আগে কেবল নির্দিষ্ট কিছু সাধারণ সিটি বাসে এই সুবিধা মিললেও, এখন থেকে এক্সপ্রেস, ডিলাক্স, মফস্বল সাধারণ ও পাহাড়ি অঞ্চলের নির্দিষ্ট রুটের বাসেও বিনামূল্যে ভ্রমণের সুযোগ দেওয়া হয়েছে। সরকারের প্রশাসনিক হিসাব অনুযায়ী, এই প্রকল্প সম্প্রসারণের ফলে প্রতিদিন রাজ্যের প্রায় ৮৪ লাখ ৩২ হাজার নারী ও রূপান্তরকামী প্রত্যক্ষভাবে উপকৃত হবেন।

রাজ্যের সাধারণ জনগণের সঙ্গে এভাবে হুট করে মিশে যাওয়া ও সাদামাঠা চলাফেরার ঘটনা বিজয়ের জন্য অবশ্য প্রথম নয়। এর আগেও তিনি সচিবালয় থেকে পেরাম্বুর পর্যন্ত সাধারণ সরকারি বাসে চড়ে নিজে টিকিট কেটে যাতায়াত করেছিলেন। সেসময় ওই ঘটনা ব্যাপক আলোচনার জন্ম দেয়। এ ছাড়া মেত্তুর সফরে রাস্তার পাশে সাধারণ খামারবাড়িতে হুট করে গাড়ি থামিয়ে সেখানকার বয়স্ক মানুষের সঙ্গে বিজয়ের গল্পে মেতে ওঠার দৃশ্য নেটদুনিয়ায় আলোড়ন ফেলেছিল।