logo

ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত

গালফ নিউজ
ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত
ওআইসির নবনির্বাচিত মহাসচিব ইসমাইল উলদ শেখ আহমেদ। ছবি: ওআইসির ওয়েবসাইট থেকে নেওয়া

মুসলিম দেশগুলোর জোট ইসলামিক সহযোগিতা সংস্থার (ওআইসি) নতুন মহাসচিব নির্বাচিত হয়েছেন মৌরিতানিয়ার কূটনীতিক ইসমাইল উলদ শেখ আহমেদ। বৃহস্পতিবার (২৮ আগস্ট) ৫৭ সদস্য রাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীরা তাকে মহাসচিব নির্বাচিত করেন।

Advertisement

ইসমাইল উলদ শেখ আহমেদ বর্তমান মহাসচিব চাদের হুসেইন ইব্রাহিম তাহার স্থলাভিষিক্ত হবেন। তাহার মেয়াদ শেষ হবে চলতি বছরের নভেম্বরে। তিনি ২০২১ সালের নভেম্বরে ওআইসির মহাসচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন।

আন্তর্জাতিক কূটনীতিতে তিন দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে ইসমাইল উলদ শেখ আহমেদের। তিনি জাতিসংঘের সঙ্গে কাজ করেছেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক ও নিরাপত্তা সংকট মোকাবিলায়ও কাজ করেছেন।

ওআইসির সনদ অনুযায়ী, মহাসচিবের মেয়াদ পাঁচ বছর। এই মেয়াদ একবার নবায়ন করা যায়। মহাসচিব নির্বাচনে ভৌগোলিক ভারসাম্য, পালাক্রমে দায়িত্ব দেওয়া ও সমান সুযোগের নীতি বিবেচনা করা হয়। প্রার্থীর যোগ্যতা, সততা ও অভিজ্ঞতাকেও গুরুত্ব দেওয়া হয়।

ওআইসির সনদে আরব, আফ্রিকা ও এশিয়ার মধ্যে মহাসচিবের পদ দেওয়ার কোনো নির্দিষ্ট ধারাবাহিকতা নেই। তবে মহাসচিব নির্বাচনের সময় পালাক্রম ও ভৌগোলিক ভারসাম্যের বিষয়টি বিবেচনা করা হয়।

ইসমাইল উলদ শেখ আহমেদের প্রার্থিতা এরই মধ্যে আফ্রিকা মহাদেশের সমর্থন পেয়েছিল। চলতি বছরের ফেব্রুয়ারিতে আফ্রিকান ইউনিয়ন (এইউ) ২০২৭ থেকে ২০৩২ মেয়াদের জন্য ওআইসির মহাসচিব পদে তার প্রার্থিতার প্রতি আনুষ্ঠানিক সমর্থন জানায়। সেখানে মৌরিতানিয়াকে উত্তর আফ্রিকা অঞ্চলের দেশ হিসেবে উল্লেখ করা হয়।

তার নির্বাচনের মধ্য দিয়ে মধ্যপ্রাচ্য, আফ্রিকা ও এশিয়াজুড়ে বিস্তৃত বিশ্বের অন্যতম বৃহৎ আন্তঃসরকারি সংস্থার নেতৃত্বে এবার একজন মৌরিতানীয় কূটনীতিক আসছেন। সংস্থাটির সদস্যদের মধ্যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ বিভিন্ন দেশের পাশাপাশি রয়েছে ভিন্ন ভিন্ন রাজনৈতিক ও আঞ্চলিক বাস্তবতার দেশ।

ওআইসির নতুন মহাসচিব নির্বাচিত