logo

সৌদি আরবের নতুন ভিসা সুবিধা চালু, সুযোগ পাচ্ছেন যারা

সৌদি আরবের নতুন ভিসা সুবিধা চালু, সুযোগ পাচ্ছেন যারা
সৌদি আরবের একজন নারী পাসপোর্ট অফিসে কাজ করছেন। ছবি: এসপিএ

পর্যটন খাতে বিদেশি পর্যটক আকর্ষণে ভিসা সুবিধা আরও সম্প্রসারণ করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মেক্সিকো, সার্বিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা এবং উত্তর মেসিডোনিয়ার নাগরিকরা এখন থেকে তাৎক্ষণিক পর্যটন ই-ভিসা ও অন-অ্যারাইভাল ভিসা পাবেন। ফলে এসব দেশের নাগরিকদের সৌদি আরবের দূতাবাসে গিয়ে ভিসার আবেদন করতে হবে না।

সম্প্রতি সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় ও পর্যটন মন্ত্রণালয় যৌথভাবে এ ঘোষণা দিয়েছে। শনিবার (৭ নভেম্বর) আরব নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

নতুন নিয়মে চার দেশের নাগরিকরা অনলাইনে একাধিকবার প্রবেশের সুবিধাসহ পর্যটন ভিসার আবেদন করতে পারবেন। চাইলে সৌদি আরবের যেকোনো প্রবেশপথে নিজ দেশের পাসপোর্ট দেখিয়ে অন-অ্যারাইভাল ভিসাও নিতে পারবেন।

এই ভিসার আওতায় দেশগুলো থেকে আসা পর্যটকরা ওমরাহ পালন, বিভিন্ন অনুষ্ঠান, প্রদর্শনী ও সম্মেলনে অংশগ্রহণ এবং সৌদি আরবে বসবাসরত আত্মীয়স্বজন ও বন্ধুদের সঙ্গে দেখা করতে পারবেন।

সৌদি আরবে মেক্সিকোর চার্জ দ্য অ্যাফেয়ার্স গিয়েরমো গুতিয়েরেজ বলেন, এই সিদ্ধান্তের ফলে পর্যটক, ধর্মপ্রাণ মুসল্লি, পেশাজীবী ও শিক্ষার্থীদের জন্য সৌদি আরবে যাতায়াত সহজ হবে। পাশাপাশি দুই দেশের বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, সংস্কৃতি, বিমান চলাচল ও প্রযুক্তি খাতে সহযোগিতা বাড়বে।

সৌদি আরবে সার্বিয়ার রাষ্ট্রদূত দ্রাগান বিসেনিচও নতুন ভিসা সুবিধাকে স্বাগত জানিয়েছেন। তিনি বলেন, এই সিদ্ধান্ত সৌদি আরব ও সার্বিয়ার সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে ওমরাহ পালন করতে ইচ্ছুক সার্বিয়ার নাগরিকদের জন্য ভ্রমণ আরও সহজ হবে।

তবে নতুন ভিসা সুবিধার ক্ষেত্রে কিছু বিধিনিষেধও রয়েছে। সৌদি পর্যটন মন্ত্রণালয় জানিয়েছে, ভিসায় উল্লেখ করা সময়সীমার মধ্যেই দর্শনার্থীদের অবস্থান করতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার আগে তা নবায়ন করা যাবে না। একাধিকবার প্রবেশের ভিসার ক্ষেত্রে প্রতিবারের অবস্থানের সময় হিসাব করে মোট অনুমোদিত সময়ের মধ্যে থাকতে হবে।

এ ছাড়া ভিজিট ভিসায় সৌদি আরবে গিয়ে অর্থের বিনিময়ে কোনো কাজ করা যাবে না। এই ভিসায় ওমরাহ পালনের সুযোগ থাকলেও হজের নির্ধারিত মৌসুমে ওমরাহ পালন করা যাবে না।

সৌদি আরবের পর্যটন খাত সম্প্রসারণ এবং অর্থনীতিতে বৈচিত্র্য আনার লক্ষ্যে নেওয়া ভিশন ২০৩০ কর্মসূচির অংশ হিসেবে ভিসা সুবিধা সম্প্রসারণ করা হচ্ছে।