আমিরাতের মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা ও ড্রোন ভূপাতিতের দাবি ইরানের

সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিস্ফোরক ড্রোন দিয়ে হামলার দাবি করেছে ইরান। একই সঙ্গে হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোন ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করারও দাবি করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী।
সোমবার (৩১ আগস্ট) ইরানের সামরিক বাহিনী জানায়, ইউএইর আল মিনহাদ বিমানঘাঁটিতে অবস্থানরত মার্কিন সেনা ও সামরিক হেলিকপ্টার লক্ষ্য করে কয়েক ডজন বিস্ফোরক ড্রোন পাঠানো হয়েছে।
রোববার রাতে ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এ অভিযান চালানো হয় বলে দাবি করেছে তেহরান।
ইরানের সংবাদমাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, আল মিনহাদ ঘাঁটির যেসব স্থানে মার্কিন সামরিক সদস্য ও হেলিকপ্টার রাখা হয়, সেগুলোই হামলার লক্ষ্য ছিল। ইরানি সামরিক বাহিনী ঘাঁটিটিকে বিদেশি বাহিনীর জন্য গুরুত্বপূর্ণ সরবরাহ ও আকাশ পরিবহনকেন্দ্র হিসেবে উল্লেখ করেছে।
ইরানের সেনাবাহিনী আরও জানিয়েছে, যুক্তরাষ্ট্রের হামলায় ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীর সদস্য ও বেসামরিক নাগরিক নিহত হওয়ার প্রতিশোধ নিতেই এ অভিযান চালানো হয়েছে। মার্কিন সেনাদের বিরুদ্ধে আরও প্রতিশোধমূলক হামলার হুঁশিয়ারিও দিয়েছে তারা।
এর আগে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী জানায়, হরমুজ প্রণালির ওপর একটি মার্কিন এমকিউ-৯ রিপার ড্রোনকে ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করা হয়েছে। ড্রোনটি উপসাগরের পানিতে বিধ্বস্ত হয়েছে বলে দাবি করেছে তারা। ইরানের মেহর নিউজ এজেন্সি এ তথ্য জানিয়েছে।
ইরানের এসব দাবি নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এর আগে রোববার ইরানের লারাক দ্বীপে দুটি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায় যুক্তরাষ্ট্র। মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে এক মার্কিন কর্মকর্তা জানান, জুলাইয়ের শেষ দিকের পর ইরানের ভূখণ্ডে এটি ছিল যুক্তরাষ্ট্রের প্রথম হামলা।
মার্কিন বাহিনী এমন কিছু ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালায়, যেগুলো থেকে হরমুজ প্রণালিতে সমুদ্র মাইন বহনকারী রকেট ছোড়ার প্রস্তুতি নেওয়া হচ্ছিল বলে অভিযোগ ছিল।
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী দাবি করেছে, ওই হামলায় তাদের কয়েকজন যোদ্ধা ও বেসামরিক নাগরিক নিহত বা আহত হয়েছেন। ইরানের তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, প্রাথমিক তথ্য অনুযায়ী মার্কিন ড্রোন দিয়ে ওই হামলা চালানো হয়েছিল।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরান যুদ্ধ চায় না। তবে আগ্রাসনের মুখে তারা নীরব থাকবে না।
সাংহাই সহযোগিতা সংস্থার (এসসিও) সম্মেলনে যোগ দিতে বিশকেকের উদ্দেশে রওনা হওয়ার আগে সোমবার তিনি এ কথা বলেন।
পেজেশকিয়ান আরও বলেছেন, ভবিষ্যতে ইরানের ওপর কোনো হামলা হলে তার জবাব দেওয়া হবে।
তিনি বলেন, অঞ্চলে অস্থিতিশীলতা ও অশান্তি কোনো দেশের স্বার্থেই নয়। এটি সবার জন্যই চ্যালেঞ্জ তৈরি করবে।

