গিনিতে ময়লার স্তূপ ধসে প্রাণ গেল ৩০ জনের

গিনির রাজধানী কোনাক্রিতে একটি ময়লার স্তূপ ধসে আশপাশের বাড়িঘরের ওপর পড়ায় অন্তত ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২২ জন। আহতদের মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।
সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রোববার (২৩ আগস্ট) রাতভর ভারী বৃষ্টির পর স্থানীয় সময় রাত ২টার দিকে দার-এস-সালাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
ধসের পর ময়লার নিচে আরও অনেকে চাপা পড়ে থাকতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে।
উদ্ধার অভিযানে সেনাবাহিনীসহ বিপুলসংখ্যক উদ্ধারকর্মী ও সরঞ্জাম মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলে উদ্ধারকারীদের খননযন্ত্র দিয়ে ময়লার বিশাল স্তূপ সরিয়ে জীবিতদের সন্ধান করতে দেখা গেছে। এ সময় স্থানীয় বাসিন্দারাও ঘটনাস্থলের আশপাশে জড়ো হন।
গিনির প্রধানমন্ত্রী মামাদু উরি বাহ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি উদ্ধার অভিযান তদারকি করেন।
স্থানীয় এক নারী সংবাদমাধ্যমকে জানিয়েছেন, এই ঘটনায় তার পাঁচ সন্তান মারা গেছে।
এর আগে স্থানীয় এলাকার নেতা লানসিনে সিলা এএফপিকে জানিয়েছিলেন, দুর্ঘটনায় বড় ধরনের প্রাণহানির আশঙ্কা করছেন তারা।
তার ভাষ্য অনুযায়ী, এরই মধ্যে ১৮টি মরদেহ উদ্ধার করে মর্গে নেওয়া হয়েছিল।
এর আগেও এখানে প্রাণহানির ঘটনা ঘটেছে। ২০১৭ সালে একই স্থানে আরেকটি ধসে ১০ জন নিহত হয়েছিলেন।

