logo
নির্বাচনের সময়সূচি নিয়ে প্রতিবাদ

৬০ দিনের জন্য গৃহবন্দী ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক

৬০ দিনের জন্য গৃহবন্দী ভারতের অধিকারকর্মী সোনম ওয়াংচুক
ভারতের লাদাখের আলোচিত অধিকারকর্মী সোনম ওয়াংচুক। ছবি: দ্য হিন্দু

ভারতের লাদাখের বিশিষ্ট অধিকারকর্মী সোনম ওয়াংচুককে ৬০ দিনের জন্য গৃহবন্দী করেছে স্থানীয় প্রশাসন। এ সময়ে কোনো জনসভা, মিছিল কিংবা রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে পারবেন না তিনি। আগামী ৪ ডিসেম্বর অনুষ্ঠিতব্য পার্বত্য পরিষদ নির্বাচনের সময়সূচির প্রতিবাদে আয়োজিত একটি কর্মসূচি থেকে তাকে সরিয়ে নেওয়ার একদিন পর এ নিষেধাজ্ঞা জারি করা হলো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ তথ্য জানিয়েছে।

লেহর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এ-সংক্রান্ত আদেশ জারি করেছেন। লেহ প্রশাসনের ভাষ্য অনুযায়ী, স্থানীয় পুলিশ প্রধানের পাঠানো চিঠি এবং পুলিশের একটি প্রতিবেদনের ভিত্তিতে ওয়াংচুকের বিরুদ্ধে প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছিল।

এর পরিপ্রেক্ষিতে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার (বিএনএসএস) ১৬৩ ধারা প্রয়োগ করে তার চলাচল ও জনসমাগমে অংশগ্রহণের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

প্রশাসনের আদেশে বলা হয়েছে, নির্দেশনাটি অবিলম্বে কার্যকর হবে এবং পরবর্তী ৬০ দিন পর্যন্ত বহাল থাকবে।

নির্বাচনের সময়সূচি নিয়ে আপত্তি

আগামী ৪ ডিসেম্বর লাদাখ স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদ (এলএএইচডিসি) নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচনের সময়সূচি নিয়ে শুরু থেকেই আপত্তি জানিয়ে আসছেন সোনম ওয়াংচুকসহ স্থানীয় কয়েকজন নেতা।

তাদের যুক্তি, ডিসেম্বরের তীব্র শীত এবং মৌসুমি অভিবাসনের কারণে লাদাখের অনেক ভোটার নিজ নিজ এলাকায় উপস্থিত থাকতে পারবেন না। এতে বিপুলসংখ্যক মানুষ ভোটাধিকার প্রয়োগের সুযোগ থেকে বঞ্চিত হতে পারেন।

আনুষ্ঠানিকভাবে গৃহবন্দী করার আদেশ জারির আগেই এক ভিডিও বার্তায় ওয়াংচুক অভিযোগ করেন, তার বাসভবনের বাইরে হঠাৎ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বেড়ে গেছে। ওই বার্তায় তিনি নিজেকে গৃহবন্দী করা হয়েছে বলেও দাবি করেন।

৬০ বছর বয়সী এই অধিকারকর্মী দীর্ঘদিন ধরে লাদাখের রাজনৈতিক ও সাংবিধানিক অধিকার নিয়ে আন্দোলন করে আসছেন।

২০১৯ সালের পর প্রথম বড় স্থানীয় নির্বাচন

২০১৯ সালে জম্মু ও কাশ্মীর থেকে পৃথক করে লাদাখকে কেন্দ্রশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করে ভারত সরকার। এরপর এবারই প্রথম বড় পরিসরে স্থানীয় পার্বত্য পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

তবে শীতের মধ্যে নির্বাচনের আয়োজন নিয়ে আপত্তি এবং ভোট বর্জনের আহ্বানের মধ্যেই আগামী ৪ ডিসেম্বর আটটি স্বায়ত্তশাসিত পার্বত্য উন্নয়ন পরিষদের নির্বাচন হওয়ার কথা রয়েছে।

এই আটটি পরিষদে মোট ১০০টি নির্বাচনী এলাকা থাকবে। এর মধ্যে ৩৬টি আসন নারীদের জন্য সংরক্ষিত রাখা হয়েছে।

নির্বাচনের সময়সূচি নিয়ে স্থানীয় নেতাদের আপত্তি এবং ওয়াংচুকের ওপর প্রশাসনিক নিষেধাজ্ঞা লাদাখের রাজনৈতিক পরিস্থিতিকে নতুন করে আলোচনায় নিয়ে এসেছে।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট