logo

বদলায়নি পাসওয়ার্ড দেওয়ার ধরন, আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’

বদলায়নি পাসওয়ার্ড দেওয়ার ধরন, আবারও শীর্ষে ‘১২৩৪৫৬’
প্রতীকী ছবি

বিশ্বজুড়ে সাইবার হামলার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়লেও মানুষের ডিজিটাল পাসওয়ার্ড তৈরির ধরন গত আট বছরেও বদলায়নি। ব্যাংক অ্যাকাউন্ট থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম, এমনকি বাসার ডিজিটাল দরজার নিরাপত্তাতেও সেই পুরোনো ও সহজ পাসওয়ার্ড ব্যবহারের প্রবণতা রয়ে গেছে। বিশ্বের ৪৪ দেশের মানুষ এখনও ‘admin’, ‘password’, ‘qwerty’ এবং ‘12345’-এর মতো সহজ পাসওয়ার্ড ব্যবহার করছেন।

লিথুয়ানিয়াভিত্তিক সাইবার নিরাপত্তা প্রতিষ্ঠান নর্ড সিকিউরিটির সাম্প্রতিক এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। নর্ড সিকিউরিটির সহযোগী প্রতিষ্ঠান পাসওয়ার্ড ব্যবস্থাপনা সেবা ‘নর্ডপাস’ ও সাইবার হুমকি শনাক্তকারী প্রতিষ্ঠান ‘নর্ডস্টেলার’ যৌথভাবে এই গবেষণা পরিচালনা করেছে।

Advertisement

২০২৫ সালের সেপ্টেম্বর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত বিভিন্ন তথ্য ফাঁসের ঘটনায় প্রকাশ্যে আসা ও ডার্ক ওয়েবে ছড়িয়ে পড়া ডেটা বিশ্লেষণ করে ৪৪টি দেশের সবচেয়ে প্রচলিত ২০০টি পাসওয়ার্ডের তালিকা করেছে নিরাপত্তা বিশ্লেষকরা। তারা বলছেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে হ্যাকাররা এখন মাত্র কয়েক সেকেন্ডের মধ্যেই এসব পাসওয়ার্ড ভেঙে ফেলতে পারে।

নর্ডপাসের সমীক্ষা অনুযায়ী, টানা দ্বিতীয় বছরের মতো বিশ্বব্যাপী সবচেয়ে বেশি ব্যবহৃত পাসওয়ার্ডের শীর্ষে রয়েছে ‘123456’ এবং দ্বিতীয় স্থানে রয়েছে ‘admin’। গত এক বছরে ‘123456’ পাসওয়ার্ডটি ৭২ লাখেরও বেশি বার ব্যবহৃত হয়েছে। আর সাড়ে ৪৪ লাখেরও বেশি ব্যবহৃত হয়েছে ‘admin’। তালিকায় তৃতীয় ও চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে ‘12345678’ এবং ‘123456789’।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রেও চলতি বছর ‘123456’ শীর্ষস্থান দখল করেছে এবং ‘admin’ রয়েছে দ্বিতীয় অবস্থানে। দেশটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত শীর্ষ ১০টি পাসওয়ার্ডের তালিকায় আরও রয়েছে ‘password’, ‘12345678’, ‘123456789’, ‘1234’, ‘user@123’, ‘12345’ এবং ‘password1’।

দক্ষিণ এশিয়ার বৃহত্তম ভারতেও চলতি বছরে পাসওয়ার্ডের তালিকায় শীর্ষস্থান দখল করেছে ‘123456’। ‘12345678’ দ্বিতীয় হয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ‘admin’। দেশটিতে সবচেয়ে বেশি ব্যবহৃত শীর্ষ ১০টি পাসওয়ার্ডের তালিকায় ধারাবাহিকভাবে রয়েছে ‘1234’, ‘12345’, ‘123456789’, ‘password’, ‘Admin@123’ ‘Welcome@123’ ও ‘admin@123’।

তবে নর্ডপাস ও নর্ডস্টেলার এই গবেষণার তালিকায় নেই বাংলাদেশের নাম। বিধায় বাংলাদেশে কোন পাসওয়ার্ডগুলো বহুল প্রচলিত বা কোনগুলো এখনও ‘জনপ্রিয়’ তা সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি। তবে প্রতিবেশী ভারত ও বৈশ্বিক প্রবণতা থেকে ধারণা পাওয়া যেতে পারে।

গবেষণায় দেখা গেছে, সাইবার নিরাপত্তার ঝুঁকি জেনেও ব্যবহারকারীরা কেবল সহজে মনে রাখার সুবিধার্থে দুর্বল পাসওয়ার্ড বেছে নেন। পুরোনো অভ্যাস ধরে রাখার পাশাপাশি কোভিড-১৯ মহামারির মতো ঐতিহাসিক ঘটনা কিংবা প্রিয় ক্রীড়া দল ও টিভি অনুষ্ঠানের নামও মানুষের পাসওয়ার্ড নির্বাচনে প্রভাব ফেলে। গত আট বছরে পাসওয়ার্ড দেওয়ার ধরনে উল্লেখযোগ্য পরিবর্তন পাওয়া যায়নি।

এ বিষয়ে নর্ড সিকিউরিটির পণ্য ও ব্যবসা উন্নয়ন বিভাগের প্রধান ক্যারোলিস আরবাচিয়াউস্কাস বলেন, ‘পাসওয়ার্ড খুব কমই এলোমেলো হয়। মানুষ যখন কোনো কিছু মনে রাখতে চায়, তখন সে আগে থেকে জানা বা চিরচেনা বিষয়ের ওপরই বেশি নির্ভর করে।’

বিশেষজ্ঞরা সতর্ক করে জানিয়েছেন, ডিজিটাল যুগে পাসওয়ার্ড আমাদের অনলাইন অস্তিত্বের সমার্থক। তাই পরিচয় চুরি ও সাইবার আক্রমণ থেকে বাঁচতে এ ধরনের অনুমানযোগ্য ও ফাঁস হওয়া পাসওয়ার্ড অবিলম্বে বাদ দিয়ে জটিল ও অনন্য পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি।

কীভাবে তৈরি করবেন শক্তিশালী পাসওয়ার্ড

সাইবার ঝুঁকি এড়াতে ও অনলাইন অ্যাকাউন্ট সুরক্ষিত রাখতে শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করা জরুরি। এ জন্য কয়েকটি নিয়ম মেনে চলা উচিত।

দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার: সংখ্যা, ছোট ও বড় হাতের অক্ষর এবং বিশেষ চিহ্ন মিলিয়ে অন্তত ২০ অক্ষরের পাসওয়ার্ড ব্যবহার করা ভালো। কোনো প্ল্যাটফর্মে পাসওয়ার্ডের দৈর্ঘ্য সীমিত থাকলে সেই সীমার মধ্যে যতটা সম্ভব দীর্ঘ পাসওয়ার্ড বেছে নিন।

বিশেষ অক্ষরের ব্যবহার: পাসওয়ার্ডে বিশেষ অক্ষর ব্যবহার করলে এর জটিলতা বাড়ে। যেমন: ‘*P@ssw0rd*’ বা ‘Admin@123’। তবে সহজে অনুমান করা যায়, এমন প্রচলিত পাসওয়ার্ড এড়িয়ে চলুন।

প্রতিটি অ্যাকাউন্টে আলাদা পাসওয়ার্ড: একাধিক অ্যাকাউন্টে কখনো একই পাসওয়ার্ড ব্যবহার করবেন না। প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও অনন্য পাসওয়ার্ড তৈরি করুন।

মাল্টি-ফ্যাক্টর অথেনটিকেশন (এমএফএ): এটি অ্যাকাউন্ট সুরক্ষায় অতিরিক্ত একটি স্তর যোগ করে। পাসওয়ার্ড দেওয়ার পাশাপাশি অন্য একটি মাধ্যমে নিজের পরিচয় নিশ্চিত করতে হয়। যেমন, প্রমাণীকরণ অ্যাপের কোড বা নিরাপত্তা কী ব্যবহার করা যায়।

পাসওয়ার্ড ম্যানেজার: অনেকগুলো পাসওয়ার্ড মনে রাখা কঠিন হলে বিশ্বস্ত পাসওয়ার্ড ম্যানেজার ব্যবহার করতে পারেন। এতে প্রতিটি অ্যাকাউন্টের জন্য আলাদা ও জটিল পাসওয়ার্ড সংরক্ষণ করা সহজ হয়।

পাসকি ব্যবহার: পাসওয়ার্ডের বিকল্প হিসেবে পাসকি ব্যবহার করা যায়। মাইক্রোসফটের মতে, পাসকি ক্রিপ্টোগ্রাফিক প্রযুক্তির মাধ্যমে ব্যবহারকারীর পরিচয় যাচাই করে। এ ক্ষেত্রে ডিভাইসের বায়োমেট্রিক পদ্ধতি বা পিন ব্যবহার করা যায়। ফলে প্রচলিত পাসওয়ার্ড ছাড়াই অ্যাকাউন্টে প্রবেশ করা সম্ভব।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট