logo

মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক হামলা

জিও নিউজ
জিও নিউজ
খ্যামা প্রেস
খ্যামা প্রেস
মধ্যরাতে আফগানিস্তানে পাকিস্তানের ব্যাপক হামলা
আফগানিস্তানে পাকিস্তানের বিমান ও ড্রোন হামলার দৃশ্য। ছবি: খ্যামা প্রেস

সম্প্রতি পাকিস্তানের আকাশসীমায় আফগানিস্তানের ড্রোন প্রবেশের চেষ্টার কড়া জবাবা দিয়েছে ইসলামাবাদ। আফগান ভূখণ্ডের ১০টি সুনির্দিষ্ট সামরিকস্থানে বড় ধরনের নির্ভুল বিমান ও ড্রোন হামলার দাবি করেছে পাকিস্তানের সশস্ত্র বাহিনী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে এক্সে দেওয়া আনুষ্ঠানিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার।

অন্যদিকে আফগানিস্তানের তালেবান নেতৃত্বাধীন সরকার জানিয়েছে, স্থানীয় সময় ভোর সাড়ে ৩টার দিকে শুরু হওয়া এসব হামলায় খোস্ত ও কান্দাহারসহ বেশ কয়েকটি এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়।

পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক্সে লিখেছেন, ‘আত্মরক্ষার সার্বভৌম অধিকার প্রয়োগ করে পাকিস্তান আফগানিস্তানের ১০টি স্থানে নির্ভুল বিমান ও ড্রোন হামলা চালিয়েছে। এসব স্থানেই (পাকিস্তানে হামলা চেষ্টায় ব্যবহৃত) ওই ড্রোনগুলো উৎক্ষেপণ ও সংরক্ষণ করা হতো।’

পাকিস্তানের নিরাপত্তা সূত্রগুলো জানিয়েছে, আফগান সীমান্ত থেকে পাকিস্তানের দিকে ধেয়ে আসা আটটি সামরিক ড্রোন সময়মতো শনাক্ত ও ভূপাতিত করার এক দিন পরই এই পাল্টা হামলা চালায় ইসলামাবাদ। এরমধ্যে খাইবার পাখতুনখোয়ার তোরখাম সীমান্তসংলগ্ন এলাকায় চারটি এবং কোহাটের পার্বত্য এলাকায় সশস্ত্র বাহিনীর বিমান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে বাকি চারটি ড্রোন গুলি করে সফলভাবে নামানো হয়।

তারা আরও বলেন, ‘বছরের পর বছর ধরে পাকিস্তান আফগান ভূখণ্ডে সন্ত্রাসীদের আশ্রয়স্থল ও তাদের সহযোগী নেটওয়ার্কের উপস্থিতির বিষয়ে তালেবান সরকারকে সতর্ক করে আসছে। তবে তালেবান সরকার কোনো ব্যবস্থা না নিয়ে বৈরী ড্রোন দিয়ে উল্টো পরিস্থিতি উত্তপ্ত করার পথ বেছে নিয়েছে।’

তিনি স্পষ্ট বার্তা দেন, আফগান ভূখণ্ড ব্যবহার করে পাকিস্তানের ওপর কোনো সন্ত্রাসী বা তালেবান হামলা পাকিস্তান কখনোই সহ্য করবে না।

এদিকে আফগান সংবাদ সংস্থা খ্যামা প্রেস জানিয়েছে, আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় কান্দাহার ও খোস্ত প্রদেশের একাধিক স্থানে বৃহস্পতিবার ভোরে দফায় দফায় বিমান ও ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান। তালেবান কর্তৃপক্ষ জানিয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর সাড়ে ৩টার দিকে এসব হামলা শুরু হয়। খোস্ত ও কান্দাহারের বেশ কয়েকটি স্থান ছিল হামলার লক্ষ্য।

পাকিস্তানের এই হামলায় কোনো হতাহতের ঘটনা বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছে তালেবান সরকারের কর্মকর্তারা।

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় প্রদেশ পাক্তিয়া ও কুনারের বিভিন্ন এলাকায় পাকিস্তানি যুদ্ধবিমানের হামলার মাত্র দুই দিন পরেই এই সর্বশেষ হামলাগুলো চালানো হলো। দুদিন আগের ওই হামলায় বেশ কয়েকজন বেসামরিক হতাহতের খবর জানিয়েছে আফগান কর্তৃপক্ষ। তালেবান সরকার এই হামলাগুলোকে আফগানিস্তানের সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে নিন্দা জানিয়েছে।

২০২১ সালে আফগান তালেবান কাবুলের ক্ষমতায় ফিরে আসার পর থেকে পাকিস্তানের খাইবার পাখতুনখাওয়া ও বেলুচিস্তানে আন্তঃসীমান্ত সন্ত্রাসী আক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পায়। বেশ কয়েকটি সীমান্ত পয়েন্টে সীমান্ত সংঘর্ষের পর ২০২৫ সালের অক্টোবরে দুই দেশ একটি সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়।

তবে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় পরবর্তীকালে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে আফগান ভূখণ্ডে চালিত উগ্রপন্থীদের বিরুদ্ধে ‘অপারেশন গজব লিল হক’ শুরু করে ইসলামাবাদ। আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে একাধিক দফা দ্বিপক্ষীয় আলোচনা সত্ত্বেও ইসলামাবাদ ও কাবুলের মধ্যকার মতপার্থক্য ও নিরাপত্তা সংকট এখনো পুরোপুরি নিরসন হয়নি।