logo

রুশ নির্বাচন নিছক গণতন্ত্রের ‘ভান’: ইইউ শীর্ষ কর্মকর্তা

এএফপি
এএফপি
রুশ নির্বাচন নিছক গণতন্ত্রের ‘ভান’: ইইউ শীর্ষ কর্মকর্তা
বেলজিয়ামের ব্রাসেলসে ইউরোপীয় কমিশনের সদর দপ্তরের বাইরে ইউরোপীয় ইউনিয়নের পতাকা উড়ছে। ছবি: রয়টার্স

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে গণতন্ত্রের লেশমাত্র নেই বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) শীর্ষ কূটনীতিবিদ কায়া কালাস। একই সঙ্গে ইউক্রেনের দখলকৃত অঞ্চলে এই ভুয়া নির্বাচন আয়োজন সহযোগিতাকারীদের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার প্রস্তাব দিয়েছেন তিনি।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কালাস বলেন, তথাকথিত ‘ডুমা’ নির্বাচন রাশিয়ার গণতন্ত্রের জন্য আরও একটি বড় ধাক্কা। তাঁর ভাষায়, নির্বাচনের ফলাফল নিয়ে কোনো অনিশ্চয়তা ছিল না।

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ইউনাইটেড রাশিয়া বড় ব্যবধানে জয় পেয়েছে। তবে ইউক্রেনে মস্কোর চলমান যুদ্ধের বিরোধিতা করা কোনো দলকে নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়নি।

কালাস অভিযোগ করেন, ক্রেমলিন ভিন্নমত দমন করেছে, ইউক্রেন যুদ্ধের বিরোধী একমাত্র নিবন্ধিত দলকে নির্বাচনে অংশ নেওয়া থেকে বিরত রেখেছে এবং আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষকদেরও বাইরে রেখেছে। তাঁর মতে, রাশিয়ায় এখন গণতন্ত্রের কেবল বাহ্যিক আবরণটুকুই অবশিষ্ট রয়েছে।

ইউক্রেনের রাশিয়ার দখল করা এলাকাগুলোতে নির্বাচন আয়োজনে সহায়তাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রস্তাব দিয়েছেন বলেও জানান কালাস।

ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে ইইউ ইতোমধ্যে প্রায় ৩ হাজার ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে। নিষেধাজ্ঞার তালিকায় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও রয়েছেন।