logo

ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৮

এএফপি
এএফপি
ইউক্রেনে রুশ হামলায় শিশুসহ নিহত ৮
ইউক্রেনের জাপোরিঝঝিয়ায় রাশিয়ার বিমান হামলা ও বোমাবর্ষণের পর উদ্ধারকর্মীরা একটি আবাসিক ভবনের ধ্বংসস্তূপের মধ্যে তল্লাশি চালাচ্ছেন। ছবি: এএফপি

ইউক্রেনের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর জাপোরিঝঝিয়ায় রাশিয়ার বিমান হামলায় অন্তত আটজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনটি শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৬ জন এবং নিখোঁজ রয়েছেন ১২ জন। শনিবার আঞ্চলিক কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে।

জাপোরিঝঝিয়া অঞ্চলের প্রতিরক্ষা পরিষদের সহপ্রধান ইভান ফেদোরভ বলেন, ‘জাপোরিঝঝিয়ায় বিমান হামলায় নিহতের সংখ্যা বেড়ে আটজনে দাঁড়িয়েছে। তাদের মধ্যে তিনটি শিশু রয়েছে।’

এর আগে জাপোরিঝঝিয়া আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান মিখাইলো সেমিকিন সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে সাতজন নিহত হওয়ার কথা জানিয়েছিলেন।

তিনি আরও বলেন, ধ্বংসস্তূপের নিচে এখনও মানুষ আটকে থাকতে পারেন। উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

ঘটনাস্থলে উপস্থিত বার্তা সংস্থা এএফপির এক সংবাদদাতা ইউক্রেনের জরুরি উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপের নিচ থেকে মানুষকে উদ্ধার করতে দেখেছেন।

ইউক্রেনের জাতীয় পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে রাশিয়া শহরটির আবাসিক এলাকায় পাঁচটি গাইডেড বোমা দিয়ে হামলা চালায়। এতে দুটি আবাসিক ভবন ক্ষতিগ্রস্ত হয়।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের সম্মুখসারির মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত জাপোরিঝঝিয়া অঞ্চল ও একই নামের শহরটি প্রায়ই রুশ হামলার লক্ষ্যবস্তু হচ্ছে।

এদিকে, ইউক্রেনের যুদ্ধ বন্ধে নতুন করে কূটনৈতিক তৎপরতা শুরু হয়েছে। হামলার এক দিন আগে যুক্তরাষ্ট্রের মায়ামিতে ইউক্রেন ও ইউরোপীয় কর্মকর্তারা যুদ্ধ বন্ধের লক্ষ্যে বৈঠক করেন।

রাশিয়ার ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর চার বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় পরিচালিত কূটনৈতিক প্রচেষ্টা এখন পর্যন্ত উল্লেখযোগ্য ফল বয়ে আনতে পারেনি। সাম্প্রতিক মাসগুলোতে ইউক্রেনের বিভিন্ন স্থানে রাশিয়ার হামলা আরও বেড়েছে, যার ফলে বেসামরিক মানুষের প্রাণহানিও বাড়ছে।