logo

এবার নেহা বোরাও আটক

ইন্ডিয়া টুডে
ইন্ডিয়া টুডে
এবার নেহা বোরাও আটক
২০২৬ সালের ৪ অক্টোবর দিল্লির যন্তর মন্তরের কাছে বিক্ষোভ চলাকালে এআইএসএ-এর জাতীয় সভাপতি নেহা বোরাকে আটক করে পুলিশ। ছবি: ইপিএ

ভারতের ককরোচ জনতা পার্টির (সিজেপি) আহ্বায়ক অভিজিৎ দীপকের পর এবার অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের (এআইএসএ) নেত্রী নেহা বোরাকেও আটক করেছে দিল্লি পুলিশ। ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচি পালনের সময় তাকে আটক করা হয়।

শুক্রবার (১৬ অক্টোবর) বিকেলে নয়াদিল্লিতে তাকে আটক করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, পুলিশের বাধা উপেক্ষা করে বিকেল ৫টা ৩৫ মিনিটের দিকে রাজধানীর কনট প্লেসে প্রায় ২০০ থেকে ৩০০ বিক্ষোভকারী জড়ো হন। এ সময় সিজেপি ও এআইএসএর বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়।

দিল্লি পুলিশের এক জ্যেষ্ঠ আইপিএস কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, বিক্ষোভকারীরা শান্তিপূর্ণ থাকলে এবং সেন্ট্রাল পার্কে প্রবেশ না করলে তাদের আটক করা হবে না।

সিজেপি তাদের তেরঙ্গা মিছিলের পরিকল্পনা করেছিল সেন্ট্রাল পার্কে। তবে সেখানে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছিল এবং প্রবেশে নিষেধাজ্ঞা জারি ছিল। এমন পরিস্থিতিতে পুলিশের পক্ষ থেকে ওই আশ্বাস দেওয়া হয়।

এর আগে, ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচি পালনের উদ্দেশে নিজের বাড়ি থেকে বের হলে সিজেপির প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপকেকে আটক করে পুলিশ। এ নিয়ে চলতি সপ্তাহে দ্বিতীয় বার আটক হলেন তিনি।

এদিন ‘তেরঙ্গা ওড়াও’ কর্মসূচির নির্ধারিত সময়ের কয়েক ঘণ্টা আগেই অভিজিৎ দীপকের বাড়িতে হাজির হয় দিল্লি পুলিশ। প্রাথমিকভাবে কর্মসূচিতে তাকে যোগ না দিতে নোটিশ দেওয়া হয়। কিন্তু নোটিশ উপেক্ষা করে বাড়ি থেকে বের হলে তাকে আটক করা হয়।