বিশ্ববাজারে ফের বাড়ল তেলে দাম

ইরানের নতুন ও কঠিন শর্ত আরোপের পর আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলে দাম আবারও বৃদ্ধি পেয়েছে। ওয়াশিংটনের কাছ থেকে পূর্ণ ক্ষতিপূরণ ও নিষেধাজ্ঞা শিথিলের বিষয়ে সমঝোতা না হওয়া পর্যন্ত তেহরান হরমুজ প্রণালি খুলে দেবে না, এমন খবরে বিশ্ববাজারে স্থিতিশীলতা ফেরার আশা ম্লান হয়ে পড়েছে।
সোমবার (১০ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টা পর্যন্ত আন্তর্জাতিক মানদণ্ড ব্রেন্ট ক্রুডের দাম ১ শতাংশের বেশি বৃদ্ধি পেয়ে ব্যারেলপ্রতি ৮৪.৪৩ ডলারে পৌঁছেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের সামরিক সংঘাত শুরুর আগের মূল্যের তুলনায় প্রায় ১৬ শতাংশ বেশি।
তেলের মূল্যে ভূরাজনৈতিক ঝুঁকি যুক্ত হলেও এর বিপরীতে সোমবার এশিয়ার শেয়ারবাজারে উল্লেখযোগ্য চাঙা ভাব দেখা গেছে। জাপানের প্রধান সূচক ‘নিক্কেই ২২৫’ ১.৯ শতাংশ বেড়েছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়ার ‘কোস্পি’ এবং হংকংয়ের ‘হ্যাং সেং’ উভয় সূচকই ০.৭ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।
বিশ্ব তেলের মোট সরবরাহের প্রায় পাঁচভাগের একভাগ পরিবহনে ব্যবহৃত এই নৌপথটিতে গত ফেব্রুয়ারির শেষভাগ থেকে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে নৌচলাচল কার্যত অচল হয়ে পড়েছে।
জাহাজ ট্র্যাকিং প্ল্যাটফর্ম মেরিন ট্র্যাফিকের তথ্য মতে, আগস্টের প্রথম সপ্তাহে প্রতিদিন মাত্র ৮ থেকে ১৫টি জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে। মধ্যপ্রাচ্যে সংঘাত-পূর্ব সময়ের গড় ১৩০টি যাতায়াতের তুলনায় খুবই কম।
কেসিএম ট্রেডের বাজার বিশ্লেষক টিম ওয়াটারার জানান, তেলের দামের সাম্প্রতিক লাফিয়ে ওঠা এটাই প্রমাণ করে যে হরমুজ প্রণালি পুনরায় খোলার ক্ষেত্রে আলোচনা কতটা ভঙ্গুর। তবে বৈশ্বিক বাজার বিশ্লেষকদের মতে, ভবিষ্যতে দুই দেশের মধ্যে কোনো চুক্তি হলেও কূটনৈতিক জটিলতা ও নীতি পরিবর্তনের ঝুঁকি থেকেই যাবে, যা তেলের দাম হঠাৎ খুব বেশি কমে যাওয়ার সম্ভাবনাকে সীমিত করে দিয়েছে।
সূত্র: আলজাজিরা

