logo

কলকাতায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গ্রেপ্তার ৩

এশিয়া পোস্ট নিউজ, কলকাতা
কলকাতায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গ্রেপ্তার ৩
কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইনে’ হোটেলে অগ্নিকাণ্ডে ৯ জনের প্রাণহানি। ছবি: সংগৃহীত

কলকাতার মির্জা গালিব স্ট্রিটের ‘শিখা ইনে’ হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাত বাংলাদেশিসহ ৯ জনের মৃত্যুর ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে হোটেলটির লিজগ্রহিতা আবু জাফরকে। তদন্তে হোটেল পরিচালনা, লিজ সংক্রান্ত নথি এবং অগ্নিনিরাপত্তা ব্যবস্থায় একাধিক গাফিলতির তথ্য সামনে আসার পর তাকে গ্রেপ্তার করে কলকাতা পুলিশ।

Advertisement

একই ঘটনায় পাশের ‘যাপন’ হোটেলের ম্যানেজার ও এক কর্মীকেও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এদিকে অগ্নিকাণ্ডের কারণ ও নিরাপত্তা ব্যবস্থার গাফিলতি খতিয়ে দেখতে গঠন করা হয়েছে বিশেষ তদন্তকারী দল (এসআইটি)।

কলকাতা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার আবু জাফর এন্টালি থানার প্রাক-বাজার এলাকা থেকে জোড়াসাঁকোর বাসিন্দা। তদন্তের স্বার্থে পাশের ‘যাপন’ নামক অপর একটি হোটেলের ম্যানেজার ও এক কর্মীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তথ্য অনুযায়ী, ওই ‘যাপন’ হোটেলটিরও লিজহোল্ডার এই আবু জাফর। মর্মান্তিক এই অগ্নিকাণ্ডে প্রাণ হারানো ৯ জনের মধ্যে সাতজন বাংলাদেশি নাগরিক এবং দুজন ভারতীয় রয়েছেন। তাদের মধ্যে ছয়জন পুরুষ, দুজন নারী ও একজন শিশু রয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে মনে করা হচ্ছে, এসিতে শর্ট সার্কিট বা বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়ে দ্রুত চারটি ঘরে ছড়িয়ে পড়ে এবং বিষাক্ত ধোঁয়ায় দমবন্ধ হয়ে মৃত্যুর ঘটনা ঘটে।

ঘটনার গুরুত্ব বিচারে কলকাতা পুলিশের লালবাজার সদর দপ্তর থেকে ডিটেকটিভ ডিপার্টমেন্টের ডেপুটি কমিশনারের নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (এসআইটি) গঠন করা হয়েছে। হোটেলটির অগ্নিনির্বাপণ ছাড়পত্র ও নিরাপত্তা ব্যবস্থা ছিল কি না, তা খতিয়ে দেখছে এসআইটি।

এদিকে ঘটনার পর নিউ মার্কেট থানা ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১০৫ (অনিচ্ছাকৃত খুন), ৬১ (অপরাধমূলক ষড়যন্ত্র) এবং ৩/৫ (সমবেত অপরাধ) ধারায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। এ ছাড়া দমকল বাহিনীর পক্ষ থেকেও পৃথক অভিযোগ নথিভুক্ত করা হয়েছে।

কলকাতায় অগ্নিকাণ্ডে হতাহতের ঘটনায় গ্রেপ্তার ৩