logo

যুক্তরাজ্য থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়ার হুঁশিয়ারি ব্রিটিশ এমপির

যুক্তরাজ্য থেকে সব বাংলাদেশিকে বের করে দেওয়ার হুঁশিয়ারি ব্রিটিশ এমপির
এনসিপি-আওয়ামী লীগ নেতাকর্মীদের সংঘর্ষ (বামে) ব্রিটিশ এমপি রুপার্ট লো (ডানে)। ছবি: এশিয়া পোস্ট কোলাজ

লন্ডনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় সব বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন ব্রিটিশ পার্লামেন্টের সদস্য (এমপি) রুপার্ট লো। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান। একই সঙ্গে সংঘর্ষে জড়িত বাংলাদেশি অভিবাসীদের বহিষ্কারের হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

গত ১৬ নভেম্বর স্থানীয় সময় রাতে রমফোর্ডের মেফেয়ার ভেন্যুর বাইরে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সেখানে এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলামের সম্মানে আয়োজিত একটি নাগরিক সংবর্ধনা অনুষ্ঠান চলছিল। অনুষ্ঠান শেষে নিষিদ্ধ আওয়ামী লীগ ও এনসিপির সমর্থকদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষ হয়।

Advertisement

পরদিন মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে রুপার্ট লো লেখেন, ‘এনসিপি ও তাদের প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মধ্যকার এক অদ্ভুত রাজনৈতিক বিরোধ নিয়ে রমফোর্ডের রাস্তায় বাংলাদেশিরা মারামারি করছেন। এর অর্থ কী, তা কে জানে! এসব বাংলাদেশিকে নিয়ে, কিংবা বলা ভালো, বাংলাদেশকে নিয়ে আমার বিন্দুমাত্র মাথাব্যথা নেই। সবাইকে দেশ থেকে বের করে দিন।’

এর আগে দেওয়া আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘রমফোর্ডের রাস্তায় মারামারিতে জড়িত বাংলাদেশি অভিবাসীদের রিস্টোর ব্রিটেন সরকার ক্ষমতায় এলে বহিষ্কার করা হবে।’

রুপার্ট লো যুক্তরাজ্যের গ্রেট ইয়ারমাউথ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। তিনি রিস্টোর ব্রিটেন দলের নেতা। দলটির রাজনৈতিক কর্মসূচিতে অভিবাসন নিয়ন্ত্রণ, ব্যাপক হারে অভিবাসী বহিষ্কার এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ইভনিং স্ট্যান্ডার্ড জানিয়েছে, রমফোর্ডের সংঘর্ষে অন্তত ছয়জন আহত হয়েছেন। তাদের কারও কারও মাথা ও শরীরে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সংঘর্ষে জড়িত কয়েকজনকে লাঠি হাতে দেখা গেছে। সংঘর্ষ আবাসিক এলাকাতেও ছড়িয়ে পড়ে।

লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র জানান, সোমবার রাত ১০টা ১২ মিনিটে হাই রোডের চ্যাডওয়েল হিথ এলাকায় সংঘর্ষের খবর পেয়ে দুটি অ্যাম্বুলেন্স দল পাঠানো হয়। ঘটনাস্থলে ছয়জনকে চিকিৎসা দেওয়া হয়। তাঁদের মধ্যে একজনকে হাসপাতালে নেওয়া হয়েছে।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান শেষে আওয়ামী লীগ ও এনসিপির সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে চার থেকে পাঁচজন আহত হন। অন্যদিকে বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, আহত পাঁচজনকে লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

বাংলাদেশের রাজনৈতিক বিরোধের জেরে যুক্তরাজ্যে এমন সংঘর্ষের ঘটনা এবারই প্রথম নয়। বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৬ নভেম্বর ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে একটি অনুষ্ঠানে নাহিদ ইসলামকে ঘিরে আওয়ামী লীগ-সমর্থকদের বিক্ষোভ ও তাকে হয়রানির চেষ্টার ঘটনা ঘটে।

এর আগে গত জুনেও যুক্তরাজ্যে এনসিপির নেতা হাসনাত আবদুল্লাহর একটি অনুষ্ঠানের বাইরে আওয়ামী লীগ-সমর্থকেরা বিক্ষোভ করেছিলেন।

এদিকে, সংঘর্ষের পর নাহিদ ইসলাম তার ফেসবুক পোস্টে অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে আসা প্রবাসী বাংলাদেশি ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর হামলা করেছেন। এতে কয়েকজন আহত হয়েছেন।

তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত রাজনৈতিক শক্তির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন।

যুক্তরাজ্যের সংবাদমাধ্যম হ্যাভারিং ডেইলি জানিয়েছে, স্থানীয় সংসদ সদস্য অ্যান্ড্রু রোজিনডেল এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, যুক্তরাজ্যের রাস্তায় এ ধরনের আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট