logo

আরএসএসের ওপর নিষেধাজ্ঞা চাওয়া মার্কিন সংস্থার তীব্র সমালোচনায় ভারত

এনডিটিভি
আরএসএসের ওপর নিষেধাজ্ঞা চাওয়া মার্কিন সংস্থার তীব্র সমালোচনায় ভারত
ছবি: সংগৃহীত

ভারতের হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের (আরএসএস) ওপর নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক ধর্মীয় স্বাধীনতা কমিশন (ইউএসসিআইআরএফ)। এর প্রতিক্রিয়ায় মার্কিন সংস্থাটিকে ‘পক্ষপাতদুষ্ট’ আখ্যা দিয়ে তীব্র সমালোচনা করেছে ভারত।

Advertisement

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল শুক্রবার বলেন, ইউএসসিআইআরএফ ভারতের বিষয়ে ‘অবমাননাকর ও উসকানিমূলক মন্তব্য’ করে আসছে। সংস্থাটির নিজস্ব এজেন্ডা রয়েছে এবং তাদের বিশ্বাসযোগ্যতা নেই বলেও মন্তব্য করেন তিনি।

জয়সওয়াল বলেন, এটি একটি পক্ষপাতদুষ্ট সংগঠন। এ ধরনের সংগঠন থেকে দূরে থাকাই উচিত। তাদের নিজস্ব এজেন্ডা রয়েছে এবং তাদের কোনো বিশ্বাসযোগ্যতা নেই।

তার দাবি, ভারতের বহুত্ববাদী কাঠামো ও বিভিন্ন সম্প্রদায়ের শান্তিপূর্ণ সহাবস্থানের বাস্তবতা ইউএসসিআইআরএফ স্বীকার করবে—এমন প্রত্যাশা নেই।

সম্প্রতি আরএসএসের প্রধান মোহন ভাগবতের যুক্তরাষ্ট্র সফরের বিরোধিতা করে ওয়াশিংটনের প্রতি সংগঠনটির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানায় ইউএসসিআইআরএফ। আগামী ২৯ আগস্ট নিউইয়র্ক সফরের কথা রয়েছে ভাগবতের।

ইউএসসিআইআরএফ আরও বলেছে, আরএসএসের নেতাদের যুক্তরাষ্ট্র সফরে কোনো কূটনৈতিক সুবিধা দেওয়া উচিত নয়।

সংস্থাটির দাবি, আরএসএস একটি এমন এক সংগঠন, যার বিভিন্ন সহযোগী সংগঠনের বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলার অভিযোগ রয়েছে।

এর আগে গত মার্চে প্রকাশিত বার্ষিক প্রতিবেদনেও ভারত নিয়ে সমালোচনা করে ইউএসসিআইআরএফ। ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের অভিযোগে আরএসএসসহ বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞার সুপারিশ করে সংস্থাটি। একই সঙ্গে ভারতকে ‘বিশেষ উদ্বেগজনক’ দেশ হিসেবে তালিকাভুক্ত করার আহ্বান জানায় তারা।

ইউএসসিআইআরএফ যুক্তরাষ্ট্র সরকারের একটি স্বাধীন সংস্থা। ধর্মীয় স্বাধীনতা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি সংস্থাটি মার্কিন প্রেসিডেন্ট, পররাষ্ট্রমন্ত্রী ও কংগ্রেসকে নীতিগত সুপারিশ দিয়ে থাকে।

আরএসএসের ওপর নিষেধাজ্ঞা চাওয়া মার্কিন সংস্থার তীব্র সমালোচনায় ভারত