কয়েক ঘণ্টা পরই পূর্ণ সূর্যগ্রহণ, কোন কোন জায়গা থেকে দেখা যাবে

বিবিসি বাংলা
কয়েক ঘণ্টা পরই পূর্ণ সূর্যগ্রহণ, কোন কোন জায়গা থেকে দেখা যাবে
পূর্ণ সূর্যগ্রহণ। ছবি: সংগৃহীত

বিরল একটি পূর্ণ সূর্যগ্রহণের সাক্ষী হতে চলেছে বিশ্ব। কিছু অঞ্চলে এটি হবে পূর্ণগ্রাস সূর্যগ্রহণ, আবার অন্য অঞ্চলে আংশিক সূর্যগ্রহণ দেখা যাবে।

Advertisement

বাংলাদেশ সময় বুধবার (১২ আগস্ট) রাত ৯টা ৩৪ মিনিটে সূর্যগ্রহণটি শুরু হবে। স্থায়িত্বকাল হবে প্রায় ২ মিনিট ১৮ সেকেন্ড। পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটে যখন সূর্য, চাঁদ ও পৃথিবী একই সরলরেখায় নিখুঁতভাবে অবস্থান করে এবং চাঁদ সূর্যের চাকতিকে পুরোপুরি ঢেকে ফেলে। এর ফলে আকাশ ভোর বা গোধূলির মতো অন্ধকার হয়ে যায়।

বিজ্ঞানীদের মতে, পৃথিবী থেকে সূর্য ও চাঁদের আকার প্রায় সমান দেখানোর কারণেই পূর্ণগ্রাস গ্রহণ সম্ভব হয়।

বিরল এই ঘটনার সাক্ষী হতে মুখিয়ে আছে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষ। তবে, নির্দিষ্ট কিছু স্থানে দিনেই নামবে অন্ধকার। মূলত, ইউরোপের মূল ভূখণ্ডের মানুষেরা সূর্যগ্রহণটি ভালোভাবে দেখতে পারবেন। স্পেন, আইসল্যান্ড, গ্রিনল্যান্ড, রাশিয়া, পর্তুগালসহ উত্তর-পশ্চিম আফ্রিকার কিছু অংশেও দেখা যাবে দৃশ্যটি। ১৯৯৯ সালের পর এই প্রথম ইউরোপের মূল ভূখণ্ড থেকে পূর্ণ সূর্যগ্রহণ দৃশ্যমান হবে।

নাসার তথ্য অনুযায়ী, সূর্য পুরোপুরি আচ্ছাদিত হওয়ার মুহূর্ত, অর্থাৎ টোটালিটি- এটা ঘটবে উত্তর রাশিয়ার একটি ছোট ও প্রত্যন্ত অঞ্চলে এবং দুপুরের দিকে। এরপর এটি পৃথিবীর ওপর দিয়ে পূর্ব দিকে অগ্রসর হবে এবং স্থানীয় সময় সন্ধ্যার শেষ ভাগে, সূর্যাস্তের ঠিক আগে, স্পেনে পৌঁছাবে।

স্পেনে স্থানীয় সময় রাত ৮টা ২৭ মিনিট নাগাদ এই পূর্ণগ্রাস শুরু হবে এবং স্থানভেদে তা প্রায় ১১০ সেকেন্ড পর্যন্ত স্থায়ী হবে। মাদ্রিদ ও বার্সেলোনার মতো বড় শহরগুলো এই বলয়ের ঠিক বাইরে থাকলেও সেখান থেকেও সূর্য প্রায় ৯৯ শতাংশ ঢাকা পড়তে দেখা যাবে।

সর্বশেষ এমন ঘটনা ঘটেছিলো দুই হাজার চব্বিশের এপ্রিলে। দুই বছর পর আবারও পূর্ণগ্রাস সূর্যগ্রহণের দৃশ্য দেখতে যাচ্ছে পৃথিবীবাসী।

বিজ্ঞানীদের মতে, বছরপ্রতি পৃথিবীতে দুই থেকে পাঁচটি সূর্যগ্রহণ দেখা যায়। তবে পূর্ণ সূর্যগ্রহণ তুলনামূলক বিরল। প্রতি এক শতাব্দীতে গড়ে ৬৬ বার বা দেড় বছর পরপর এটি ঘটে থাকে।

কয়েক ঘণ্টা পরই পূর্ণ সূর্যগ্রহণ, কোন কোন জায়গা থেকে দেখা যাবে