শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণে বৃহস্পতিবার আইন প্রস্তাব করবে ইইউ

শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দিতে নতুন আইন প্রস্তাব করতে যাচ্ছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। বৃহস্পতিবার আইনটির খসড়া উপস্থাপন করা হবে বলে জানিয়েছে ইইউ।
এর এক দিন আগে ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেইন অপ্রাপ্তবয়স্কদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের জন্য সম্ভাব্য বয়সসীমা ঘোষণা করবেন বলে ধারণা করা হচ্ছে।
দেড় বছরেরও বেশি সময় ধরে আলোচনা এবং ফ্রান্স ও গ্রিসসহ ইইউর বিভিন্ন সদস্যদেশের পাশাপাশি অভিভাবকদের চাপের পর বিষয়টি সামনে এসেছে। ২৭ দেশের জোটের আইনপ্রণেতাদের উদ্দেশে ফ্রান্সের স্ট্রাসবুর্গে ইউরোপীয় পার্লামেন্টে দেওয়া ভাষণে ফন ডার লেইন এ বিষয়ে কথা বলবেন।
ইইউ কমিশনের মুখপাত্র ওলোফ গিল সাংবাদিকদের জানান, বৃহস্পতিবার ব্রাসেলসে ফন ডার লেইন ও ইইউর প্রযুক্তিবিষয়ক কমিশনার হেনা ভিরকুনেন যৌথভাবে ‘ইইউ কিডস অ্যাক্ট’ উপস্থাপন করবেন।
ফন ডার লেইন শিশুদের ব্যবহৃত সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্মগুলোকে ‘ডিজাইন থেকেই নিরাপদ’ করার ওপর জোর দিতে পারেন। অর্থাৎ, এসব প্ল্যাটফর্ম যেন শিশুদের মধ্যে আসক্তি তৈরি না করে এবং অতিরিক্ত ব্যবহারে উৎসাহিত করে—এমন ফিচার সরিয়ে ফেলার কথা বলা হতে পারে।
শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে বয়সসীমা নির্ধারণের বিষয়টিও বিবেচনা করছে ইইউ। বিশেষজ্ঞদের একটি প্যানেল ১৩ বছরের কম বয়সিদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞার সুপারিশ করেছে। অন্যদিকে ফ্রান্স ১৫ বছরের কম বয়সিদের জন্য নিষেধাজ্ঞা চায়।
শিশুদের মানসিক ও শারীরিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে বিভিন্ন গবেষণায় উদ্বেগ প্রকাশের পর বিশ্বজুড়ে এ ধরনের নিয়ন্ত্রণের দাবি জোরালো হয়েছে।
এ ক্ষেত্রে অস্ট্রেলিয়া ইতোমধ্যে ১৬ বছরের কম বয়সিদের জন্য সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা কার্যকর করে বিশ্বের প্রথম দেশ হিসেবে নজির তৈরি করেছে।
