তেলের দেশ আরব আমিরাতে পেট্রোলের দাম বাড়ল ১৬ শতাংশ

বিশ্ববাজারে তেলের মূল্যবৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ সংযুক্ত আরব আমিরাতে। বৈশ্বিক ভূরাজনৈতিক উত্তেজনার জেরে দেশটির স্থানীয় বাজারে লাফিয়ে বেড়েছে জ্বালানি তেলের দাম। নতুন দর অনুযায়ী দেশটিতে পেট্রোলের দাম সর্বোচ্চ ১৬ দশমিক ৬ শতাংশ এবং ডিজেলের দাম ১১ দশমিক ৬ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকেই সারা দেশে কার্যকর হচ্ছে এই নতুন জ্বালানি মূল্য। এর আগে বুধবার রাতে বৈশ্বিক জ্বালানি বাজারের দামের সঙ্গে সমন্বয় করে নতুন দরসূচি ঘোষণা করে দেশটির রাষ্ট্রীয় জ্বালানি মূল্য কমিটি।
গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, আরব আমিরাতের জ্বালানি মূল্য কমিটির নতুন ঘোষণা অনুযায়ী, আজ ১ অক্টোবর থেকে পেট্রোল ও ডিজেলসহ সব ধরণের জ্বালানির ওপর বাড়তি দাম কার্যকর হচ্ছে।
সবচেয়ে বেশি ব্যবহৃত পেট্রোলের দাম সেপ্টেম্বরের প্রতি লিটার ৩ দশমিক ৬১ দিরহাম থেকে বাড়িয়ে ৪ দশমিক ২১ দিরহাম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি লিটার পেট্রোলে দাম বেড়েছে ১৬ দশমিক ৬ শতাংশ। অন্যদিকে অকটেনের দাম প্রতি লিটার ৩ দশমিক ৬৯ দিরহাম থেকে ১৬ শতাংশ বাড়িয়ে ৪ দশমিক ২৮ দিরহাম করা হয়েছে।
পাশাপাশি ডিজেলের দাম প্রতি লিটার ৪ দশমিক ৩০ দিরহাম থেকে বেড়ে ৪ দশমিক ৮০ দিরহাম হয়েছে, যা আগের মাসের তুলনায় ১১ দশমিক ৬ শতাংশ বেশি। সবচেয়ে ভালো মানের তেল সুপার ৯৮ প্রতি লিটার ৩ দশমিক ৮০ দিরহাম থেকে বেড়ে ৪ দশমিক ৪০ দিরহাম নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ গত মাসের তুলনায় দাম বেড়েছে ১৫ দশমিক ৮ শতাংশ।
সাধারণত বৈশ্বিক অপরিশোধিত তেলের দাম ও আন্তর্জাতিক বাজারের গতিপ্রকৃতির সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতি মাসের শেষ দিনে খুচরা জ্বালানির দর পর্যালোচনা ও পুনর্নির্ধারণ করে থাকে সংযুক্ত আরব আমিরাতের জ্বালানি মূল্য কমিটি।
ওপেকভুক্ত দেশগুলোর মধ্যে তেল উৎপাদনে অন্যতম স্থিতিশীল ও প্রভাবশালী দেশ সংযুক্ত আরব আমিরাত। দেশটির আবুধাবি প্রদেশের বিশাল তেলক্ষেত্রগুলো থেকেই সিংহভাগ তেল উৎপাদিত হয়, যা আধুনিক প্রযুক্তির মাধ্যমে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান আবুধাবি ন্যাশনাল অয়েল কোম্পানি (অ্যাডনক) পরিচালনা করে থাকে।
তা সত্ত্বেও বৈশ্বিক বাজারে অস্থিরতার ফলে নিজ দেশেই জ্বালানির মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত নিতে বাধ্য হলো সরকার। অবশ্য, স্বাধীনভাবে তেল উৎপাদন বৃদ্ধি করার প্রত্যয় নিয়ে গত ১ মে তেল রপ্তানিকারক দেশগুলোর জোট ওপেক ও ওপেক প্লাস থেকে বেড়িয়ে যায় আরব আমিরাত।

