
বৈশ্বিক চাহিদা হ্রাস পাওয়ার আশঙ্কায় অপরিশোধিত তেলের দাম বিশ্ববাজারে সামান্য পতন ঘটেছে। টানা কয়েক সেশনে ধারাবাহিক মূল্যবৃদ্ধির পর বৃহস্পতিবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক বাজারে তেলের বাজার কিছুটা নিম্নমুখী দেখা গেছে। আন্তর্জাতিক ব্রেঞ্চমার্ক ব্রেন্ট ফিউচারর্স ও মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি এক শতাংশ কমেছে।
এদিন দুপুর ১২টা ২৪ মিনিট নাগাদ বিশ্ববাজারে ব্রেন্ট ফিউচারর্সে তেলের মূল্য ব্যারেলপ্রতি ১১ সেন্ট বা ০.১২ শতাংশ কমে ৮৮.৮৭ ডলারে নেমে আসে। এটি গত ছয় সেশনের অর্জিত মূল্যবৃদ্ধিকে কিছুটা শ্লথ করে।
একইভাবে যুক্তরাষ্ট্রের ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও ব্যারেলপ্রতি ১৬ সেন্ট বা ০.১৯ শতাংশ হ্রাস পেয়ে ৮৩.১১ ডলারে স্থির হয়। অথচ এর আগের টানা পাঁচটি সেশনে ডব্লিউটিআইএর দাম ঊর্ধ্বমুখী ছিল।
বাজার বিশ্লেষকদের মতে, চলতি বছরে বিশ্ববাজারে তেলের চাহিদা কমে যাওয়ার আশঙ্কার বিষয়টি বিনিয়োগকারীরা বিবেচনায় নেওয়ায় দামের এই পতন ঘটে। তবে হরমুজ প্রণালিতে অচলাবস্থা ও সরবরাহ বিঘ্নিত হওয়ার বিষয়ে আলোচনায় কোনো উল্লেখযোগ্য অগ্রগতি না হওয়ায় দামের এই পতন কিছুটা সীমিত ছিল। বাজার এখন বোঝার চেষ্টা করছে যে, মধ্যপ্রাচ্যে রাজনৈতিক অস্থিরতার কারণে সম্ভাব্য সরবরাহ ঘাটতি বিশ্বব্যাপী তেলের চাহিদা কমে যাওয়ার প্রভাবকে পুষিয়ে নিতে যথেষ্ট হবে কি না।
