logo

হরমুজে মাইন বিস্ফোরণে দুই মিলিয়ন ব্যারেল তেলবাহী সুপারট্যাংকারে আগুন

হরমুজে মাইন বিস্ফোরণে দুই মিলিয়ন ব্যারেল তেলবাহী সুপারট্যাংকারে আগুন
হরমুজ প্রণালি অতিক্রমের সময় মাইনে আঘাত লেগে একটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে আইআরজিসি। ছবি: ইরানওয়্যার

হরমুজ প্রণালি অতিক্রমের সময় সমুদ্রের মাইনে আঘাত লেগে দুই মিলিয়ন ব্যারেলের বেশি অপরিশোধিত তেলবাহী একটি সুপারট্যাংকারে বিস্ফোরণ ও অগ্নিকাণ্ড ঘটেছে বলে দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) নৌবাহিনী।

আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সিতে প্রকাশিত আইআরজিসির এক বিবৃতিতে বলা হয়েছে, অনুমোদনহীন পথে হরমুজ প্রণালি পার হওয়ার চেষ্টা করার সময় ট্যাংকারটি সমুদ্রের মাইনে আঘাত করে। এতে জাহাজটিতে বড় ধরনের বিস্ফোরণ ঘটে এবং ভয়াবহ আগুন ছড়িয়ে পড়ে।

যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অভিযোগ ইরানের

আইআরজিসির অভিযোগ, ট্যাংকারটি তার সব ট্র্যাকিং ও রাডার ব্যবস্থা বন্ধ করে দেয়। এরপর যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তায় প্রতারণামূলক কৌশল অবলম্বন করে প্রণালিটি অতিক্রমের চেষ্টা করে।

তবে ট্যাংকারটির নাম, কোন দেশের পতাকাবাহী জাহাজ সেটি, হতাহতের ঘটনা কিংবা আগুন নিয়ন্ত্রণে আনার বিষয়ে বিবৃতিতে বিস্তারিত জানানো হয়নি। একইভাবে যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার অভিযোগের পক্ষেও স্বাধীনভাবে যাচাই করা কোনো তথ্য দেওয়া হয়নি।

‘হরমুজ প্রণালি বন্ধ’

বিবৃতিতে আইআরজিসি নৌবাহিনী সতর্ক করে বলেছে, ‘হরমুজ প্রণালি বন্ধ।’

ইরানের নিয়ম লঙ্ঘন করে যুক্তরাষ্ট্রের সমর্থনের ওপর নির্ভর করে যেসব জাহাজ প্রণালিটি অতিক্রমের চেষ্টা করবে, তাদের গুরুতর পরিণতির মুখোমুখি হতে হবে বলেও হুঁশিয়ারি দিয়েছে সংস্থাটি।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস পরিবহন করা হয়। ফলে সেখানে নৌ চলাচল ব্যাহত হলে আন্তর্জাতিক জ্বালানি সরবরাহ ও তেলের বাজারে প্রভাব পড়তে পারে।

ট্যাংকারে মাইন আঘাত, অগ্নিকাণ্ড এবং প্রণালি বন্ধের বিষয়ে আইআরজিসির দাবিগুলো স্বাধীন সূত্রে যাচাই করা হয়নি।