সীমান্তে বাংলাদেশি হেনস্তার অভিযোগে ২ ভারতীয় দালাল গ্রেপ্তার

ভারতে প্রবেশের পর বাংলাদেশিদের হয়রানি করার অভিযোগে দুই ভারতীয় দালালকে গ্রেপ্তার করেছে ভারতের পেট্রাপোল থানার পুলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) পেট্রাপোল ইমিগ্রেশনের প্যাসেঞ্জার দুই নম্বর টার্মিনালের কাছে অভিযান চালিয়ে ইব্রাহিম বিশ্বাস ওরফে মুন্না এবং আলমগীর মন্ডল নামে দুই স্থানীয় ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ।
জানা গেছে মানি এক্সচেঞ্জ করে এমন বিভিন্ন কাউন্টারের সামনে ঘোরাফেরা করত এই দুই ব্যক্তি। বাংলাদেশি যাত্রীদের কখনও জোর করে কখনও ভুল বুঝিয়ে মুদ্রাবিনিময় করতে বাধ্য করত এই দুজন।
অভিযোগ ব্যাংক নির্ধারিত বিনিময় বা স্বাভাবিক বিনিময় হারের পরিবর্তে ইচ্ছামতো বিনিময়মূল্য চাপিয়ে দিয়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করত অভিযুক্তরা। এমনকি বিভিন্নভাবে ভয় দেখানো এবং বিভ্রান্ত করারও অভিযোগ উঠেছে এই দুই ব্যক্তির নামে।
ভুক্তভোগীরা জানান, বেনাপোল পেরোলেই ভারতের পেট্রাপোল । কাস্টমস ইমিগ্রেশন শেষ করে ল্যান্ড পোর্ট থেকে বেরোতে না বেরোতেই শুরু হয় ভারতীয় দালালদের অত্যাচার। জোর করে কম রেটে মানি এক্সচেঞ্জ করতে বাধ্য করা, অতিরিক্ত গাড়ি ভাড়া দাবি করা, পাস পোর্ট কেড়ে নেওয়া, শারীরিক হেনস্তার নিত্যনতুন অভিযোগ ভারতের পেট্রাপোল বন্দরকে কেন্দ্র করে আসতেই থাকে।
অভিযোগ রয়েছে পেট্রাপোল থানায় পর্যটকদের অভিযোগের পাহাড় জমলেও পুলিশ থাকে নির্বিকার। সেই সুযোগেই দালালদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে পেট্রাপোল বন্দর।