দাম কমতেই দুবাইয়ে স্বর্ণ কেনার হিড়িক

বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গয়নার দোকানগুলোতে ক্রেতাদের আনাগোনা বেড়েছে। বিয়ে, বিবাহবার্ষিকী, উপহার ও উৎসবের জন্য যারা উচ্চ দামের কারণে স্বর্ণালংকার কেনা কমিয়ে দিয়েছিলেন, তারা আবারও কেনাকাটা শুরু করেছেন। পাশাপাশি পুরোনো স্বর্ণ বদলে নতুন গয়না কেনা, আগাম বুকিং ও বিনিয়োগের জন্য স্বর্ণ কেনার প্রবণতাও বাড়ছে।
রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।
প্রতিবেদনে বলা হয়, দুবাইয়ের বাজারে শনিবার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রায় ১ লাখ ৬৮ হাজার ১০০ টাকা। ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রায় ১ লাখ ৫৫ হাজার ৫৫৪ টাকা। গত এক মাসে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে প্রায় ২৩ হাজার ৩৫৬ টাকা। আর চলতি বছরে কমেছে ৩৬ হাজার ৬৬৫ টাকার বেশি।
এদিকে সপ্তাহ শেষে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম দাঁড়িয়েছে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলার। এক সপ্তাহে দাম কমেছে ৪ দশমিক ৩৩ শতাংশ। সুদের হার বাড়ার আশঙ্কা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের শেয়ারে দরপতনের প্রভাবে স্বর্ণের বাজারে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।
বাফলে জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা বলেন, স্বর্ণের দাম আগের চেয়ে বেশি থাকায় যারা কেনাকাটা করেননি, তারা এখন আবার পরিকল্পনা অনুযায়ী গয়না কিনতে আসছেন। বিশেষ করে বিয়ে, পারিবারিক অনুষ্ঠান ও ব্যক্তিগত ব্যবহারের জন্য কেনাকাটায় আগ্রহ বেড়েছে।
জয়ালুক্কাস জুয়েলারির প্রধান নির্বাহী কর্মকর্তা জন পল আলুক্কাস বলেন, তাদের শোরুমগুলোতে ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। স্বর্ণের দাম ক্রেতাদের কাছে সহনীয় হওয়ায় তারা গয়ন কিনছেন। অনেক ক্রেতা দীর্ঘদিন ধরে পছন্দ করে রাখা গয়না কিনছেন। কেউ কেউ বিয়ে, বিবাহবার্ষিকী ও অনুষ্ঠানের জন্য আগেভাগেই কেনাকাটার প্রস্তুতি নিচ্ছেন।
কানজ জুয়েলসের ব্যবস্থাপনা পরিচালক অনিল ধনক বলেন, স্বর্ণের দাম কমায় ক্রেতাদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। আগে বেশি দামের কারণে যারা গয়না কেনা কমিয়ে দিয়েছিলেন, তারা এখন নতুন করে কেনার কথা ভাবছেন। সংযুক্ত আরব আমিরাতে বিয়ে, উৎসব ও উপহার দেওয়ার ক্ষেত্রে গয়নার বিশেষ গুরুত্ব রয়েছে। দাম কমায় এসব কেনাকাটায় আগ্রহ বাড়ছে।
মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন্তর্জাতিক কার্যক্রম বিভাগের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ বলেন, দাম কমায় তাদের বিভিন্ন শোরুমে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। গয়না কেনার পাশাপাশি বিনিয়োগের জন্যও অনেকে স্বর্ণ কিনতে আগ্রহী হচ্ছেন।
আগাম বুকিং ও পুরোনো স্বর্ণ বদলে কেনার প্রবণতা
স্বর্ণের দাম কমার পাশাপাশি ক্রেতাদের কেনাকাটার ধরনেও পরিবর্তন এসেছে। অনেকেই গয়নার নকশা পছন্দ করার আগেই নির্দিষ্ট দামে স্বর্ণ কেনার আগাম বুকিং দিচ্ছেন। পুরোনো গয়না বদলে নতুন গয়না কেনার প্রবণতাও বাড়ছে।
জন পল আলুক্কাস বলেন, ক্রেতারা এখন আগাম বুকিংয়ের মাধ্যমে স্বর্ণের দাম নিশ্চিত করে পরে পছন্দমতো নকশা বেছে নিচ্ছেন। তরুণ ক্রেতাদের মধ্যেও প্রথমবার স্বর্ণ কেনার আগ্রহ দেখা যাচ্ছে। তাদের পছন্দ দৈনন্দিন ব্যবহারের উপযোগী হালকা ও বহুমুখী নকশার গয়না।
শামলাল আহমেদ জানান, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ৫০ ও ১০০ শতাংশ অগ্রিম পরিশোধের মাধ্যমে স্বর্ণের বর্তমান দাম নিশ্চিত করার সুযোগ রয়েছে। এর মাধ্যমে যথাক্রমে তিন ও ছয় মাসের জন্য নির্ধারিত দাম ধরে রাখা যায়। এ ছাড়া আধুনিক নকশার দৈনন্দিন ব্যবহারযোগ্য গয়নার প্রতিও ক্রেতাদের আগ্রহ বাড়ছে।
২২ ক্যারেট ও ভারী গয়নার প্রতি আগ্রহ
কানজ জুয়েলসের ব্যবস্থাপনা পরিচালক অনিল ধনক বলেন, কিছু ক্রেতা এখন সবচেয়ে বিশুদ্ধ ২২ ক্যারেট স্বর্ণের গয়না কিনছেন। আগে বাজেটের বাইরে থাকায় যেসব ভারী গয়না কেনা সম্ভব হয়নি, সেগুলোর প্রতিও আগ্রহ বাড়ছে। কেনার আগে ক্রেতারা প্রতিদিনের স্বর্ণের দাম ও গয়না তৈরির মজুরি আরও সতর্কভাবে যাচাই করছেন।
চিরাগ ভোরা বলেন, দক্ষিণ এশীয় ও আরব ক্রেতাদের মধ্যে ঐতিহ্যবাহী ২২ ক্যারেট গয়নার চাহিদা আবারও বাড়ছে। অনেকে খরচ কমানোর পরিবর্তে নির্ধারিত বাজেটের মধ্যে তুলনামূলক ভারী গয়না, উন্নত নকশা কিংবা অতিরিক্ত কিছু অলংকার কেনার চেষ্টা করছেন।
দাম আরও কমার অপেক্ষায় কিছু ক্রেতা
তবে স্বর্ণের দাম কমলেও সব ক্রেতারা এখনই কেনাকাটায় ঝুঁকছেন না। চিরাগ ভোরার মতে, দামের ওঠানামা থাকায় কিছু ক্রেতা দাম আরও কমার অপেক্ষা করছেন। অনিল ধনক বলেন, কেউ কেউ একবারে সব স্বর্ণ না কিনে ধাপে ধাপে কেনার পরিকল্পনা করছেন। আবার অনেকে দাম কমার অপেক্ষায় রয়েছেন।
অনিল ধনকের মতে, স্বর্ণের বাজারে ক্রেতাদের আগ্রহ মূলত কেনার সামর্থ্য, বাজারের প্রতি আস্থা এবং স্বর্ণের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্য ও আবেগের সমন্বয়ে তৈরি হচ্ছে।


