হৈ-হুল্লোড় আর হট্টোগোলের মধ্য দিয়ে শপথ নিলেন ইসরায়েলের এমপিরা

নজিরবিহীন হট্টগোল, হট্টোগোল আর রাজনৈতিক উত্তেজনার মধ্য দিয়ে শপথ নিয়েছেন ইসরায়েলের ২৬তম নেসেটের (পার্লামেন্ট) নবনির্বাচিত সদস্যরা। বিরোধী দলের সদস্যদের তীব্র প্রতিবাদে কয়েকবার ব্যাহত হয় শপথগ্রহণ অনুষ্ঠান। এমনকি বিরোধী দলের নবনির্বাচিত কয়েকজন সংসদ সদস্যকে শপথ নিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের সদস্যদের বিরুদ্ধে।
মঙ্গলবার (১০ নভেম্বর) সরকার গঠন নিয়ে রাজনৈতিক অচলাবস্থার মধ্যেই নতুন সংসদ সদস্যরা সংবিধান রক্ষার শপথ নেন। নেসেটের উদ্বোধনী অধিবেশনে তাদের শপথবাক্য পাঠ করান ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ।
শপথ অনুষ্ঠানে নজিরবিহীন হট্টগোল
জেরুজালেম পোস্টের প্রতিবেদনে বলা হয়, অধিবেশনে শুরু থেকেই রাজনৈতিক বিরোধ দেখা যায় উভয় পক্ষের মধ্যে। ডেমোক্র্যাট দলের সংসদ সদস্য গিলাদ কারিভ নেসেটের স্পিকার আমির ওহানার বিরুদ্ধে নতুন সংসদকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করে ভাষণ দেওয়ার অভিযোগ তোলেন। পরে তিনি প্রতিবাদ জানিয়েছে অধিবেশন কক্ষ ত্যাগ করে বেরিয়ে যান।
এ সময় জাতীয় নিরাপত্তামন্ত্রী ও সংসদ সদস্য ইতামার বেন-গভির জয়েন্ট লিস্টের নেতা ইউসেফ জাবরিনের শপথ গ্রহণে বাধা দেন। জাবরিনের বিরুদ্ধে ‘হামাসের প্রতি আনুগত্যের শপথ’ নেওয়ার অভিযোগ তোলেন তিনি। এ নিয়ে সংসদে উত্তপ্ত বাক্যবিনিময় হয়।
শপথ গ্রহণের পর ইসরায়েলের জাতীয় সংগীত ‘হাতিকভা’ পরিবেশনের সময় আরব দলগুলোর সংসদ সদস্যরা অধিবেশন কক্ষ ত্যাগ (ওয়াকআউট) করেন। তবে রা'আম দলের চেয়ারম্যান মনসুর আব্বাস এ সময় দাঁড়িয়ে ছিলেন।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের প্রতিবেদন অনুসারে, শপথগ্রহণ অনুষ্ঠানের সময় স্পিকার আমির ওহানার বক্তব্যের প্রতিবাদে নেসেটের পূর্ণাঙ্গ অধিবেশন কক্ষ থেকে ওয়াকআউট করেন ডেমোক্র্যাট দলের সংসদ সদস্য গিলাদ কারিভ।
ফুটেজে দেখা যায়, ওহানা তার বক্তব্যে এমন ব্যক্তিদের সঙ্গে কোনো ধরনের সহযোগিতা না করার আহ্বান জানান, যারা ‘ইহুদিদের বিরুদ্ধে রক্তের অপবাদ ছড়ান’ এবং নিজেদের ভূমিতে বসবাসকারী ইহুদিদের ‘আগ্রাসী’ হিসেবে আখ্যা দেন।
ওহানার এসব মন্তব্য মূলত আরব দল রা'আম ও জয়েন্ট লিস্টকে লক্ষ্য করে করা হয়েছে বলে মনে করা হচ্ছে। নতুন সরকার গঠনের ক্ষেত্রে এসব দলের সমর্থন গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে। পরে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কারিভ ওহানার বক্তব্যকে ‘একটি লজ্জাজনক মেয়াদের সংবেদনহীন সমাপ্তি’ বলে অভিহিত করেন।
নিহত চরমপন্থি রাব্বি মেইর কাহানের অনুসারীদের প্রসঙ্গ টেনে কারিভ আরও বলেন, ‘কাহানপন্থি আমির ওহানার কাছ থেকে আমরা এর চেয়ে ভিন্ন কিছু আশা করিনি।’
যেভাবে অনুষ্ঠিত হলো শপথগ্রহণ
শপথগ্রহণ অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয় মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৮টায়। এ সময় নবনির্বাচিত আইনপ্রণেতারা নেসেট ভবনে পৌঁছান। তাদের প্রত্যেককে পোশাকে লাগানোর জন্য একটি করে আনুষ্ঠানিক ফুল দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের সঙ্গে ছবি তোলার জন্য নির্ধারিত স্থানে যান তারা।
নবনির্বাচিত আইনপ্রণেতাদের স্বাগত জানাতে ছিল দুটি রোবট। ‘মিস্টার ওয়েল’ ও ‘মিসেস শাগাল’ নামের রোবট দুটি সম্প্রতি নেসেটের দর্শনার্থী কেন্দ্রের গাইড দলের সঙ্গে যুক্ত হয়েছে।
বিকেল ৩টা ২০ মিনিটে নেসেট চত্বরে আনুষ্ঠানিকতা শুরু হয়। সেখানে আইনপ্রণেতা ও তাদের অতিথিরা উপস্থিত ছিলেন। স্পিকার আমির ওহানা প্রেসিডেন্ট হারজোগকে স্বাগত জানান। মোটরসাইকেল ও অশ্বারোহী বাহিনীর আনুষ্ঠানিক পাহারায় সেখানে পৌঁছান প্রেসিডেন্ট।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) অর্কেস্ট্রার তূর্যধ্বনির মধ্যে প্রেসিডেন্টকে সম্মান জানিয়ে কুচকাওয়াজ করে নেসেটের নিরাপত্তারক্ষীরা। এ সময় প্রেসিডেন্টের পতাকা উত্তোলন করা হয়। পরে হারজোগ ও ওহানা আনুষ্ঠানিক সম্মাননা রক্ষীদল পরিদর্শন করেন।
এরপর নেসেট চত্বরে ইসরায়েলের নিহত সেনাসদস্যদের স্মৃতিসৌধ এবং ‘সন্ত্রাসী’ হামলায় নিহত ব্যক্তিদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন হারজোগ।
পরে হারজোগ ও ওহানা নেসেট স্পিকারের কার্যালয়ের প্রবেশকক্ষে যান। সেখানে ‘প্রেসিডেন্টস বুক’ নামে বিশেষভাবে বাঁধাই করা একটি বইয়ে স্বাক্ষর করেন হারজোগ। ইসরায়েলের প্রত্যেক প্রেসিডেন্ট নতুন নেসেটের সদস্যদের উদ্দেশে এই বইয়ে বার্তা লিখে থাকেন।
এরপর আইনপ্রণেতারা শপথ গ্রহণের জন্য সংসদের পূর্ণাঙ্গ অধিবেশন কক্ষে প্রবেশ করেন। তাদের পরিবারের সদস্য ও ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা গ্যালারি থেকে অনুষ্ঠানটি দেখেন। অনুষ্ঠানে ২০২৪ সালের এপ্রিলে দক্ষিণ গাজায় যুদ্ধে নিহত ইসরায়েলি সেনাসদস্য সার্জেন্ট রিফ হারুশের বাবা আভি হারুশ গীতসংহিতা থেকে ১২২ নম্বর গীত পাঠ করেন।
এ ছাড়া নেসেটের অধিবেশন কক্ষের পর্দায় ইসরায়েলের প্রথম প্রধানমন্ত্রী ডেভিড বেন-গুরিয়নের কণ্ঠে দেশটির স্বাধীনতার ঘোষণার অংশবিশেষ প্রচার করা হয়। শিশুদের গানের দল পিরখেই আশকেলনের পরিবেশনায় জাতীয় সংগীত ‘হাতিকভা’ গাওয়ার মধ্য দিয়ে অনুষ্ঠান শেষ হয়।
(2)-6182f1.jpg)