দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭
লেবাননের আনসারে ইসরায়েলি হামলার পরবর্তী পরিস্থিতি। ছবি: সংগৃহীত

দক্ষিণ লেবাননের আনসার শহরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত সাতজন নিহত হয়েছেন। দেশটির বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে।

Advertisement

শনিবার (১৫ আগস্ট) ভোরে নাবাতিয়েহ জেলার আনসার শহরের উপকণ্ঠ ও নাবাতিয়েহ আল-ফাওকার আশপাশে তিনটি বিমান হামলা চালায় ইসরায়েলি বাহিনী। হামলার পর ধ্বংসস্তূপে উদ্ধার ও তল্লাশি অভিযান শুরু করেন উদ্ধারকারীরা।

বেসামরিক প্রতিরক্ষা কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত সাতজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। উদ্ধারকাজ শেষ না হওয়া পর্যন্ত চূড়ান্ত হতাহতের সংখ্যা নিশ্চিত করা সম্ভব নয়।

এদিকে দক্ষিণ লেবাননের বিন্ত জবেইল ও আশপাশের কয়েকটি এলাকাতেও ইসরায়েলি বাহিনীর হামলা ও ধ্বংসযজ্ঞের খবর পাওয়া গেছে। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানায়, শনিবার ভোরে বিন্ত জবেইল শহরে কয়েকটি বাড়ি বিস্ফোরক দিয়ে উড়িয়ে দেওয়া হয়।

এ সময় কুনিন-সাফ আল-হাওয়া সড়কের পাশের আবাসিক এলাকাগুলো লক্ষ্য করে ভারী মেশিনগান থেকেও গুলি ছোড়া হয় বলে জানিয়েছে এনএনএ।

এর আগে শুক্রবার মধ্যরাতের কিছুক্ষণ আগে টাইর জেলার আল-মানসুরি শহরের আল-মাশা এলাকায় বিমান হামলা চালায় ইসরায়েলি যুদ্ধবিমান।

এসব হামলায় হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে জানা যায়নি। দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতা অব্যাহত রয়েছে।

দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৭