যেসব অভিযোগে ১২ হাজারের বেশি প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি

গেল এক সপ্তাহে বিভিন্ন দেশের ১৪ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি আরব। তাদের বিরুদ্ধে আবাসন, শ্রম ও সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তার প্রবাদের মধ্যে আবাসন আইন লঙ্ঘনের দায়ে ৭ হাজার ১২১ জন, সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৬৩৬ জন এবং শ্রম আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৪০৮ জন রয়েছেন।
এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে দুবাইভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজ।
রোববার (৬ সেপ্টেম্বর) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত দেশটির সরকারের বিভিন্ন সংস্থার সমন্বিত অভিযানে ১৪ হাজার ১৬৫ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়। এ সময় ১২ হাজারের বেশি অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
দেশটির কর্তৃপক্ষ বলেছে, এ সময় ১২ হাজার ৩৬৩ জন অবৈধ অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে। অপরদিকে ১৮ হাজার ৯৩৭ জনকে তাদের ভ্রমণ নথি সংগ্রহের জন্য নিজ নিজ কূটনৈতিক মিশনে এবং আরও ৩ হাজার ২৪০ জনকে ভ্রমণের টিকিট নিশ্চিত করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
এ ছাড়া অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৩১৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাদের মধ্যে ৫৮ শতাংশ ইথিওপিয়ার, ৪১ শতাংশ ইয়েমেনি এবং এক শতাংশ অন্যান্য দেশের নাগরিক।
গালফ নিউজ আরও জানায়, অবৈধভাবে সৌদি আরব ত্যাগের চেষ্টা করার সময় আরও ৪২ জনকে গ্রেপ্তার করা হয়। একই সময়ে আবাসন ও কর্মবিধি লঙ্ঘনকারীদের পরিবহন এবং আশ্রয় দেওয়ায় সৌদিতে বসবাসরত ২১ ব্যক্তিকেও গ্রেপ্তার করা হয়।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, ২৭ হাজার ৮৪৫ জন পুরুষ, ১ হাজার ৯২৮ জন নারীসহ মোট ২৯ হাজার ৭৭৩ জন প্রবাসী বর্তমানে অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের দায়ে বিচারিক প্রক্রিয়ার সম্মুখীন হয়েছেন।
এ ধরনের আইন লঙ্ঘনের বিষয়ে জনসাধারণের প্রতি মক্কা, রিয়াদ এবং পূর্বাঞ্চলীয় প্রদেশে ৯১১ নম্বরে এবং অন্য রাজ্যে ৯৯৯ ও ৯৯৬ নম্বরে ফোন করে জানানোর জন্য অনুরোধ করেছে মন্ত্রণালয়।

