logo
দেশজুড়ে সারের ডিলারশিপ নিয়েএশিয়া পোস্ট ইনসাইট স্টোরি

হুয়াংকে সিইও পদে ফেরাল এনভিডিয়া, বেড়েছে শেয়ারের দাম

হুয়াংকে সিইও পদে ফেরাল এনভিডিয়া, বেড়েছে শেয়ারের দাম
জেনসেন হুয়াং। সূত্র: রয়টার্স

জেনসেন হুয়াংকে প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) পদে পুনর্বহাল করেছে চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া। এ সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এ খবরে এনভিডিয়ার শেয়ারের দাম দ্রুত বেড়ে যায়। প্রাক্‌–বাজার (প্রিমার্কেট) লেনদেনে কোম্পানিটির শেয়ারের দাম ৩৩ শতাংশ বেড়ে যায়।

হুয়াংকে ফিরিয়ে আনতে মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের চাপের মধ্যে সোমবার (২৩ নভেম্বর) এ সিদ্ধান্তের কথা জানাল প্রযুক্তি খাতের এ শীর্ষ কোম্পানি।

Advertisement

এর আগে পরিচালনা পর্ষদ জানিয়েছিল, হুয়াংকে ফিরিয়ে আনলে জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি দেখছে না তারা। এনভিডিয়ার অন্তত দুই কর্মীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্ক ছিল বলেও অভিযোগ রয়েছে।

কোম্পানিটির বিরুদ্ধে একাধিক তদন্ত চলছে। এর মধ্যে রয়েছে যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) ও বিচার বিভাগের তদন্ত। সম্ভাব্য হিসাবরক্ষণগত অনিয়ম থেকে শুরু করে চিপ পাচারের অভিযোগ-বিভিন্ন বিষয় নিয়ে এসব তদন্ত হচ্ছে।

গত সপ্তাহে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ হুয়াংকে ফিরিয়ে আনার সম্ভাবনা নাকচ করার পর তাকে ফিরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছিলেন ট্রাম্প। সোমবার সিদ্ধান্ত পরিবর্তনের পর তিনি একে ‘সঠিক ও যথাযথ সিদ্ধান্ত’ বলে প্রশংসা করেন।

ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেছেন, হুয়াংয়ের ফিরে আসায় জাতীয় নিরাপত্তার ঝুঁকি তৈরি হবে-এমন বিশ্বাস করার কোনো কারণ মার্কিন সরকারের নেই। বেআইনি কর্মকাণ্ডে হুয়াং জড়িত ছিলেন, এমন প্রমাণও নেই।

তবে জাতীয় নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালনে এনভিডিয়া যুক্তরাষ্ট্রের রপ্তানি নিয়ন্ত্রণবিধি মেনে চলছে কি না, তা নিশ্চিত করতে তদন্ত চালিয়ে যাওয়ার আহ্বান জানান ট্রাম্প।

গত সপ্তাহে এনভিডিয়ার চেয়ারম্যান হার্ভি জোনস বলেছিলেন, হুয়াংকে ফিরিয়ে আনার পক্ষে ক্রমবর্ধমান প্রচার সত্ত্বেও তাকে পুনর্নিয়োগ দেবে না কোম্পানি।

বিবাহবহির্ভূত সম্পর্কের তথ্য ফাঁস হওয়ার জেরে ১২ নভেম্বর পদত্যাগ করেছিলেন হুয়াং। ওই সম্পর্কগুলোর মধ্যে এমন এক নারী ব্যবসায়ীও ছিলেন, যাকে চীনের হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহ করছে মার্কিন কর্তৃপক্ষ। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বেইজিং।

হুয়াং এনভিডিয়াকে ভিডিও গেমের চিপ নকশাকারী প্রতিষ্ঠান থেকে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রসেসরের শীর্ষ সরবরাহকারীতে পরিণত করেন। কোম্পানির চিপ উন্নয়ন পরিকল্পনা, বড় গ্রাহকদের সঙ্গে সম্পর্ক এবং ওয়াশিংটনের সঙ্গে যোগাযোগে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

এনভিডিয়া জানিয়েছে, সোমবার পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে হুয়াংকে পুনর্বহালের পক্ষে ভোট দিয়েছে। তার খোলামেলা বক্তব্য ও নেতৃত্ব দেওয়ার সক্ষমতায় সন্তুষ্ট হওয়ার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। মার্কিন সরকারের শীর্ষ কর্মকর্তাদের মতামত নেওয়ার পর পর্ষদ মনে করছে, তার ফিরে আসায় যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার কোনো ঝুঁকি নেই।

পর্ষদ আরও জানিয়েছে, বিদেশি গোয়েন্দা সংস্থাগুলো হুয়াংকে লক্ষ্যবস্তু করেছিল কি না, তা খতিয়ে দেখতে একটি কমিটি গঠন করা হয়েছে। পাশাপাশি নতুন প্রধান কমপ্লায়েন্স কর্মকর্তা নিয়োগের জন্যও খোঁজ শুরু হয়েছে। কোম্পানিটি জানিয়েছে, কোলেট ক্রেস প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করে যাবেন।

হুয়াংয়ের পদত্যাগের প্রভাব সিলিকন ভ্যালি থেকে তাইপে ও ওয়াশিংটন পর্যন্ত ছড়িয়ে পড়ে। তাকে ফিরিয়ে আনার দাবিতে করা এক আবেদনে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ স্বাক্ষর করেন। তাদের মধ্যে ছিলেন ইলন মাস্কও। বিতর্কের মধ্যে পদত্যাগ করা একজন শীর্ষ কর্মকর্তার প্রতি এমন জোরালো সমর্থন ছিল ব্যতিক্রমী ঘটনা।

সূত্র: রয়টার্স