logo

মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০

এএফপি
এএফপি
মেক্সিকোর কারাগারে সংঘর্ষে নিহত ১০
মেক্সিকান নিরাপত্তা বাহিনী—যার মধ্যে মেক্সিকান সেনাবাহিনী এবং ন্যাশনাল গার্ড অন্তর্ভুক্ত। ছবি: এএফপি

মেক্সিকোর সিনালোয়া অঙ্গরাজ্যের একটি কারাগারে বন্দিদের মধ্যে সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৬ জন বন্দি। নিহতদের মধ্যে কারাগারে স্বজনের সঙ্গে দেখা করতে আসা এক অপ্রাপ্তবয়স্কও রয়েছে।

বৃহস্পতিবার (স্থানীয় সময়) কারাগারের ভেতরে এ সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

সিনালোয়া অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিবালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, কারাগারের অভ্যন্তরে সংঘর্ষ শুরু হয়। তবে কী কারণে এ সহিংসতার সূত্রপাত, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

অঙ্গরাজ্যের জননিরাপত্তা সচিব সিনুয়ে তেলেস সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় বলেন, সংঘর্ষে নয়জন বন্দি ও কারাগারে দেখা করতে আসা এক অপ্রাপ্তবয়স্ক প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ১৬ জন বন্দি।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুলসংখ্যক নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়। পরে তারা কারাগারের নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হন। ঘটনাস্থলে একটি সাঁজোয়া যান ও অ্যাম্বুলেন্স পৌঁছাতে দেখেছেন বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদক।

মেক্সিকোর উত্তর-পশ্চিমাঞ্চলে অবস্থিত সিনালোয়া অঙ্গরাজ্য দীর্ঘদিন ধরে মাদক পাচারকারী সিনালোয়া কার্টেলের প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলোর সংঘাতের কেন্দ্র হিসেবে পরিচিত।

নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মেক্সিকোর ছয়টি অঙ্গরাজ্যে ভ্রমণের ক্ষেত্রে মার্কিন নাগরিকদের সতর্ক করেছে। সিনালোয়া সেসব অঙ্গরাজ্যের একটি।