logo

সৌদি থেকে এক সপ্তাহে প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত

গালফ নিউজ
গালফ নিউজ
সৌদি থেকে এক সপ্তাহে প্রায় ১০ হাজার প্রবাসীকে নিজ দেশে ফেরত
সৌদি আরবের রিয়াদ শহর। ছবি: অ্যারাবিয়ান বিজনেস

সৌদি আরবে আবাসন, সীমান্ত নিরাপত্তা ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে এক সপ্তাহে ৯ হাজার ৯৯২ জন প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২৪ থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোর যৌথ অভিযানে ১১ হাজার ৮১৯ জনকে গ্রেপ্তার করা হয়। তাদের মধ্যে ৫ হাজার ৭৯৩ জন আবাসন বা আকামা আইন লঙ্ঘন, ৩ হাজার ৩০৭ জন সীমান্ত নিরাপত্তা আইন ভঙ্গ এবং ২ হাজার ৭১৯ জন শ্রম আইন অমান্যের অভিযোগে আটক হন।

এ সময় ভ্রমণ নথি সংগ্রহের জন্য ১৯ হাজার ৮৯৩ জনকে নিজ নিজ দেশের কূটনৈতিক মিশনে পাঠানো হয়েছে। আরও ৪ হাজার ৯১ জনকে দেশে ফেরানোর প্রক্রিয়া চলমান।

আইন লঙ্ঘনের অভিযোগে বর্তমানে ৩২ হাজার ১৩৯ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা চলছে। তাদের মধ্যে ২৯ হাজার ৯৩৪ জন পুরুষ এবং ২ হাজার ২০৫ জন নারী।

এদিকে অবৈধভাবে সৌদি আরবে প্রবেশের চেষ্টা করার সময় আরও ১ হাজার ৩৮২ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ৬১ শতাংশ ইথিওপিয়ার, ৩৮ শতাংশ ইয়েমেনের এবং বাকি ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক।

একই সময়ে সৌদি আরব থেকে অবৈধভাবে বের হওয়ার চেষ্টা করার অভিযোগে আরও ৩২ জনকে আটক করেছে নিরাপত্তা বাহিনী।