
হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি বাল্ক ক্যারিয়ারে অজ্ঞাত বস্তু আঘাত করেছে বলে জানিয়েছে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও)।
শনিবার (১৫ আগস্ট) দেওয়া এক সতর্কবার্তায় ইউকেএমটিও জানায়, ওমানের কুমজার উপকূলের কাছাকাছি জলসীমায় এ ঘটনা ঘটেছে। জাহাজটির মূল কাঠামোয় অজ্ঞাত বস্তু আঘাত করে।
ঘটনার পর জাহাজের সব নাবিক নিরাপদে রয়েছেন বলে জানানো হয়েছে। তবে জাহাজটির ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি। এ ঘটনায় সমুদ্র পরিবেশের ওপর কোনো প্রভাব পড়েছে কি না, সেটিও এখনো জানা যায়নি।
হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সঙ্গে চলাচল এবং সন্দেহজনক কোনো তৎপরতা দেখা গেলে তাৎক্ষণিকভাবে কর্তৃপক্ষকে জানানোর পরামর্শ দিয়েছে ইউকেএমটিও।
সাম্প্রতিক দিনগুলোতে হরমুজ প্রণালি ও এর আশপাশে নিরাপত্তাঝুঁকি বেড়েছে। এ সময়ে বেশ কয়েকটি বাণিজ্যিক জাহাজে হামলা বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে।

