logo

যুক্তরাজ্যের দুই মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন আতঙ্ক, বাজল সতর্কতামূলক সাইরেন

যুক্তরাজ্যের দুই মার্কিন বিমানঘাঁটিতে ড্রোন আতঙ্ক, বাজল সতর্কতামূলক সাইরেন
ইংল্যান্ডের পূর্বাঞ্চলে অবস্থিত যুক্তরাষ্ট্রের দুটি বিমানঘাঁটিতে সন্দেহজনক ড্রোনের উপস্থিতির পর শুক্রবার সন্ধ্যায় সতর্কসংকেত (সাইরেন) বেজে ওঠে। ছবি: আনাদোলু এজেন্সি

যুক্তরাজ্যের পূর্বাঞ্চলে অবস্থিত দুটি মার্কিন বিমানঘাঁটিতে সন্দেহজনক ড্রোনের উপস্থিতির পর শুক্রবার (১৩ নভেম্বর) সন্ধ্যায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল জানায়, সাফোকের রয়্যাল এয়ার ফোর্স (আরএএফ) লেকেনহিথ এবং প্রতিবেশী নরফোকের আরএএফ ফেল্টওয়েল ঘাঁটির আশপাশের বাসিন্দারা স্থানীয় সময় শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে সাইরেনের শব্দ শুনতে পান। কেউ কেউ এ শব্দকে যুদ্ধকালীন সতর্কসংকেতের সঙ্গে তুলনা করেছেন।

স্থানীয় বাসিন্দারা জানান, মার্কিন উচ্চারণে লাউডস্পিকারে দেওয়া এক ঘোষণায় সবাইকে ঘরের ভেতরে অবস্থান করতে এবং নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়।

ডেইলি মেইলের প্রকাশ করা ভিডিওতে অন্ধকার আবাসিক এলাকার বিভিন্ন বাগান ও বাড়ির আশপাশে সাইরেন বাজতে শোনা যায়।

প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিমানবাহিনী নিশ্চিত করেছে, লেকেনহিথ ঘাঁটিতে সতর্কসংকেত জারির কারণ ছিল ‘অনুমতি ছাড়া ড্রোনের সন্দেহজনক উপস্থিতি’। তবে এতে কোনো সামরিক সদস্য, উড়োজাহাজ বা অবকাঠামোর ক্ষতি হয়নি।

এদিকে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ইউরোপীয় কমান্ডের (ইউএসইউকম) এক মুখপাত্র জানিয়েছেন, সন্দেহজনক ড্রোনের অনুপ্রবেশের ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

অ্যাক্সিওসকে দেওয়া এক বিবৃতিতে ওই মুখপাত্র বলেন, ‘মার্কিন সামরিক সদস্য, যুক্তরাষ্ট্র ও স্বাগতিক দেশের বেসামরিক নাগরিক, ঠিকাদার এবং তাদের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা স্বাগতিক দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছি।’

এর কয়েক দিন আগেই সাফোকের আরএএফ মিলডেনহল ঘাঁটি থেকে অন্তত ১২টি উড়োজাহাজ সরিয়ে নেওয়া হয়েছিল। ডেইলি মেইলের প্রতিবেদন অনুযায়ী, ইরান-সংশ্লিষ্ট নিরাপত্তা হুমকির কারণে ওই পদক্ষেপ নেওয়া হয়।

পরপর এসব ঘটনার পর যুক্তরাজ্যে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তবে সর্বশেষ ড্রোন-সংশ্লিষ্ট ঘটনায় কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

সোহানুর রহমান

সম্পাদনা

সোহানুর রহমান

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট