logo

কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা

কানাডায় অতিরিক্ত ২ লাখ স্থায়ী বসবাসের সুযোগ, অগ্রাধিকার পাবেন যারা
কানাডার কুইবেক সিটি। ছবি: গেটি ইমেজেস

কানাডায় স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতে যাচ্ছেন আরও ২ লাখ মানুষ। ২০২৭ সালের জন্য নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার বাইরে এই বিশেষ সুযোগ দেওয়ার পরিকল্পনা করেছে দেশটির সরকার। তবে এ সুবিধা সবার জন্য না। কানাডায় আগে থেকেই কাজ করছেন এমন অভিবাসী, তাদের পরিবারের সদস্য এবং মানবিক বিবেচনায় থাকা নির্দিষ্ট শ্রেণির আবেদনকারীরা এতে অগ্রাধিকার পাবেন।

কানাডার অভিবাসন, শরণার্থী ও নাগরিকত্ববিষয়ক বিভাগ (আইআরসিসি) প্রকাশিত ২০২৭-২০২৯ সালের অভিবাসন পরিকল্পনায় এ উদ্যোগের কথা জানানো হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, দুটি বিশেষ শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ করে মোট ২ লাখ মানুষকে স্থায়ী বসবাসের সুযোগ দেওয়া হবে। এই বিশেষ ব্যবস্থা কেবল ২০২৭ সালের জন্য কার্যকর থাকবে, নিয়মিত অভিবাসন লক্ষ্যমাত্রার সঙ্গে এর হিসাব যুক্ত হবে না।

কানাডায় আগে থেকেই বসবাস ও কর্মরত বিদেশি নাগরিকদের বিশেষ উদ্যোগের প্রথম অংশে গুরুত্ব দেওয়া হয়েছে। কুইবেক প্রদেশের বাইরে বিভিন্ন প্রদেশ ও অঞ্চলে কর্মরত সর্বোচ্চ ১ লাখ অভিবাসী ও তাদের যোগ্য পরিবারের সদস্যরা এ সুযোগের আওতায় আসতে পারেন।

Advertisement

কোন আবেদনকারীকে অগ্রাধিকার দেওয়া হবে, তা নির্ধারণে সংশ্লিষ্ট প্রাদেশিক ও আঞ্চলিক সরকারের সঙ্গে কাজ করবে কেন্দ্রীয় সরকার। স্থানীয় শ্রমবাজারে কোন ধরনের কর্মীর চাহিদা রয়েছে, সেটিও বিবেচনায় নেওয়া হবে।

এ ক্ষেত্রে প্রাদেশিক মনোনয়ন কর্মসূচি বা পিএনপির মাধ্যমে স্থায়ী বসবাসের যোগ্য কর্মীদের পাশাপাশি কয়েকটি নির্দিষ্ট অভিবাসন কর্মসূচিতে আবেদন করে অপেক্ষায় থাকা ব্যক্তিদেরও বিবেচনা করা হবে।

এসব কর্মসূচির মধ্যে রয়েছে নতুন ব্যবসা উদ্যোগ কর্মসূচি, স্বনিয়োজিত ব্যক্তিদের জন্য অভিবাসন কর্মসূচি, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতের পরীক্ষামূলক কর্মসূচি এবং গৃহভিত্তিক পরিচর্যা কর্মী কর্মসূচি।

অতিরিক্ত স্থায়ী বসবাসের সুযোগের দ্বিতীয় অংশ রাখা হয়েছে মানবিক ও পারিবারিক বিবেচনায়। এ শ্রেণিতে সর্বোচ্চ ১ লাখ মানুষকে স্থায়ী বাসিন্দা করার পরিকল্পনা রয়েছে।

এই তালিকায় রয়েছেন কানাডায় বসবাসরত হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাস কর্মসূচিতে অপেক্ষমাণ আবেদনকারী, ইউক্রেনীয় নাগরিকদের পরিবার পুনর্মিলন কর্মসূচির আবেদনকারী, মানবিক ও সহানুভূতিশীল বিবেচনায় নীতিগত অনুমোদন পাওয়া ব্যক্তি এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তানরা।

সরকারের পরিকল্পনায় কয়েকটি শ্রেণির জন্য আলাদা লক্ষ্যও নির্ধারণ করা হয়েছে। হংকংয়ের নাগরিকদের স্থায়ী বসবাসের অপেক্ষমাণ আবেদন নিষ্পত্তির মাধ্যমে সর্বোচ্চ ৩২ হাজার মানুষকে সুযোগ দেওয়ার লক্ষ্য রয়েছে। ইউক্রেনের পরিবার পুনর্মিলন কর্মসূচির আওতায় স্থায়ী বসবাস পেতে পারেন সর্বোচ্চ ১৮ হাজার ৮০০ জন।

এ ছাড়া মানবিক বিবেচনায় নীতিগতভাবে অনুমোদন পাওয়া সর্বোচ্চ ১২ হাজার ৬০০ আবেদনকারী এবং কানাডার নাগরিক ও স্থায়ী বাসিন্দাদের সর্বোচ্চ ৪৫ হাজার স্বামী-স্ত্রী, জীবনসঙ্গী ও নির্ভরশীল সন্তান এ উদ্যোগের আওতায় আসতে পারেন।

কানাডার ২০২৭ সালের নিয়মিত স্থায়ী বাসিন্দা গ্রহণের লক্ষ্যমাত্রা ৩ লাখ ৮০ হাজার। এর সঙ্গে যোগ হবে বিশেষ উদ্যোগের আওতায় অতিরিক্ত ২ লাখ মানুষের স্থায়ী বসবাসের সুযোগ।

এই উদ্যোগের মূল উদ্দেশ্য নতুন করে বিপুলসংখ্যক বিদেশি অভিবাসী নেওয়া না। বরং যারা ইতিমধ্যে কানাডায় বসবাস করছেন, কাজ করছেন এবং দেশটির অর্থনীতি ও সমাজে অবদান রাখছেন, তাদের স্থায়ীভাবে বসবাসের সুযোগ তৈরি করা। একই সঙ্গে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা আবেদন নিষ্পত্তি ও পরিবার পুনর্মিলনের বিষয়টিও গুরুত্ব পাচ্ছে।

এই উদ্যোগকে নতুন কোনো অভিবাসন কর্মসূচি হিসেবে দেখার সুযোগ নেই। এর আওতায় সবার জন্য নতুন করে আবেদন গ্রহণের ঘোষণাও দেওয়া হয়নি। বরং নির্দিষ্ট অভিবাসন কর্মসূচিতে আগে থেকেই আবেদন করেছেন অথবা ঘোষিত যোগ্যতার মধ্যে রয়েছেন, এমন ব্যক্তিদের আবেদন বিবেচনা ও নিষ্পত্তির পরিকল্পনা করা হয়েছে।

তাই শুধু অতিরিক্ত ২ লাখ পিআরের সুযোগের খবর শুনেই নতুন আবেদন করার প্রয়োজন নেই। কারা এই সুবিধা পাবেন, তা নির্ভর করবে সংশ্লিষ্ট কর্মসূচির যোগ্যতা এবং সরকারের নির্ধারিত প্রক্রিয়ার ওপর।