logo

ঘণ্টায় ১৪৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’

ঘণ্টায় ১৪৫ কিমি বেগে আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘আকভান’
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’। ছবি: নিউজ ১৮ বাংলা

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমশ শক্তিশালী হয়ে উঠছে। শক্তি বৃদ্ধি করে আগামী ২০ নভেম্বর উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়টি। উপকূলে আছড়ে পড়ার সময় ঝড়টির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে। ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর (আইএমডি)।

মঙ্গলবার (১৭ নভেম্বর) আইএমডি জানায়, দক্ষিণ-পূর্ব ও এর কাছাকাছি দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নিয়েছে। এদিন সন্ধ্যার মধ্যে নিম্নচাপটি প্রবল ঘূর্ণিঝড়ে ও আগামী ১৯ নভেম্বর অতি প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। ঘূর্ণিঝড়টির নাম ‘আকভান’।

Advertisement

সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রভাবে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি জেলেদের সাগরে যেতেও নিষেধ করা হয়েছে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, আগামী ২০ নভেম্বর দুপুরের দিকে অতি প্রবল ঘূর্ণিঝড় হিসেবে এটি অন্ধ্রপ্রদেশ ও ইয়ানাম উপকূল অতিক্রম করতে পারে। এ সময় ঝড়টির অবস্থান হতে পারে নেল্লোর ও টুনির মধ্যবর্তী উপকূলীয় এলাকায়। ঘূর্ণিঝড়টির বাতাসের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ১২০ থেকে ১৩০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ ঘণ্টায় ১৪৫ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে।

অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক এবং রিয়েল টাইম গভর্ন্যান্স সোসাইটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকাশ জৈন জানিয়েছেন, ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১০ কিলোমিটার বেগে এগোচ্ছে।

সংবাদমাধ্যম বলছে, পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে থাকা ঘূর্ণিঝড়টি ১৯ নভেম্বর সকালের মধ্যে অতি প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ কারণে জেলেদের সাগরে যেতে নিষেধ করা হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে ১৮ নভেম্বর থেকে অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকার কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। ১৯ ও ২০ নভেম্বর অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে।

অন্ধ্রপ্রদেশ রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (এসডিএমএ) জানিয়েছে, উপকূলীয় এলাকার বাসিন্দাদের সতর্ক থাকতে হবে। সাধারণ মানুষ ও কৃষকদেরও প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে প্রাণহানি ও সম্পদের ক্ষয়ক্ষতি এড়াতে সবার জন্য কিছু সতর্কতামূলক নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ।

এসডিএমএ বলেছে, সবাইকে শান্ত থাকতে হবে এবং গুজবে কান দেয়া বা আতঙ্কিত হওয়া যাবে না। মোবাইল ফোন চার্জ দিয়ে রাখতে হবে। পাশাপাশি দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা, রিয়েল টাইম গভর্ন্যান্স সোসাইটি (আরটিজিএস) ও ভারতের আবহাওয়া দপ্তরের দেয়া আবহাওয়ার সর্বশেষ তথ্য জানতে হবে।

সৈয়দ মুহাম্মদ আজম

সম্পাদনা

সৈয়দ মুহাম্মদ আজম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট