logo

সৌদির রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত

সৌদির রিয়াদ বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ, বহু মানুষ আহত
রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণ। ছবি: রয়টার্স

সৌদি আরবের রাজধানী রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু মানুষ আহত হয়েছেন।

শনিবার (১০ অক্টোবর) এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এক প্রতিবেদনে মার্কিন সংবাদমাধ্যম রয়টার্স জানিয়েছে, বিস্ফোরণের পর দ্রুত বিমানবন্দরের বিভিন্ন অংশ থেকে যাত্রীদের সরিয়ে নেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীদের একজন জানান, শনিবার একটি বিস্ফোরণের পর পরপরই বিমানবন্দরের ভেতরে বেশ কয়েকজনকে মাটিতে আহত অবস্থায় পড়ে থাকতে দেখেছেন তিনি। এ সময় এক ডজনেরও বেশি অ্যাম্বুলেন্স দ্রুত বিমানবন্দরের দিকে ছুটে যেতে দেখা যায়।

এদিকে, সৌদি আরবের ওপর ইয়েমেনের ইরান-সমর্থিত হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা বৃদ্ধির মধ্যেই শনিবার এ ঘটনা ঘটল। চলতি সপ্তাহে বিমানবন্দরটিতে ইতোমধ্যে দ্বিতীয়বার হামলা হলো। এসব হামলায় চারজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এতে একটি বিমান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফ্লাইট ট্র্যাকিং ওয়েবসাইট ফ্লাইটরাডার২৪-এর তথ্যানুযায়ী, হামলার পর রিয়াদগামী সব ফ্লাইট হয় অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে অথবা বাতিল করা হয়েছে। এ সময় কেবল একটি হেলিকপ্টারকে বিমানবন্দরের ওপর চক্কর দিতে দেখা যায়।

বিমানবন্দরের পক্ষ থেকে যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে সরাসরি নিজ নিজ এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে ফ্লাইটের বর্তমান অবস্থা জেনে নেয়ার তাগিদ দেওয়া হয়েছে।

এ ঘটনায় মন্তব্যের জন্য যোগাযোগ করা হলে সৌদি সরকারের মিডিয়া অফিস এবং সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।