ব্রিকস সম্মেলন শেষে ভারত ছাড়লেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং

ভারতে অনুষ্ঠিত ১৮তম ব্রিকস সম্মেলনে অংশগ্রহণ শেষে রোববার নয়াদিল্লি ছেড়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সম্মেলনের দ্বিতীয় দিনের উন্মুক্ত অধিবেশনে অংশ নেওয়ার পর দুপুর ১২টার দিকে নয়াদিল্লি থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে রওনা দেন তিনি।
২০১৯ সালের পর প্রতিবেশী দেশ ভারতে এটিই শি জিনপিংয়ের প্রথম সফর। পাশাপাশি বিতর্কিত তিব্বত সীমান্তে চীন ও ভারতের মধ্যে প্রাণঘাতী সামরিক সংঘর্ষের ছয় বছর পর তার এই সফর দুই দেশের সম্পর্কের টানাপোড়েন কমানোর ক্ষেত্রে এখন পর্যন্ত সবচেয়ে বড় পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, শি জিনপিংয়ের ভারত সফর আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। সফরকালে তিনি ব্রিকস সম্মেলনে অংশ নেওয়ার পাশাপাশি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন।
সম্মেলনের ফাঁকে শি জিনপিং ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে একটি গ্রুপ ছবিতেও দেখা যায়।
শির সফরে ভারত-চীন সম্পর্কের উন্নয়ন, সীমান্তবর্তী এলাকায় শান্তি বজায় রাখা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে। সাম্প্রতিক সময়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগের মধ্যেই এই বৈঠক অনুষ্ঠিত হওয়ায় এটিকে বিশেষ গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।
তবে সীমান্ত বিরোধসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যুতে ভারত ও চীনের মধ্যে এখনো মতপার্থক্য রয়েছে। ফলে সম্পর্কের উন্নতির ইঙ্গিত মিললেও দুই দেশের সামনে এখনো বেশ কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে।
মোদির নৈশভোজে অংশ নেননি শি জিনপিং
সম্মেলনের প্রথম দিনে নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজে অংশ নেননি শি জিনপিং। দীর্ঘ বিমানযাত্রা ও সময়ের পার্থক্যের কারণে ক্লান্ত থাকায় তিনি অনুষ্ঠানে যোগ দেননি বলে সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে জানিয়েছে এনডিটিভি।
শনিবার বিকেলে নয়াদিল্লিতে পৌঁছে ব্রিকস সম্মেলনে যোগ দেন শি। একই দিন মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকেও অংশ নেন তিনি। দিনভর বিভিন্ন কূটনৈতিক কর্মসূচিতে ব্যস্ত থাকার পর দীর্ঘ যাত্রার ক্লান্তির কারণে রাতে নৈশভোজে না যাওয়ার সিদ্ধান্ত নেন চীনা প্রেসিডেন্ট।
শি জিনপিংয়ের পাশাপাশি আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদও নৈশভোজে অংশ নেননি। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ ব্রিকসের অন্য কয়েকজন নেতা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নৈশভোজে ভারতের শীর্ষ নেতারা
নরেন্দ্র মোদির দেওয়া নৈশভোজে ভারতের কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নির্মলা সীতারামন, পীযূষ গোয়েল, অশ্বিনী বৈষ্ণব ও শিবরাজ সিং চৌহান উপস্থিত ছিলেন।
এ ছাড়া লোকসভার স্পিকার ওম বিড়লা এবং উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিস, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মাও অনুষ্ঠানে অংশ নেন।
