রোমে নিরাপত্তার দাবিতে ধর্মঘট ও প্রতিবাদ কর্মসূচি পালিত

দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা, ক্রমবর্ধমান অপরাধপ্রবণতা এবং সাম্প্রতিক একটি হত্যাকাণ্ডের প্রতিবাদে ইতালির রাজধানী রোমের তোর পিগনাটারা এলাকায় ‘ধর্মঘট’ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী এবং বিভিন্ন সামাজিক সংগঠনের ডাকে সন্ধ্যা ৬টা-৭টা পর্যন্ত এক ঘণ্টাব্যাপী এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় ইতালীয় নাগরিকদের পাশাপাশি বিপুল প্রবাসী বাংলাদেশিও অংশগ্রহণ করেন।
প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন ধরে তোর পিগনাটারা এলাকায় চুরি, ছিনতাই ও নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড বেড়েই চলেছে। সাম্প্রতিক একটি নির্মম হত্যাকাণ্ডের ঘটনায় এলাকাবাসীর মধ্যে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে। এই পরিস্থিতিতে এলাকার সার্বিক নিরাপত্তা জোরদার করা এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণের লক্ষ্যে এক ঘণ্টার জন্য দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রেখে এই প্রতীকী ধর্মঘট পালন করা হয়।
কর্মসূচিতে অংশগ্রহণকারী প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরা জানান, তোর পিগনাটারা একটি বহুজাতিক ও ঘনবসতিপূর্ণ এলাকা, যেখানে বহু বাংলাদেশির বসবাস ও ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। নিরাপত্তাহীনতার কারণে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা সব সময় উদ্বেগের মধ্যে থাকেন।
বিক্ষোভ সমাবেশ থেকে অবিলম্বে এলাকায় পুলিশি টহল বৃদ্ধি, সিসিটিভি ক্যামেরা স্থাপন এবং অপরাধীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। দাবি আদায় না হলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন আন্দোলনকারীরা।
