বাংলাদেশে হিন্দু ‘নির্যাতন’ নিয়ে জয়শঙ্করের কাছে নালিশ জানাবেন শুভেন্দু

সম্প্রতি বাংলাদেশের নড়াইলের কালিয়ায় বিএনপির মিছিলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের হামলায় দুই বিএনপি নেতা নিহত হন। এ ঘটনায় বিক্ষুব্ধ জনতা ও বিএনপি নেতাকর্মীরা হামলাকারীদের বাড়িঘরে পাল্টা হামলা চালান। ওই হামলাকে সংখ্যালঘুদের ওপর হামলা বলে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ছড়িয়ে পড়ে।
এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশে হিন্দুদের নির্যাতন হচ্ছে এমন নিশ্চিত দাবি করে কড়া হুঁশিয়ারি দিয়েছেন পশ্চিমবঙ্গের বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রোববার সন্ধ্যায় স্থানীয় সাংবাদিকরা বাংলাদেশের নড়াইলে হিন্দুদের ওপর নির্যাতনের বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন, বাংলাদেশে সংখ্যালঘুদের ওপর নির্যাতনের এ ঘটনায় পশ্চিমবঙ্গেও প্রভাব পড়তে পারে। তাই, বিষয়টি নিয়ে ভারতের কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের নালিশ জানাবেন তিনি।
‘ওখানে যা ঘটছে তা অত্যন্ত বেদনাদায়ক। আমি উদ্বিগ্ন। আমি কালই জয়শংকরকে জানাব। বাংলার বহু মানুষের আত্মীয় বাংলাদেশে রয়েছেন, তারা খুবই উদ্বিগ্ন।’
সীমান্তের ওপারে বাংলাদেশিরা ওত পেতে আছে: শুভেন্দু অধিকারীর
শুভেন্দু আরও বলেন, ‘আমি বিরোধী দলনেতা থাকাকালীন ওদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছিলাম। কিন্তু এখন আমি রাজ্যের প্রশাসনিক প্রধান। ওটা প্রতিবেশী রাষ্ট্র। আমাকে যা করতে হবে, বা বলতে হবে সেটা পররাষ্ট্র দপ্তরের মাধ্যমে করতে হবে। আমি এই নিয়মগুলো মেনে চলি। পররাষ্ট্রনীতি অনুযায়ী আমারও কাজের ক্ষেত্রে কিছু নিয়ন্ত্রণ রয়েছে। আমিও বেলাগাম বা বেনিয়ন্ত্রিতভাবে কাজ করতে পারি না, কথা বলতে পারি না।’
শুভেন্দু দাবি করেন, বাংলাদেশের ঘটনার ছবি এবং ভিডিও এসেছে তার কাছে। অন্তত দুই কোটি মানুষের আত্মীয় ওখানে থাকায় এ রাজ্যেও প্রতিক্রিয়া দেখা যাচ্ছে এবং মানুষ চিন্তিত। এমন পরিস্থিতে বাংলাদেশিদের মেডিকেল ভিসা দেওয়া নিয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা। তবে, বাংলাদেশিদের মেডিকেল ভিসা বন্ধের বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি শুভেন্দু।
তসলিমা নাসরিনের নিরাপত্তার দায়িত্ব নিলেন শুভেন্দু
এদিকে বাংলাদেশ থেকে কোনো হিন্দু ভারতে আশ্রয় নিতে চাইলে তাদেরকে আশ্রয় দেওয়া হবে কি না এমন প্রশ্নের জবাবে শুভেন্দু বলেন, বাংলাদেশ থেকে কোনো হিন্দু তাদের দেশে গেলে তাদেরকে যাতে পুলিশ আটক না করে সে বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলবেন তিনি।
