পরীক্ষায় নকলের ঘটনায় সমালোচনা, পদত্যাগ করলেন দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রী

দক্ষিণ কোরিয়ায় কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে পরীক্ষায় জালিয়াতির ঘটনাকে কেন্দ্র করে তীব্র সমালোচনার মুখে পদত্যাগ করেছেন দেশটির শিক্ষামন্ত্রী চোই কিয়ো-জিন। দক্ষিণ কোরিয়ার গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা ‘সুনেউং’ অনুষ্ঠিত হওয়ার কয়েক দিন আগে এআই-সহায়তায় পরীক্ষায় প্রতারণার ঘটনা প্রকাশ্যে আসার পর ব্যাপক উদ্বেগ ও বিতর্কের সৃষ্টি হয়।
রোববার (২২ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে পদত্যাগের ঘোষণা দেন চোই। তিনি লেখেন, পরীক্ষা বড় ধরনের কোনো ঘটনা ছাড়াই শেষ হয়েছে। তবে দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে আগেভাগে যথাযথ প্রস্তুতি নিতে ব্যর্থ হওয়ার সমালোচনা থেকে তিনি নিজেকে দায়মুক্ত মনে করেন না। এ কারণে তিনি পুরো ঘটনার দায় নিয়ে পদত্যাগ করছেন। খবর এএফপির।
দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং শিক্ষামন্ত্রীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন বলে জানিয়েছে প্রেসিডেন্টের কার্যালয়।
ঘটনার সূত্রপাত গত রোববার। দেশটির জাতীয় কর-হিসাবরক্ষক পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পাওয়া এক পরীক্ষার্থী স্বীকার করেন, ক্ষুদ্রাকৃতির ক্যামেরা ও স্মার্টফোন ব্যবহার করে তিনি প্রায় নিখুঁত ফলাফল অর্জন করেছেন। এর মাত্র চার দিন পর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা সুনেউং।
এ ঘটনায় দেশজুড়ে পরীক্ষায় প্রযুক্তির অপব্যবহার নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি মোকাবিলায় পরীক্ষাকেন্দ্রগুলোতে পাবলিক ওয়াই-ফাই বন্ধ করা এবং পরীক্ষার্থীদের পোশাকের বোতামের ওপর স্টিকার লাগানোর মতো একাধিক সতর্কতামূলক ব্যবস্থা নেয় কর্তৃপক্ষ।
তবে শিক্ষামন্ত্রী চোইয়ের একটি মন্তব্য পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। সোমবার সংসদীয় শুনানিতে ৭২ বছর বয়সী এই মন্ত্রীকে প্রশ্ন করা হয়েছিল, পরীক্ষার দিন সম্ভাব্য জালিয়াতদের শনাক্ত করতে প্রশাসন সক্ষম হবে কি না। জবাবে তিনি বলেন, ‘আমার বয়সের কারণে আমি আত্মবিশ্বাসী নই যে পারব।’
তার এ মন্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। পরীক্ষার আগের দিনগুলোতে আয়োজিত সংবাদ সম্মেলনেও তিনি উপস্থিত হননি। তার পরিবর্তে একজন উপশিক্ষামন্ত্রী পরীক্ষায় জালিয়াতি ঠেকাতে নেওয়া পদক্ষেপগুলো তুলে ধরেন।
বৃহস্পতিবার অনুষ্ঠিত সুনেউং পরীক্ষায় ইলেকট্রনিক ডিভাইস-সংক্রান্ত অনিয়মের ১১১টি ঘটনা শনাক্ত হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এর প্রায় অর্ধেকই ধরা পড়ে পরীক্ষার্থীদের কাছে জমা না দেওয়া স্মার্টফোন শনাক্ত করতে সরকার পাঠানো তিনটি জরুরি সতর্কবার্তার মাধ্যমে।
দক্ষিণ কোরিয়ায় প্রতিবছর অনুষ্ঠিত নয় ঘণ্টার এই পরীক্ষা দেশটির শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ ক্যারিয়ার নির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নামকরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি, ভালো বেতনের চাকরি এমনকি সামাজিক মর্যাদা ও বিয়ের ক্ষেত্রেও এই পরীক্ষার ফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ফলে সুনেউংকে ঘিরে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে ব্যাপক চাপ ও প্রতিযোগিতা দেখা যায়।
এআই প্রযুক্তির অপব্যবহার এবং পরীক্ষার স্বচ্ছতা নিয়ে নতুন করে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই শিক্ষামন্ত্রীর পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষা প্রশাসনে বড় ধরনের আলোচনার জন্ম দিয়েছে।


