logo

দিল্লিতে টানা ভারী বৃষ্টি, রেড অ্যালার্ট জারি

এনডিটিভি
দিল্লিতে টানা ভারী বৃষ্টি, রেড অ্যালার্ট জারি
দিল্লিতে ভারী বৃষ্টির ফলে সোমবার কোমর-সমান পানির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন মানুষ। ছবি: এএনআই

ভারতের রাজধানী নয়াদিল্লিতে ভারী বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। জলমগ্ন রাস্তা, কোমর-সমান পানি আর ধীরগতির যানবাহনে তীব্র যানজটও দেখা দিয়েছে। তবে দুর্যোগের মেঘ এখন কাটেনি। দিল্লিতে আবারও নতুন করে বৃষ্টি শুরু হয়েছে, যা ধরে আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে।

Advertisement

পরিস্থিতি বিবেচনায় ভারতের আবহাওয়া বিভাগ (আইএমডি) রাজধানীর জন্য ‘রেড অ্যালার্ট’ জারি করেছে। একই সঙ্গে দেওয়া হয়েছে বজ্রপাত, দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী, দিল্লির শহরজুড়ে বজ্রপাত, বিদ্যুৎ চমকানো এবং ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে। মধ্য দিল্লি, পূর্ব দিল্লি, নয়াদিল্লি, উত্তর দিল্লি, উত্তর-পূর্ব দিল্লি, শাহদারা, দক্ষিণ দিল্লি, দক্ষিণ-পূর্ব দিল্লি, দক্ষিণ-পশ্চিম দিল্লি এবং পশ্চিম দিল্লিসহ প্রায় সব কয়টি জেলাকেই সতর্কতার আওতায় রাখা হয়েছে।

বিমান চলাচল নিয়ে যাত্রীদের জন্য জারি করা এক বিজ্ঞপ্তিতে দিল্লি বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও আপাতত বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক রয়েছে। তবে সোমবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে তিনটি আন্তর্জাতিক ফ্লাইটসহ মোট ১৫টি ফ্লাইট বিকল্প পথ হিসেবে জয়পুর, চণ্ডীগড় ও লখনউতে পাঠাতে হয়েছিল।

হঠাৎ এই প্রলয়ংকরী বৃষ্টির কারণ হিসেবে আইএমডির আবহাওয়াবিদ ড. শশীকান্ত জানান, শুষ্ক উত্তরী বাতাস ও বঙ্গোপসাগর থেকে আসা আর্দ্রতাপূর্ণ পূর্বী বাতাসের সংযোগই এর মূল কারণ।

তিনি বলেন, ‘একদিকে উত্তর দিক থেকে শুষ্ক ঊর্ধ্বগামী বাতাস প্রবেশ করছে, অন্যদিকে পশ্চিমবঙ্গের কাছাকাছি সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বঙ্গোপসাগর থেকে আর্দ্রতায় ভরা বাতাস প্রবাহিত হচ্ছে। এই দুই বিপরীতমুখী বায়ুপ্রবাহের মিথস্ক্রিয়ার ফলেই তীব্র এই বৃষ্টিপাত ও বজ্রঝড় হচ্ছে।’

এদিকে সোমবার মাত্র এক ঘণ্টার বৃষ্টিতেই দিল্লির পার্শ্ববর্তী গুরুগ্রামের বিস্তীর্ণ এলাকা তলিয়ে যায়। রাজীব চক, আইএফএফসিও চক, রেলওয়ে রোড, ওল্ড দিল্লি রোড ও মেহেরৌলি রোডের মতো গুরুত্বপূর্ণ এলাকাগুলো সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়।

রাস্তায় স্কুলবাস আটকে পড়া ও যান চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটায় গুরুগ্রাম প্রশাসন বিভিন্ন দপ্তরকে কর্মীদের ‘ওয়ার্ক ফ্রম হোম’ করার পরামর্শ দিয়েছে এবং সব স্কুলে অনলাইনে ক্লাস নেওয়ার নির্দেশ জারি করেছে।

দিল্লিতে টানা ভারী বৃষ্টি, রেড অ্যালার্ট জারি