ট্রাম্পের বক্তব্য প্রচারে ‘ট্রাম্প টিভি’ চালু করল হোয়াইট হাউস

যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস সোমবার ‘ট্রাম্প টিভি’ নামে একটি নতুন ২৪ ঘণ্টার ভিডিও সম্প্রচার প্ল্যাটফর্ম চালু করেছে। সপ্তাহের সাত দিনই চালু থাকা এই প্ল্যাটফর্মে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গুরুত্বপূর্ণ বক্তব্য, বিভিন্ন অনুষ্ঠানের ভিডিও, প্রশাসনের ঘোষণা এবং সর্বশেষ কার্যক্রমের আপডেট প্রচার করা হবে।
এএনআই নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, হোয়াইট হাউসের উদ্যোগটির উদ্দেশ্য হলো ট্রাম্প প্রশাসনের গুরুত্বপূর্ণ ভিডিও ও বক্তব্যকে একটি প্ল্যাটফর্মে একত্র করা। পুরোনো গুরুত্বপূর্ণ মুহূর্তের ভিডিওর পাশাপাশি নতুন ঘোষণা ও প্রশাসনের বিভিন্ন কার্যক্রমও এখানে প্রচার করা হবে। হোয়াইট হাউস জানিয়েছে, সাধারণ টেলিভিশনে সম্প্রচার না হওয়া গুরুত্বপূর্ণ কিছু ঘটনাও এই প্ল্যাটফর্মে দেখানো হবে।
হোয়াইট হাউসের এক্স অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে জানানো হয়, ‘ট্রাম্প টিভি’ সরাসরি সম্প্রচার শুরু করেছে। প্ল্যাটফর্মটি ২৪ ঘণ্টা, সপ্তাহে সাত দিন সম্প্রচার করবে এবং নিয়মিত হালনাগাদ করা হবে। এতে ট্রাম্পের আগের গুরুত্বপূর্ণ উপস্থিতি ও বক্তব্যের পাশাপাশি প্রশাসনের ঘোষণা এবং সর্বশেষ খবরও থাকবে।
চালুর পরপরই সেখানে ট্রাম্পের বিভিন্ন জনসম্মুখে উপস্থিতি ও বক্তব্যের পুরোনো ভিডিও দেখানো হয়। এর মধ্যে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে তার শপথ গ্রহণের অনুষ্ঠানও ছিল।
হোয়াইট হাউস ও কয়েকটি বড় সংবাদমাধ্যমের মধ্যে সাংবাদিকদের প্রবেশাধিকার নিয়ে বিরোধের সময়েই নতুন এই প্ল্যাটফর্ম চালু হলো। গত শুক্রবার ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস, এনওডব্লিউ ও পলিটিকোর সাংবাদিকদের হোয়াইট হাউসে প্রবেশে নিষেধাজ্ঞা দেয়। এর পর ওই সংবাদমাধ্যমগুলো ফেডারেল আদালতে প্রশাসনের বিরুদ্ধে মামলা করে।
মামলায় সংবাদমাধ্যমগুলোর অভিযোগ, তাদের সংবাদ প্রকাশের ধরন পছন্দ না হওয়ায় সাংবাদিকদের প্রবেশাধিকার বাতিল করা হয়েছে। তাদের বক্তব্য, কোনো সংবাদমাধ্যম কীভাবে সংবাদ প্রকাশ করে, সেটিকে হোয়াইট হাউসে সাংবাদিকদের প্রবেশের অনুমতির ভিত্তি করা উচিত নয়।
অন্যদিকে, ট্রাম্প নিষেধাজ্ঞার পক্ষে অবস্থান নিয়ে বলেছেন, সংবাদমাধ্যমের দায়িত্ব নিরপেক্ষভাবে সংবাদ প্রকাশ করা। তার দাবি, যেসব সংবাদমাধ্যম ‘ভুয়া খবর’ প্রকাশ করে, তাদের হোয়াইট হাউসে প্রবেশের অনুমতি না দেওয়ার অধিকার প্রশাসনের রয়েছে।
হোয়াইট হাউসও এ সিদ্ধান্তের পক্ষে যুক্তি দিয়েছে। প্রশাসনের বক্তব্য, মার্কিন সংবিধানের প্রথম সংশোধনী সংবাদমাধ্যমকে সংবাদ প্রকাশের অধিকার দিলেও প্রতিটি সংবাদমাধ্যমের জন্য হোয়াইট হাউসের প্রাঙ্গণ, ব্রিফিং কক্ষ বা প্রেস পুলে প্রবেশের নিশ্চয়তা দেয় না।
এই বিরোধের প্রভাব পড়েছে হোয়াইট হাউসের টেলিভিশন প্রেস পুলেও। প্রেসিডেন্টের বিভিন্ন অনুষ্ঠান ও সফরের ভিডিও ধারণ করে তা অন্যান্য সংবাদমাধ্যমের মধ্যে বিতরণের জন্য এই ব্যবস্থা ব্যবহৃত হয়। সাধারণত এবিসি, সিবিএস, সিএনএন, ফক্স ও এনবিসি পালাক্রমে এই দায়িত্ব পালন করে। তবে সিএনএন, এমএস, এনওডব্লিউ ও পলিটিকোর ওপর নিষেধাজ্ঞার পর টেলিভিশন প্রেস পুলের কার্যক্রমও স্থগিত রয়েছে। ফলে প্রেসিডেন্টের কর্মসূচির ভিডিও কভারেজের ক্ষেত্রে নতুন পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে ট্রাম্প বর্তমানে নিউইয়র্কে রয়েছেন। জাতিসংঘের সাধারণ পরিষদের উচ্চপর্যায়ের অধিবেশনে অংশ নিতে তিনি সেখানে গেছেন। হোয়াইট হাউস জানিয়েছে, অধিবেশনে সাধারণ বিতর্কে বক্তব্য দেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে তাঁর।
