বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিম ব্যক্তিত্বের তালিকা প্রকাশ, শীর্ষ দশে যারা

বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকা ‘দ্য মুসলিম ৫০০ : দ্য ওয়ার্ল্ডস ৫০০ মোস্ট ইনফ্লুয়েনশিয়াল মুসলিমস’-এর ২০২৭ সালের ১৮তম সংস্করণ প্রকাশ করা হয়েছে। জর্ডানভিত্তিক রয়্যাল ইসলামিক স্ট্র্যাটেজিক স্টাডিজ সেন্টার (আরআইএসএসসি) প্রকাশিত তালিকায় এবার যৌথভাবে শীর্ষস্থান অধিকার করেছেন সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের পাঁচ নেতা।
তাদের মধ্যে রয়েছেন সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজ আল সৌদ ও যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পাকিস্তানের প্রধানমন্ত্রী মিয়ান মুহাম্মদ শেহবাজ শরিফ ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির এবং তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান।
ইসলামবিষয়ক সংবাদমাধ্যম ইসলামঅনওয়েবের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তান ও তুরস্কের মধ্যে আঞ্চলিক প্রতিরক্ষা সহযোগিতা এবং দেশগুলোর ক্রমবর্ধমান কৌশলগত সম্পর্কের প্রেক্ষাপটে পাঁচ নেতাকে যৌথভাবে শীর্ষস্থান দেওয়া হয়েছে।
দ্য মুসলিম ৫০০’-এর ২০২৭ সালের সংস্করণে গাজার চিকিৎসক ডা. হুসাম আবু সাফিয়াকে ‘ম্যান অব দ্য ইয়ার’ এবং ইরানের মিনাব শহরের স্কুলশিক্ষার্থী ফাতেমেহ জাহরা শেখাবাদিকে ‘ওম্যান অব দ্য ইয়ার’ নির্বাচিত করা হয়েছে। এ ছাড়া তালিকায় জায়গা পেয়েছে বাংলদেশে দুই নারী মানবাধিকারকর্মী ড. হামিদা হোসেন ও রাজিয়া সুলতানা।
ইতিহাসে প্রথমবারের মতো এবারের সংস্করণে যৌথভাবে পাঁচজন রাষ্ট্র ও সামরিক নেতাকে ১ম স্থানে রাখা হয়েছে। ফলে র্যাঙ্কিংয়ে ২য় ও ৩য় স্থান বাদ দিয়ে সরাসরি ৪র্থ স্থান থেকে পরবর্তী ক্রম সাজানো হয়েছে।
চতুর্থ স্থান অধিকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। ২০২৬ সালের মার্চে প্রয়াত আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন।
পঞ্চম স্থানে রয়েছেন জর্ডানের বাদশাহ এবং জেরুজালেমের পবিত্র মুসলিম ও খ্রিস্টান স্থাপনাগুলোর জিম্মাদার হিসেবে দায়িত্ব পালনকারী বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহ ইবনে আল-হুসাইন। এরপরে রয়েছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। আগের ২০২৬ সংস্করণে তিনি তালিকার ১ম স্থানে ছিলেন।
সপ্তম তালিকায় পাকিস্তানের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি মুফতি মুহাম্মদ তাকি উসমানি। ইয়েমেনের তারিমের প্রখ্যাত শিক্ষাপ্রতিষ্ঠান দার আল-মুস্তফার প্রতিষ্ঠাতা ও পরিচালক শেখ আল-হাবিব ওমর বিন হাফিজ অধিকার করেছেন অষ্টম স্থান।
নবম স্থানে রয়েছেন সুন্নি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান বিদ্যাপীঠ মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ এবং আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম ড. আহমদ মুহাম্মদ আল-তাইয়্যেব। ১০ম স্থানে সুন্নি মুসলিম বিশ্বের অন্যতম প্রধান বিদ্যাপীঠ মিশরের আল-আজহার বিশ্ববিদ্যালয়ের গ্র্যান্ড শেখ এবং আল-আজহার মসজিদের গ্র্যান্ড ইমাম শেখ আবদুল্লাহ বিন বাইয়্যাহ রয়েছেন।
উল্লেখযোগ্য ব্যক্তিদের মধ্যে রয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ১৩তম স্থানে রয়েছেন। ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট প্রবোও সুবিয়ান্তো রয়েছেন ১৬তম স্থানে। এ ছাড়া, নাহদলাতুল উলামার চেয়ারম্যান ইয়াহিয়া চোলিল স্তাকুফ ২১তম ও ইন্দোনেশিয়ার ইসলামি পণ্ডিত হাবিব লুতফি বিন ইয়াহিয়া ৩১তম স্থানে রয়েছেন।
বিশ্বের প্রায় ২২০ কোটি মুসলিমের ওপর রাজনৈতিক, আদর্শিক, সাংস্কৃতিক ও আর্থিক প্রভাব বিস্তারের ক্ষমতার ভিত্তিতে এই তালিকা প্রস্তুত করা হয়। সামাজিক সূচক, জনমত এবং বিশেষজ্ঞদের পর্যালোচনার পাশাপাশি ব্যক্তির সামগ্রিক জীবনের অবদানকে এতে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে।
তবে প্রকাশকদের মতে, তালিকায় কারও নাম অন্তর্ভুক্তির অর্থ তার মতামত বা কর্মকাণ্ডের প্রতি অনুমোদন নয়; বরং মুসলিম বিশ্বে তার প্রভাবের একটি পরিমাপমাত্র।
(2)-6182f1.jpg)



