জাকির নায়েকের প্রত্যপর্ণ নিয়ে মোদির সঙ্গে কথা হয়েছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

জনপ্রিয় ধর্মপ্রচারক ডা. জাকির নায়েকের প্রত্যপর্ণের বিষয় নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। তিনি জানান, উভয় দেশের স্বার্থ রক্ষার্থে বিষয়টি অত্যন্ত গোপন রাখা উচিত।
শনিবার (১২ সেপ্টেম্বর) ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের পর সম্প্রচারমাধ্যম এনডিটিভি-কে এসব কথা বলেন তিনি। আনোয়ার ইব্রাহিম বলেন, ‘ব্যক্তিগত আলোচনায় অবশ্যই এই সম্পৃক্ততাগুলো অব্যাহত থাকে।’
মালয়েশিয়ার প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ভেবেছিলাম, উভয় দেশের স্বার্থ রক্ষার জন্য (জাকির নায়েকের প্রত্যপর্ণ) বিষয়টি অত্যন্ত গোপন রাখা উচিত। কিন্তু আমাদের দেশগুলোর মধ্যে আস্থা ও সম্পর্ক গড়ে তোলার জন্য আমরা অবশ্যই এটিকে অগ্রাধিকারের তালিকায় রেখেছি।’
উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকস শীর্ষ সম্মেলনে অংশ নিতে নয়াদিল্লিতে অবস্থানকালে তিনি বলেন, মালয়েশিয়াকে আইনের শাসন নিশ্চিত করতে হবে। এ বিষয়ে (প্রত্যর্পণের দাবি) আমাদের কিছুটা ধারণা আছে, কিন্তু আমাদের এটি অত্যন্ত সতর্কতার সঙ্গে করতে হবে। আইনের শাসন এবং এই দ্বিপক্ষীয় সম্পর্কের গুরুত্বকে সম্মান করতে হবে।
ভারতীয় ইসলামি ধর্মপ্রচারক জাকির নায়েক মালয়েশিয়ায় স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাস করছেন। অন্যদিকে ভারতের পক্ষ থেকে ইসলাম প্রচারক জাকির নায়েকের বিরুদ্ধে অভিযোগ হলো ‘ধর্মীয় উসকানি’, ‘সন্ত্রাসী কার্যক্রমে প্ররোচনা’ এবং ‘অর্থ পাচার’। ২০১৬ সাল থেকে তিনি ভারতে ওয়ান্টেড বা পলাতক হিসেবে তালিকাভুক্ত আছেন।
ভারতীয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে, তার পরিচালিত ইসলামিক রিসার্চ ফাউন্ডেশন ও পিস টিভিসহ সংশ্লিষ্ট নেটওয়ার্কের বিরুদ্ধে তদন্ত শুরু করার পর জাকির নায়েক ২০১৬ সালে মালয়েশিয়ায় চলে যান। পরে তাকে স্থায়ী বসবাসের অনুমতি দেওয়া হয়। পরের বছর তার পাসপোর্ট বাতিল করে ভারত সরকার।
ভারত আনুষ্ঠানিকভাবে মালয়িশিার কাছে তার প্রত্যর্পণের অনুরোধ জানিয়েছে। তবে মালয়েশিয়া জানিয়েছে, সুনির্দিষ্ট ও বিশ্বাসযোগ্য প্রমাণ উপস্থাপন করা হলে তারা প্রতিষ্ঠিত আইনি চ্যানেলের মাধ্যমে সহযোগিতা করবে। ইন্টারপোলও এর আগে পর্যাপ্ত প্রমাণের অভাবে তার বিরুদ্ধে ‘রেড নোটিশ’ জারি করতে অস্বীকৃতি জানিয়েছিল।
