logo

১৮ বছর পর প্যারিসে পোপ লিওঁ ১৪

সাইফুল ইসলাম রনি
সাইফুল ইসলাম রনিফ্রান্স
১৮ বছর পর প্যারিসে পোপ লিওঁ ১৪
প্যারিসে পোপ লিওঁ ১৪। ছবি: সংগৃহীত

শুক্রবার পোপ লিওঁ ১৪-এর আগমনকে ঘিরে কঠোর নিরাপত্তাবলয়ে ঢেকে দেয়া হয়েছে ফ্রান্সের রাজধানী প্যারিস। পোপের দুই দিনের প্যারিস সফরকে কেন্দ্র করে শহরের গুরুত্বপূর্ণ সড়ক, পর্যটন এলাকা, নদীপথ ও গণপরিবহনে ব্যাপক বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে একাধিক মেট্রো ও আরইআর স্টেশন বন্ধ থাকবে। একই সঙ্গে পোপের যাত্রাপথের আশপাশে যানবাহন চলাচল ও পার্কিংয়েও থাকবে নিয়ন্ত্রণ।

ভ্যাটিকানের নির্ধারিত কর্মসূচি অনুযায়ী, শুক্রবার স্থানীয় সময় সকাল ১০টায় প্যারিসের ওরলি বিমানবন্দরে পৌঁছাবেন পোপ লিওঁ। সেখানে আনুষ্ঠানিক স্বাগত জানানোর পর তিনি যাবেন ফরাসি প্রেসিডেন্টের সরকারি বাসভবন এলিসি প্রাসাদে।

সকাল ১১টায় প্রেসিডেন্টের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং এর পর ফরাসি কর্তৃপক্ষ, নাগরিক সমাজ ও কূটনৈতিক প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন তিনি। দুপুর ৩টায় পোপ যাবেন ইউনেস্কোর সদর দপ্তরে। সেখানে তাঁর বক্তব্য দেওয়ার কথা রয়েছে। এরপর বিকেল সোয়া ৫টার দিকে তিনি ঐতিহাসিক নোত্র-দাম ক্যাথেড্রালে বিশপ, পুরোহিত, ডিকন, সন্ন্যাসী ও সেমিনারিয়ানদের সঙ্গে ভেসপারস প্রার্থনায় অংশ নেবেন। দিনের শেষ কর্মসূচি হিসেবে রাত ৯টায় সাঁ-দেনির স্তাদ দ্য ফ্রান্সে তরুণদের সঙ্গে প্রার্থনা অনুষ্ঠানে যোগ দেবেন তিনি।

পোপের সফরকে সামনে রেখে প্যারিস পুলিশ একাধিক এলাকায় বিশেষ সুরক্ষা বলয় নির্ধারণ করেছে। শহর কর্তৃপক্ষ জানিয়েছে, ২৫ ও ২৬ সেপ্টেম্বর পোপের কর্মসূচিকে কেন্দ্র করে প্যারিসের বিভিন্ন অংশে যান চলাচল ও পার্কিংয়ে বিধিনিষেধ থাকবে।

বিশেষ করে নোত্র-দাম ক্যাথেড্রাল ও এর আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা থাকবে কঠোর। শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত সেখানে বিশেষ নিরাপত্তা বলয় কার্যকর থাকবে। ইল দ্য লা সিতে, ইল সাঁ-লুই এবং সেন নদীর কয়েকটি অংশেও যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। নদীপথের নির্দিষ্ট অংশেও সাময়িকভাবে নৌযান চলাচল বন্ধ থাকবে।

পোপের ‘পাপামোবিল’ যাত্রাকে ঘিরেও প্যারিসের পঞ্চম ও ষষ্ঠ প্রশাসনিক এলাকায় আলাদা নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। শুক্রবার বিকেল থেকে নোত্র-দাম-দে-শঁ গির্জা এলাকা থেকে সাঁ-মিশেল পর্যন্ত পোপের জনসম্মুখে যাত্রার কথা রয়েছে। এ পথের আশপাশে আগেই পার্কিং নিষিদ্ধ করা হয়েছে এবং নির্দিষ্ট সময়ের জন্য যান চলাচল বন্ধ থাকবে।

পোপের সফরের কারণে বিশ্বের অন্যতম পরিচিত স্থাপনা নোত্র-দাম ক্যাথেড্রালও সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ রাখা হচ্ছে। প্যারিস নগর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২৪ ও ২৫ সেপ্টেম্বর পুরো দিন ক্যাথেড্রালটি বন্ধ থাকবে। ২৬ সেপ্টেম্বর বিকেল ৫টা থেকে রাত ১০টা পর্যন্ত সীমিতভাবে এটি খোলা হবে। একই দিনে কনসিয়ার্জেরি ও সাঁত-শাপেলও সাধারণ দর্শনার্থীদের জন্য বন্ধ থাকবে।

২০১৯ সালের ভয়াবহ অগ্নিকাণ্ডের পর পুনর্নির্মাণ করা নোত্র-দামে পোপ লিওঁ-এর এই সফর বিশেষ তাৎপর্য বহন করছে। এটি হবে অগ্নিকাণ্ডের পর ক্যাথেড্রালটিতে কোনো পোপের প্রথম সফর।

পোপের সফরের প্রভাব পড়বে প্যারিসের গণপরিবহনেও। শুক্রবার ও শনিবার একাধিক মেট্রো ও আরইআর স্টেশন সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত হয়েছে। ফলে কর্মস্থলে যাতায়াতকারী, পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের জন্য স্বাভাবিক যাতায়াত ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

প্যারিস কর্তৃপক্ষ বাসিন্দাদের আগেভাগে যাতায়াতের পরিকল্পনা করতে এবং সম্ভব হলে বিকল্প রুট ব্যবহারের পরামর্শ দিয়েছে। পোপের পাপামোবিল যাত্রা, নোত্র-দাম এলাকায় ধর্মীয় অনুষ্ঠান এবং অন্যান্য কর্মসূচির সময় নিরাপত্তা পরিস্থিতি অনুযায়ী বিধিনিষেধের পরিধি পরিবর্তিত হতে পারে।

শুক্রবার রাতের সবচেয়ে বড় জনসমাগম হবে সাঁ-দেনির স্তাদ দ্য ফ্রান্সে। সেখানে পোপ লিওঁ তরুণদের সঙ্গে প্রার্থনা অনুষ্ঠানে অংশ নেবেন। আয়োজকদের হিসাবে, ১৭ থেকে ৩৫ বছর বয়সী ৮০ হাজারের বেশি তরুণ এই অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে।

প্যারিসের আর্চডায়োসিস জানিয়েছে, অনুষ্ঠানটি শুক্রবার রাত ৯টায় শুরু হবে। বিপুল জনসমাগম এবং নিরাপত্তা ব্যবস্থার কারণে স্টেডিয়ামমুখী গণপরিবহন ব্যবহারে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে।

শুক্রবারের কর্মসূচির পর শনিবারও প্যারিসে পোপের একাধিক গুরুত্বপূর্ণ আয়োজন রয়েছে। সকাল ৯টায় তিনি যাবেন Maison Bakhita-তে, যেখানে অভিবাসী ও সমাজের প্রান্তিক মানুষের সঙ্গে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে তাঁর সাক্ষাতের কথা রয়েছে। এরপর ইনস্টিটিউট ক্যাথলিক দ্য প্যারিসে ক্যাটেকুমেন, নতুন ধর্মান্তরিত ও ধর্মীয় প্রতিনিধিদের সঙ্গে দেখা করবেন তিনি।

শনিবার বিকেল ৩টায় প্লাস দ্য লা কনকর্দে উন্মুক্ত ধর্মীয় অনুষ্ঠানে পোপের নেতৃত্বে বিশেষ প্রার্থনা ও পবিত্র মিসা অনুষ্ঠিত হবে। এ আয়োজনে বিপুলসংখ্যক মানুষের অংশগ্রহণের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্যারিসের ডায়োসিস জানিয়েছে, এই অনুষ্ঠানের জন্য প্রায় ৬ লাখ মানুষ নিবন্ধন করেছেন।

ফ্রান্স সফরটি পোপ লিওঁর জন্যও গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক সফর হিসেবে দেখা হচ্ছে। ২৫ থেকে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত তাঁর ফ্রান্স সফরের কর্মসূচিতে প্যারিসের পাশাপাশি লুর্দ ও মেত্‌জও রয়েছে। প্যারিসে রাষ্ট্রীয় ও ধর্মীয় কর্মসূচির পাশাপাশি ইউনেস্কো সফরও রয়েছে।

ইউনেস্কোতে তাঁর বক্তব্যের সম্ভাব্য বিষয়গুলোর মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা, মানবিক মর্যাদা এবং প্রযুক্তির সামাজিক প্রভাবের মতো বৈশ্বিক বিষয় রয়েছে বলে রয়টার্স জানিয়েছে। একই সঙ্গে সফরটি ফরাসি ক্যাথলিক চার্চের জন্যও তাৎপর্যপূর্ণ। পোপের সফর এমন এক সময়ে হচ্ছে, যখন ফ্রান্সে চার্চের অতীত যৌন নির্যাতনের ঘটনা নিয়ে দীর্ঘদিন ধরে জবাবদিহি ও সংস্কারের দাবি রয়েছে।

শুক্রবার প্যারিসে শুধু একজন ধর্মীয় নেতার আগমন নয়, বরং নিরাপত্তা, ধর্মীয় অনুষ্ঠান, কূটনীতি, আন্তর্জাতিক সংলাপ ও নগরজীবনের ওপর বড় ধরনের প্রভাব ফেলতে যাচ্ছে একটি বহুমাত্রিক সফর। রাজধানীর বাসিন্দা ও পর্যটকদের জন্য তাই শুক্রবারের প্যারিস হবে স্বাভাবিক দিনের চেয়ে অনেকটাই ভিন্ন এক শহর।