শেনজেন অঞ্চলে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পাচ্ছেন ৫ দেশের নাগরিকরা

ইউরোপের শেনজেন অঞ্চলে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ পেতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের উপসাগরীয় পাঁচ দেশ। অর্থাৎ সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতার। এসব দেশের নাগরিকদের জন্য ভিসামুক্ত ভ্রমণের প্রক্রিয়া শুরুর প্রাথমিক সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। তবে প্রক্রিয়াটি শুরু হলেও এখনই কোনো দেশকে চূড়ান্ত ভিসা অব্যাহতি দেওয়া হয়নি।
ভিসা-সংক্রান্ত সংবাদমাধ্যম ভিসানিউজের প্রতিবেদনে বলা হয়েছে, গত ১৯ অক্টোবর ইইউ কাউন্সিল পাঁচটি পৃথক সিদ্ধান্ত গ্রহণ করে। সিদ্ধান্ত অনুযায়, উপসাগরীয় পাঁচ দেশের সঙ্গে ভিসা ফ্রি প্রক্রিয়া চালুর কৌশলগত পদক্ষেপকে সবুজ সংকেত দেওয়া হয়েছে।
তবে ভিসার শর্ত তুলে নেওয়ার আগে সংশ্লিষ্ট দেশগুলোকে নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। ভ্রমণ নথির নিরাপত্তা, সীমান্ত ব্যবস্থাপনা, অভিবাসন পরিস্থিতি এবং নিরাপত্তা সহযোগিতাসহ বিভিন্ন বিষয় মূল্যায়ন করা হবে। এ ছাড়া ভিসামুক্ত ভ্রমণ চালুর জন্য ইউরোপীয় ইউনিয়নের প্রয়োজনীয় আইনি সিদ্ধান্তও নিতে হবে।
প্রতিবেদনে বলা হয়েছে, এ উদ্যোগের ফলে আপাতত ভ্রমণকারীদের জন্য কোনো নিয়ম পরিবর্তন হচ্ছে না। আনুষ্ঠানিকভাবে ভিসামুক্ত ভ্রমণের অনুমতি কার্যকর না হওয়া পর্যন্ত সৌদি আরব, বাহরাইন, কুয়েত, ওমান ও কাতারের নাগরিকদের শেনজেন ভিসা নিতে হবে। এ বিষয়ে কার্যকরের কোনো নির্দিষ্ট তারিখও ঘোষণা করা হয়নি।
উপসাগরীয় সহযোগিতা সংস্থার (জিসিসি) সদস্য দেশগুলোর মধ্যে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকেরা ২০১৫ সাল থেকেই শেনজেনভুক্ত দেশগুলোতে ভিসামুক্ত ভ্রমণের সুবিধা উপভোগ করছেন। নতুন উদ্যোগটি সফল হলে ওই অঞ্চলের বাকি পাঁচ দেশের নাগরিকেরাও ইউরোপের সংক্ষিপ্ত ভ্রমণের ক্ষেত্রে ভিসা সুবিধা পাবেন।
তবে আনুষ্ঠানিক ঘোষণা ও ইইউ-র সব ধাপের আইনগত অনুমোদন না হওয়া পর্যন্ত এসব দেশের ভ্রমণকারীদের জন্য পূর্বের নিয়ম অনুযায়ী ভিসা সংগ্রহ করেই ইউরোপ যাত্রা করতে হবে।


